মুখ খুললেন মঈন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঈন খান
মঈন খান

ক্যাসিনো-বিতর্কে জড়িয়ে বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরতে হয়েছিল। বিশ্বকাপের পর পাকিস্তানের প্রধান নির্বাচক পদ থেকেও বরখাস্ত হয়েছেন। তবে পুরো ব্যাপারটায় এখনো নিজেকে নির্দোষ দাবি করে যাচ্ছেন মঈন খান। ‘খাবার খেতে’ ক্যাসিনোতে যাওয়ার ব্যাপারটাকেই সংবাদমাধ্যম রংচং মাখিয়ে প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) নাকি সেই রং মাখানো খবরে বিশ্বাস করে ভুল বুঝেছে তাঁকে।
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের ম্যাচের আগের রাতে ক্যাসিনোতে গিয়েছিলেন মঈন খান। এ নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় শেষ পর্যন্ত দেশে ফিরে আসতে বাধ্য হন। যদিও মঈনের দাবি, জুয়া খেলতে নয়, বন্ধুদের সঙ্গে রাতের খাবার খেতেই সেখানে গিয়েছিলেন। এ ঘটনার জেরেই সম্প্রতি পাকিস্তানের প্রধান নির্বাচকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। অবশেষে পাকিস্তানি দৈনিক জং-এর সঙ্গে সাক্ষাৎকারে পুরো ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন মঈন খান, ‘ঘটনাটি আমার সম্মান নষ্ট করেছে। যেভাবে সংবাদমাধ্যম ব্যাপারটা উপস্থাপন করেছে, সেটা আমার এবং আমার পরিবারের জন্য অসম্মানজনক। কারণ, খেলোয়াড় কিংবা অধিনায়ক হিসেবে পুরো ক্যারিয়ারে আমাকে কেউ কোনো অপবাদ দিতে পারেনি।’
ক্যাসিনো-বিতর্কে নিজেকে নির্দোষ দাবি করে মঈন খান বলেন, ‘ক্যাসিনোতে খেতে যাওয়া অন্যায় কিছু নয়। আর আমি যদি সেখানে গিয়ে বন্ধুদের সঙ্গে কিংবা কোনো ভক্তের সঙ্গে ছবি তুলি তাতে দোষের কী! ঘটনাটাকে যত বড় বানানো হয়েছে, আসলে তেমন কিছুই না। বোর্ডের উচিত ছিল আমাকে বিশ্বাস করা এবং আরও ভালোভাবে ব্যাপারটা সামাল দেওয়া। আমাকে দেশে ফেরত পাঠানো কোনো ভালো বার্তা দেয়নি।’
মঈনের দাবি, তাঁকে নির্বাচক পদ থেকে সরিয়ে দিলেও পিসিবি তাঁকে অন্য একটি দায়িত্ব দিতে চেয়েছিল। সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন, ‘ওই প্রস্তাবের জন্য আমি পিসিবির কাছে কৃতজ্ঞ। যদি ভবিষ্যতে কখনো পাকিস্তান ক্রিকেটের আমার সাহায্য দরকার হয় এবং আমারও সময় থাকে, আমি অবশ্যই ব্যাপারটা বিবেচনা করব।’ এনডিটিভি।