মুখোমুখি লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>খেলবে দুটি দল, মাঠে নামবেন ২২ জন। দলীয় এই খেলার মধ্যে ব্যক্তিগত দ্বৈরথও চলবে ক্রিকেটারদের। যাঁদের এসব দ্বৈরথ মোড় ঘুড়িয়ে দিতে পারে খেলার, নির্ধারণ করে দিতে পারে ম্যাচের ফল। এশিয়া কাপের ফাইনালের আগে পাওয়া যাচ্ছে এমনই কিছু সম্ভাব্য দ্বৈরথ, যেগুলো হয়ে উঠতে পারে শিরোপা নির্ধারণী। ফেরদৌস রহমানের কলমে এই দ্বৈরথগুলোরই বয়ান—

তামিম-নেহরা

তামিম-নেহরা
তামিম-নেহরা

ফিনিক্স পাখির মতোই প্রত্যাবর্তন হয়েছে আশিস নেহরার। এশিয়া কাপে তাঁকে তো প্রায় ‘আনপ্লেয়েবল’ মনে হচ্ছে। ইনিংসের শুরুতে পেস ও সুইং দিয়ে তিষ্ঠাতে দিচ্ছেন না প্রতিপক্ষের টপ অর্ডারকে। আর হুট করে এশিয়া কাপে খেলতে নামলেও পিএসএলে দুর্দান্ত সময় কাটিয়েছেন তামিম ইকবাল। পাকিস্তানের বিপক্ষে মোহাম্মদ আমিরকে মারা ছক্কাতেই বুঝিয়ে দিয়েছেন নিজের ফর্ম। টি-টোয়েন্টিতে এর আগে কখনোই মুখোমুখি হননি এ দুজন। ছোট সংস্করণে নিজেদের প্রথম দেখাতেই তাই ম্যাচ জমে যেতে পারে দুজনের লড়াই।
মাহমুদউল্লাহ-অশ্বিন

মাহমুদউল্লাহ-অশ্বিন
মাহমুদউল্লাহ-অশ্বিন

এশিয়া কাপে অন্য এক রূপে দেখা দিয়েছেন মাহমুদউল্লাহ। টানা তিন ম্যাচেই ছিল ‘ফিনিশারের’ রূপ। স্লগ ওভারে বাংলাদেশের ইনিংস এগিয়ে নেওয়ার দায়িত্বটা তিনিই নিচ্ছেন। ফাইনালেও নিশ্চয়ই চেষ্টা করবেন, কিন্তু তাঁর দ্রুত রান তোলার এই প্রচেষ্টায় বাধা হয়ে উঠতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। প্রতিপক্ষের রানের তোড়ে বাঁধ দেওয়ার জন্য ধোনির মূল অস্ত্র তো অশ্বিনই। এর আগে চারটি ম্যাচে দুজনের দেখা হলেও ঠিক সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতা হয়নি তাঁদের মধ্যে। অশ্বিনের মাত্র ৪টি বল খেলেছেন মাহমুদউল্লাহ, তাতে করেছেন ৬ রান।
তাসকিন-রোহিত

তাসকিন-রোহিত
তাসকিন-রোহিত

এশিয়া কাপে গতির ঝড় তুলছেন তাসকিন আহমেদ। তাঁর গতির তোড়ে প্রতিপক্ষের ওপেনারদের জেরবার হতে হচ্ছে। আর বাংলাদেশকে পেলেই জ্বলে ওঠেন রোহিত শর্মা। আজ এশিয়া কাপের ফাইনালে ভারতীয় ইনিংসের শুরুতেই দেখা মিলবে এই দ্বৈরথের। এর আগে চার ম্যাচে তিনবার মুখোমুখি হয়েছেন তাসকিন-রোহিত। এই তিন ম্যাচে তাসকিন রোহিতকে আউট করেছেন একবার। তবে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে সাকিব ক্যাচটি নিতে পারলে সংখ্যাটি দুই হতো। তাহলে তাসকিনের মুখোমুখি হয়ে রোহিতের পরিসংখ্যানটা হতো ৪৮ বলে ৪৩। কিন্তু ক্যাচ পড়ে যাওয়ায় এখন তাসকিনের মুখোমুখি হয়ে ৫১ বলে ৫৭ রান রোহিতের। ব্যক্তিগত লড়াইয়ে আজ তাই এগিয়ে যাওয়ার সুযোগ দুজনেরই।
সাকিব-যুবরাজ

সাকিব-যুবরাজ
সাকিব-যুবরাজ

একে অপরের প্রতিরূপ তাঁরা। দুজনই দলের সেরা অলরাউন্ডার, ব্যাট-বলে দলের নির্ভরতার প্রতীক। তবে বাংলাদেশ সাকিবের ওপর যতটা নির্ভরশীল, যুবরাজের কাছে ভারত ততটা নয়। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান ও উইকেটের মালিক সাকিব টুর্নামেন্টে এখনো ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি, তবে বল হাতে দারুণ খেলছেন। প্রথম ম্যাচে যুবরাজকে আউট করেছেন তিনিই। উল্টো দিকে বাংলাদেশের ম্যাচটি বাদে বাকি তিন ম্যাচেই ব্যাট হাতে দলের জয়ে অবদান রেখেছেন যুবরাজ, তবে সেরা ফর্মের যুবির দেখা মেলেনি এখনো। অবশ্য বড় উপলক্ষ পেলেই জ্বলে ওঠেন এই দুজন। তাই আজকের ফাইনালে এই দুজনের বল-ব্যাটের লড়াইটাও হতে পারে রোমাঞ্চকর। কে জানে, এই দ্বৈরথের বিজয়ীই হয়তো শিরোপা নির্ধারণ করে দেবেন।