মুখ খুললেন বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েও বাদ পড়া মনসুর
ওয়ানডে অভিষেকেই শেষ ওয়ানডে ক্যারিয়ার। টি-টোয়েন্টিতেও তা–ই! পাকিস্তানি অলরাউন্ডার মনসুর আমজাদের কপাল খারাপ বলতেই হয়। দেশের হয়ে খেলা দুই ম্যাচে যে খুব খারাপ করেছেন, তা–ও নয়।
ওয়ানডে অভিষেকে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। মনসুরের টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল বাংলাদেশের বিপক্ষে ২০০৮ সালে। সে ম্যাচে তিনি বল করেন মাত্র ১ ওভার, ৩ রানে নেন ৩ উইকেট। তবু পাকিস্তানের হয়ে আর খেলা হয়নি ৩৩ বছর বয়সী মনসুরের।
এখনো বিষয়টি মেনে নিতে পারেননি মনসুর। সম্প্রতি পাকিস্তানি সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে নিজের হতাশা প্রকাশ করেন তিনি, ‘আমি হতভম্ব হয়ে গিয়েছি, যখন মাত্র ২ ম্যাচ পর আমাকে বাদ দেওয়া হয়। আমি এখনো বিশ্বাস করতে পারি না, ৩ রানে ৩ উইকেট নেওয়ার পর পাকিস্তানের হয়ে এরপর আর টি-টোয়েন্টি খেলিনি।’
মনসুর পাকিস্তানের বয়সভিত্তিক ক্রিকেটের ফল। প্রায় ৬-৭ বছরের বিনিয়োগের পর একজন ক্রিকেটারকে কীভাবে মাত্র ২ ম্যাচ খেলিয়ে বাদ দিতে পারে, তা নাকি এখনো মনসুরের কাছে বোধগম্য নয়, ‘বাদ পড়ার পর আমি কোচ ও নির্বাচকদের কাছে বারবার বাদ পড়ার কারণ জানতে চেয়েছি, যেন আমি দুর্বলতা নিয়ে কাজ করে দলে ফিরতে পারি। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো, আমি বারবার জিজ্ঞাসা করে কোনো জবাব পাইনি।’
অভিষেকের চার বছর পর মনসুরের ক্যারিয়ার বড় বাঁক নেয়। যে লেগ স্পিন দিয়ে মনসুর এসেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে, ২০১২ সালে এসে সেই লেগ স্পিন ছেড়ে অফ স্পিন বল করা শুরু করেন।
চোটের কারণে বাধ্য হয়েই নাকি বোলিং পাল্টে ফেলেছিলেন তিনি, ‘চোট খারাপ হতে হতে এমন পর্যায়ে যায়, চিকিৎসক আমাকে বল করতে বারণ করেন। কিছুদিন বল না করে খেলতে বলা হয় আমাকে। পরে ভেবে দেখলাম, একদম বল না করার চেয়ে অফ স্পিন করি। আমি ছোটবেলায় ভালোই ছিলাম অফ স্পিনে। এরপর থেকে অফ স্পিন করা শুরু করি। ভাগ্য ভালো, আমার অফ স্পিনে তেমন সমস্যা হয়নি।’
মনসুর প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩৫ উইকেট নিয়েছেন, লিস্ট ‘এ’ ক্রিকেটে নিয়েছেন ১৭৫ উইকেট। ৫৪৪৮ প্রথম শ্রেণির রান, ২৭৮৩ লিস্ট ‘এ’ রানের মালিক এই পাকিস্তানি অলরাউন্ডার। পাকিস্তানে ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ১২-১৩ বছর ধরে খেলছেন ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে।