মুখ খুললেন কুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিটারসেনের মহাবিতর্কিত আত্মজীবনী নিয়ে আলোচনার ঝড় উঠেছে বেশ কয়েক দিন আগে থেকেই। অথচ ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক ছিলেন নিশ্চুপ। সতীর্থের কালির আঁচড়ে কি খানিকটা হকচকিতই হয়ে গিয়েছিলেন কুক? নইলে ইংলিশ ক্রিকেট তোলপাড় হয়ে যাওয়ার পরও মুখ বুজে থাকবেন কেন! শেষ পর্যন্ত অবশ্য আর তা থাকেননি, শনিবার বিবৃতি দিয়ে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। যেটি অধিনায়কোচিতই, ‘ইংল্যান্ডের অসাধারণ সাফল্যের ওই যুগকে কলঙ্কিত করেছে ওর আত্মজীবনী। আমি খুবই মর্মাহত।’
পিটারসেনের আত্মজীবনীতে তাঁর নিজের ক্রিকেটীয় কীর্তির কথা ছাপিয়ে অন্যদের প্রতি বিষোদগারই হয়ে উঠেছে মূল বিষয়। সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ার থেকে শুরু করে সহখেলোয়াড়দের অনেকেই শিকার হয়েছেন তাঁর ঝাঁজালো আক্রমণের। কখনো কখনো তা ভদ্রতার সীমাও অতিক্রম করেছে। তবে কুকের প্রতিক্রিয়া অনুমিতভাবেই তাঁর ব্যক্তিত্বের সঙ্গে মানানসই, ‘সত্যিই আমি গর্বিত, এমন এক সময়ে ইংল্যান্ড দলে খেলেছি। তিনটি অ্যাশেজ জিতেছি, টেস্টে বিশ্বের এক নম্বর দল হয়েছি, দারুণ সব খেলোয়াড়ের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি।’
সাবেক অধিনায়ক স্ট্রাউস ও কোচ ফ্লাওয়ার সম্পর্কে পিটারসেনের মনে আর যা-ই থাক, বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ নেই। সেখানে কুকের কণ্ঠে তাঁদের জন্য বিনীত শ্রদ্ধা, ‘আমি দারুণ ভাগ্যবান যে অ্যান্ড্রু স্ট্রাউস ও অ্যান্ডি ফ্লাওয়ারের মতো দুই ব্যক্তিত্বের অধীনে খেলতে পেরেছি।’ ইংল্যান্ড দলে উৎপীড়নের সংস্কৃতি নিয়ে পিটারসেনের অভিযোগেরও জবাব দিয়েছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট খুবই কঠিন একটা জায়গা। এখানে দল হিসেবে সব সময় সেরাটাই নিংড়ে দিতে হয়। ভালো করার তাড়না থেকেই হয়তো কিছু বাজে ব্যবহারের ঘটনা ঘটে থাকবে। তা কি কখনো কখনো সীমা ছাড়িয়ে গেছে? হয়তো, কিন্তু এমনটা প্রতি দলেই হয়। তাই বলে একে কোনোভাবেই উৎপীড়নের পরিবেশ বলা যাবে না।’
পিটারসেনের প্রায় সবগুলো অভিযোগই শান্তভাবে খণ্ডন করেছেন কুক। কিন্তু সতীর্থ ম্যাট প্রায়রকে নিয়ে করা সমালোচনার প্রতিক্রিয়ায় কুকের কণ্ঠে ঝাঁজই, ‘সম্ভবত সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছি আমি এই ব্যাপারটায়। তাঁকে মানুষ মনে রাখবে একজন টিমম্যান হিসেবে, যে ইংলিশ ক্রিকেটের জন্য তাঁর সর্বস্ব দিতে পারে। দলই তাঁর কাছে সবকিছু।’ এএফপি, ডেইলি মেইল।