মুখোমুখি ব্রাফেট-স্টোকস, মনে পড়ে সেই চার ছক্কা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেন স্টোকসের মাথায় হাত। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে কার্লোস ব্রাফেট টানা চারটি ছক্কা মারার পর। ছবি: এএফপি
বেন স্টোকসের মাথায় হাত। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে কার্লোস ব্রাফেট টানা চারটি ছক্কা মারার পর। ছবি: এএফপি

দুই হাত মাথার পেছনে। হতাশায় মুখটা নুয়ে পড়েছে নিচে। আধ বসা বেন স্টোকস। ছবিটি মনে পড়ছে? গত বছরের ৩ এপ্রিলের দৃশ্য। টানা চার ছক্কায় ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন মাঠের বাইরে উড়ে যাওয়ার পর। ফাইনাল ম্যাচের শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য করতে হতো ১৯ রান। হাতে ছিল ৪ উইকেট। এটা সম্ভব নয় ভেবে গ্যালারিতে ইংল্যান্ডের সমর্থকেরা উৎসবের আয়োজন সাজাতে শুরু করে দিয়েছিল। কিন্তু অলরাউন্ডার কার্লোস ব্রাফেট পাণ্ডুলিপি লেখালেন অন্যভাবে। প্রথম চার বলে চারটি ছয়ে ওয়েস্ট ইন্ডিজকে ভাসালেন শিরোপা জয়ের উচ্ছ্বাসে। সেই ম্যাচের পর আজ আবার মুখোমুখি হতে যাচ্ছেন সেদিনের শেষ ওভারের বোলার স্টোকস আর ব্যাটসম্যান ব্রাফেট।

টি-টোয়েন্টি নয়, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি আজ অ্যান্টিগায় শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। হোক ওয়ানডে, কিন্তু স্টোকস আর ব্রাফেট তো দুই দলে আছেন। তাই ৩ এপ্রিলের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই দৃশ্য মনে না পড়ে পারে না! কিন্তু এই ১১ মাসে অনেক কিছুই বদলেছে। কলকাতায় সেদিনের ফাইনাল শেষে হতাশায় মুষড়ে পড়া স্টোকস এখন ইংল্যান্ডের জন্য আরও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন। দলের সহ-অধিনায়কও তিনি। আর ছয় ফুট ছয় ইঞ্চি লম্বা ব্রাফেট সেই ম্যাচের পর থেকেই যেন ম্লান! টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর সবধরনের ক্রিকেট মিলিয়ে ৩৯টি ইনিংস খেলেছেন, ১২ গড়ে রান করেছেন ৪২৩। ফিফটি মাত্র একটি।
ব্রাফেট অবশ্য বিষয়গুলোকে অন্যভাবে দেখতেই পছন্দ করেন। মানুষ তাঁকে শুধু টি-টোয়েন্টির মারকাটারি ব্যাটসম্যান হিসেবে দেখুক, এটা চান না, ‘নিঃসন্দেহে ওই চার ছক্কা আমাকে সামনে নিয়ে এসেছে। কিন্তু মানুষ ভুলে যায় যে আমার টেস্ট গড় ৪৫। তিন টেস্টে তিনটি ফিফটিও আছে।’ তবে ব্রাফেট এরপর যা বলেছেন সেটা স্টোকসের জন্য আরেকটা অশনিসংকেতই হতে পারে, ‘কার্লোস ব্রাফেটের কাছ থেকে বড় কিছু আসছে।’
সেই চার ছক্কা এখনো ভালো করেই মনে আছে ব্রাফেটের। কিন্তু দুঃস্মৃতি কে পুষে রাখতে চায়! স্টোকস সেই ৩ এপ্রিল, সেই চারটি ছক্কা মন থেকে ঝেড়ে ফেলেছেন অনেক আগেই, ‘ভালো পারফরম্যান্সও আপনি সব সময় মনে রাখবেন না। বাজে পারফরম্যান্স তো নয়ই।’ রয়টার্স।