মিয়াঁদাদকে পাশে পেলেন আজমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিসির ব্যাপারে আজমলের সঙ্গে পুরোপুরি একমত মিয়াঁদাদ। ফাইল ছবি
আইসিসির ব্যাপারে আজমলের সঙ্গে পুরোপুরি একমত মিয়াঁদাদ। ফাইল ছবি

আইসিসির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন সাঈদ আজমল। আইসিসি নাকি ইচ্ছে করেই পাকিস্তানের বোলারদের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলছে। যেটির শিকার তিনিও। আজমলের এই মন্তব্য নিয়ে ঝড় উঠেছে ক্রিকেট বিশ্বে। পাকিস্তান ক্রিকেট বোর্ড শশব্যস্ত হয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এই অফ স্পিনারকে। যাতে আবার খুব চটেছেন জাভেদ মিয়াঁদাদ। আজমলের মন্তব্যকে সমর্থন করে তাঁকে কারণ দর্শানো নোটিশ দেওয়ায় উল্টো পিসিবিরই সমালোচনা করেছেন তিনি।
অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে গত বছরের সেপ্টেম্বরে নিষিদ্ধ হয়েছিলেন আজমল। বোলিং অ্যাকশন শুধরে ফিরলেও এরপর আর খুঁজে পাওয়া যায়নি আগের আজমলকে। গত এপ্রিলের বাংলাদেশ সফরের পর থেকেই দল থেকে ব্রাত্য হয়ে পড়েছেন তিনি। ‘হতাশ’ আজমল খানিকটা দায় তুলে দিলেন আইসিসির কাঁধেও। পাকিস্তানের বিপক্ষে ষড়যন্ত্র করা হচ্ছে, এমন ইঙ্গিত করে বলেছেন, ‘বিশ্বকাপের ঠিক আগেই আমাকে ও হাফিজকে নিষিদ্ধ করা হলো।’ প্রশ্ন তুলেছেন ভারতের অফ স্পিনার হরভজন সিংয়ের বোলিং অ্যাকশন নিয়েও, ‘তারা যদি এখন ঠিকঠাক পরীক্ষা নেয় হরভজনের, আমি নিশ্চিত বলে দিতে পারি সে ১৫ ডিগ্রি সীমা অতিক্রম করবে।’ তবে আইসিসি আজমলের দাবি উড়িয়ে বলেছে, সব দেশের খেলোয়াড়দেরই সমানভাবে বিচার করা হয়।
জাভেদ মিয়াঁদাদ অবশ্য তা মানছেন না। আজমলের মতো তাঁরও অভিযোগ, আইসিসি যেখানে শুধু পাকিস্তানের বোলারদের বোলিং অ্যাকশন নিয়ে ক্রমাগত প্রশ্ন তুলছে, সেখানে ভারতীয় বোলাররা ছাড় পেয়ে যাচ্ছেন। আজমলকে কারণ দর্শানো নোটিশ দেওয়ার সমালোচনা করে বলেছেন, এমনিতেই দলে ঢুকতে না পেরে মানসিকভাবে বিধ্বস্ত আজমল। এ অবস্থায় বোর্ডের উচিত আজমলকে সমর্থন দেওয়া। তা না করে উল্টো এমন নোটিশ পাঠিয়ে তাঁকে আরও বিপর্যস্ত করে দেওয়া হয়েছে। সূত্র: এএনআই