মুক্ত সেনানায়েকে ও উইলিয়ামসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছিল দুজনেরই। সাময়িকভাবে নিষিদ্ধও হয়েছিলেন তাঁরা দুজন। তবে সেই অ্যাকশন শুধরে পুনঃপরীক্ষায় পাস করেই আবার বল করার অনুমতি পেলেন শ্রীলঙ্কার সাচিত্রা সেনানায়েকে ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।
গত জুনে শ্রীলঙ্কার ইংল্যান্ড সফরের সময় বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছিল সেনানায়েকের। প্রায় একই সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন প্রশ্ন ওঠে উইলিয়ামসনকে নিয়েও। এর মাস খানেক পর আইসিসির শুদ্ধি অভিযানের খড়্গে পড়ে দুই অফ স্পিনারই বোলিং থেকে নিষিদ্ধ হন সাময়িকভাবে। তবে গত মাসে চেন্নাইতে আইসিসির স্বীকৃত ল্যাবে বোলিং অ্যাকশনের পুনঃপরীক্ষা দিয়েছিলেন দুজন। আইসিসি জানিয়েছে, বল করার সময় এ দুই বোলারের কনুই এখন ১৫ ডিগ্রির মধ্যেই থাকে। নিষেধাজ্ঞাও তাই থাকছে না আর।
আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো বোলার নিষিদ্ধ হওয়ার সময় থেকে পরবর্তী দুই বছরের মধ্যে যদি আবার অভিযুক্ত হন এবং অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তিনি কমপক্ষে এক বছরের জন্য আবার বোলিং থেকে নিষিদ্ধ হবেন। ক্রিকইনফো।