মিয়াঁদাদের আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাভেদ মিয়াঁদাদ
জাভেদ মিয়াঁদাদ

পাকিস্তান ক্রিকেটে সমস্যা অজস্র। কোনটা ছেড়ে কোনটার কথা বলবেন জাভেদ মিয়াঁদাদ। এই দেশটিতে ক্রিকেট বোর্ড অস্থিতিশীল। বোর্ডের সদস্যরাও বোধ করি সঠিক করে বলতে পারবেন না, কখন তাঁদের চেয়ার থাকে, কখন থাকে না। তাঁরাও খেই হারিয়ে ফেলেন কখন কে এই বোর্ডের সভাপতির পদে দায়িত্ব গ্রহণ করেন, আর কখন কে এই পদ থেকে পদত্যাগ করেন। এমন পরিস্থিতিতে ভালো দল গঠন কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ, ‘প্রতিষ্ঠান যদি ভালো না হয়, তাহলে সেই প্রতিষ্ঠানলব্ধ পণ্য কোনোমতেই ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক পারফরম্যান্স তা-ই নির্দেশ করছে।’
মিয়াঁদাদ কথাগুলো বলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পটভূমিতে। পাকিস্তান ক্রিকেটের কোনো ব্যর্থতাই তাঁকে এখন আর অবাক করে না, ‘আমি মোটেও অবাক হইনি এই পারফরম্যান্সে। কোনো কিছুই এখন আর আমাকে অবাক করে না। যে দেশের ঘরোয়া ক্রিকেটের মান দুর্বল, ঘরোয়া ক্রিকেটের কোনো প্রভাব জাতীয় দলের ওপর নেই, সে দল জিম্বাবুয়ের মতো দুর্বল প্রতিপক্ষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারে, কিন্তু শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে তো তার দাঁড়াতে পারারই কথা নয়।’
শ্রীলঙ্কার বিপক্ষে যাচ্ছেতাই পারফরম্যান্সে নিজের ক্ষোভ প্রকাশ করতে গিয়ে বারবারই গোড়ায় গলদের কথা বলেছেন পাকিস্তান ক্রিকেটের সাবেক এই ‘গ্রেট’, ‘পাকিস্তান ক্রিকেটে কোনো কিছুই ঠিকভাবে চলছে না। একটা ক্রিকেট বোর্ড আছে, রাজনীতি আর ভুলনীতি দিয়েই চলছে সেই বোর্ড। প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে সভাপতি, পুরো ব্যবস্থাপনা। এই বোর্ডের তো ক্রিকেট নিয়ে ভালো কিছু চিন্তা করারই সময় নেই।’
শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান দাঁড়াতেই পারেনি। ব্যাপারটা খুব অবাক করেনি মিয়াঁদাদকে, ‘শ্রীলঙ্কা দলে মাহেলা জয়াবর্ধনে কিংবা কুমার সাঙ্গাকারার মতো ক্রিকেটার দিনের পর দিন পারফরম করে যাচ্ছে। পাকিস্তানে এমন খেলোয়াড় কোথায়?’
প্রায় ছয় মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেই ব্যর্থতার গ্লানি গায়ে মেখেছে পাকিস্তান দল। এর মাঝে বাংলাদেশের এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর দলের কোচিং স্টাফে ব্যাপক পরিবর্তন করেও শেষরক্ষা হয়নি পাকিস্তানের। পুরো বিষয়টিই কৌতুকের দৃষ্টিতে দেখেন মিয়াঁদাদ, ‘জাতীয় দলে খেলা ক্রিকেটারদের আপনি কখনোই নতুন করে কিছু শেখাতে পারবেন না। শেখানো সম্ভবও নয়। এটা বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের ক্ষেত্রে সম্ভব। ঘরোয়া ক্রিকেটে আমূল উন্নতি না করলে এমন অবস্থা চলতেই থাকবে। আমার কাছে অবাক লাগে, জাতীয় দলে নির্বাচিত ব্যাটসম্যানরাই পাকিস্তানের সেরা ব্যাটসম্যান। এদেরই যদি এই অবস্থা হয়, তাহলে ভেবে দেখুন, যারা দলে নেই তাদের কী অবস্থা!’ তথ্য সূত্র: ডেইলি টাইমস, পাকিস্তান।