আজ লড়াই টিকে থাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পরশু রাতের কথা ভুলতে পারছেন না নুরুল হাসান। যা আগে কখনো ঘটেনি, সেটাই কিনা ঘটে গেল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে!
আমজাদ জাভেদের মুখোমুখি হয়ে প্রথম বলেই আউট। খেলোয়াড়ি জীবনে এটাই নাকি তাঁর প্রথম ‘গোল্ডেন ডাক’। কাল মিরপুরের ইনডোরে এসেও এ নিয়ে আফসোস করছিলেন নুরুল। এশিয়া কাপে আমিরাত ম্যাচের কথা মনে রাখতে চাইবেন না বাংলাদেশ দলের এই তরুণ ব্যাটসম্যান।
নুরুল হাসানের সঙ্গে নামের দিক দিয়ে মিল থাকা সাকিব আল হাসানের মিল এই জায়গাতেও। এবারের এশিয়া কাপে এ পর্যন্ত যে দুই ইনিংস ব্যাটিং করেছেন, সেটা ভুলে যেতে চাওয়ার কথা তাঁরও। ভারত ম্যাচটিকে তো ক্যাচ ফেলেও নিজের জন্য ‘অভিশপ্ত’ বানিয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত এশিয়া কাপে সাকিবের সময় কাটছে যন্ত্রণাকাতর। তবে আজ নিজেকে ফিরে পাওয়ার একটা সুযোগ পাচ্ছেন তিনি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই ম্যাচটা যে শ্রীলঙ্কার বিপক্ষে!
হ্যাঁ, নিজেকে ফিরে পাওয়ার অনুপ্রেরণা সাকিব চাইলে আজকের প্রতিপক্ষের কাছ থেকেও নিতে পারেন। ২০০৯ সালের জানুয়ারিতে এই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই অপরাজিত ৯২ রান করে একা হারিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কাকে। মাশরাফি বিন মুর্তজার দৃষ্টিতে ওটাই এখন পর্যন্ত সাকিবের সেরা ইনিংস। এরপর অনেক সেঞ্চুরি জমা হয়েছে নামের পাশে। কিন্তু মাশরাফির কেন জানি মনে হয়, সেদিনের ম্যাচ জেতানো ইনিংসটাই সাকিবকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। সেই শ্রীলঙ্কা যখন আজ আবার সামনে, তলানিতে নেমে যাওয়া আত্মবিশ্বাসে কিছুটা হলেও সঞ্জীবনী খুঁজে পেতে পারেন সাকিব।
জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ চার টি-টোয়েন্টির সিরিজের প্রথম দুই ম্যাচে অপরাজিত ছিলেন ২০ ও ২৭ রানে। পরের দুই ম্যাচে করলেন ৩ ও ৪; এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে ৩, ১৩। কিন্তু সাকিব ‘সাকিব’ বলেই আশা করা যায়, এই খারাপ সময়টা এখন শেষ হওয়ার পথে। সাকিবের মতো ক্রিকেটারের বেশি দিন নিষ্প্রভ থাকার কথা নয় এবং তাঁকে নিয়ে আশায় বুক বাঁধার এটাই সবচেয়ে বড় কারণ। বাংলাদেশ দলকে বহু ম্যাচ জেতানো অলরাউন্ডারের তুলির আঁচড় তাহলে কেন লাগবে না এশিয়া কাপের ফাইনালের পথ খোলা রাখার ম্যাচে? প্রথম দুই ম্যাচের একটিতে হারায় ফাইনাল খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে আজ শ্রীলঙ্কাকে হারানোর যে বিকল্প নেই বাংলাদেশের!
পরিসংখ্যানের দিকে ফিরে তাকালে স্বপ্নটাকে বাড়াবাড়ি মনে হতে পারে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের চারটি ওয়ানডে জয় থাকলেও চারটি টি-টোয়েন্টি খেলে হার সব কটিতেই। তবে কাল অনুশীলন শেষে সাব্বির রহমান একটা আশা দেখাতে চাইলেন। আশার ভিত সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সর্বশেষ ম্যাচের জয়, ‘প্রথম ম্যাচ হারার পর আমাদের আত্মবিশ্বাস অনেকটাই কমে গিয়েছিল। ছোট-বড় দল যাই হোক, আমিরাতের সঙ্গে জিতে আমরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। পরের ম্যাচে এটা অনেক কাজে দেবে।’
আত্মবিশ্বাস ফিরে আসাটা সবচেয়ে বেশি জরুরি ব্যাটিংয়ে। প্রথম দুই ম্যাচের ব্যর্থতার ধারাবাহিকতা আজও টিকে থাকলে ২০১২ সালের পর ঘরের মাঠে আরেকটি এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন স্বপ্নই থেকে যেতে পারে বাংলাদেশ দলের জন্য। লাসিথ মালিঙ্গার কাছ থেকে অবশ্য যোগ্য প্রতিদ্বন্দ্বীর মর্যাদাই পাচ্ছে মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ। কাল দুপুরে ফতুল্লা স্টেডিয়ামে অনুশীলনে নামার আগে শ্রীলঙ্কান অধিনায়ক যেন আকারে-ইঙ্গিতে বোঝাতে চাইলেন, ‘এখানে প্রতিটি দল শক্তিশালী, কোনো দলই সহজ প্রতিপক্ষ নয়। আমাদের মনোযোগ ম্যাচের দিকে। নিজেদের সেরাটা দেওয়াই একমাত্র লক্ষ্য।’
চোট কাটিয়ে ফিরে আগের ম্যাচেই ক্ষুরধার বোলিং করেছেন মালিঙ্গা। বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের জন্য আজ সবচেয়ে বড় হুমকি হয়ে উঠতে পারেন তিনিই। বলতে পারেন, মালিঙ্গাকে সামলানোর কাজে সাফল্য-ব্যর্থতার ওপরই নির্ভর করছে এশিয়া কাপে বাংলাদেশ দলের ভাগ্য।