মিয়াঁদাদের সহানুভূতি নেই আমিরদের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিররা ক্ষমা পাচ্ছেন না মিয়াঁদাদের কাছে। ছবি: ফাইল ছবি
আমিররা ক্ষমা পাচ্ছেন না মিয়াঁদাদের কাছে। ছবি: ফাইল ছবি

সেপ্টেম্বরেই গেরো খুলছে সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের। স্পট ফিক্সিংয়ের দায়ে ক্রিকেট থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে এই ত্রয়ীর। কিন্তু এই তিন ক্রিকেটার আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন কিনা, এ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা-বিতর্ক।
মোহাম্মদ আমির ফিরেছেন নির্বাসন থেকে। স্থানীয় ক্রিকেটে মাঠেও নামা হয়ে গেছে তাঁর। আশা করছেন জাতীয় দলে ফেরারও। বাট-আসিফও আমিরের মতোই স্বপ্ন দেখছেন নিজেদের ফিরে পাওয়ার। কিন্তু অনেকের মতোই, পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ নারাজ এই তিন ক্রিকেটারের প্রত্যাবর্তনে। মিয়াঁদাদের মতে, এই তিন ক্রিকেটারকে ফেরানো মানেই নতুন করে বদনাম বয়ে নিয়ে বেড়ানো। মিয়াঁদাদ মনে করেন, এই তিন ক্রিকেটারের অপরাধ অনেক গুরুতর। যেকোনো পর্যায়েই এদের খেলতে দেওয়া খুব ভুল একটি সিদ্ধান্ত হবে।
মিয়াঁদাদ নিজেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে রীতিমতো আরজিই জানিয়েছেন, ‘জুয়ারিদের সঙ্গে মিলে যারা দেশের নাম ডুবিয়েছে, তাদের যেন আবার বরণ করে নেওয়া না হয়। এদের দ্বিতীয়বার সুযোগ দেওয়াটা হবে সততার সঙ্গে খেলে যাওয়া অন্যান্য ক্রিকেটারদের প্রতি এক ধরনের অবিচার।’
মিয়াঁদাদ বিশ্বের অন্যান্য খেলার ‘পাপী’দের উদাহরণও টেনেছেন, ‘অতীতে এসব কারণে আন্তর্জাতিক ফুটবলের বা অন্য খেলার অনেকেই খেলার মাঠ থেকে হারিয়ে গেছে। তাদের অপরাধ ছিল দেশ ও খেলার সঙ্গে তারা প্রতারণা করেছিল। তাদের পদক, সম্মান সবই কেড়ে নেওয়া হয়েছে। এখন কেউই তাদের চেনে না। অথচ আমরা এই তিন অপরাধী ক্রিকেটারকে ফিরিয়ে নেওয়ার চিন্তা-ভাবনা করছি। পিসিবির প্রতি তাই আমার আবেদন, অপরাধীদের প্রতি কোনো প্রকার সহানুভূতি যেন দেখানো না হয়।’ সূত্র: ডেইলি টাইমস, পাকিস্তান।