মুজিব বিপিএলের বন্ধু, জাতীয় দলের শত্রু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরুল হাসান
ছবি: প্রথম আলো

ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলতে গতকাল ঢাকায় এসেছেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান। আজ মুজিবের চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। এক দিন অনুশীলন করে ২৯ জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে বরিশালের জার্সিতে দেখা যাবে মুজিবকে।

বিপিএল শেষ হলেই বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান দল। সূচি নির্ধারণ না হলেও ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে দুই দলের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা। আফগানিস্তান দলের স্পিনার যে মুজিব এখন সাকিব-নুরুলদের সতীর্থ, এক মাস পর তিনিই হবেন প্রতিপক্ষ।

আফগান স্পিনার মুজিব উর রহমান
ছবি: প্রথম আলো

সে কারণেই বিপিএল থেকেই মুজিবের ঘূর্ণি-জাদুতে অভ্যস্ত হওয়ার চেষ্টা করবেন বরিশালের হয়ে বিপিএল খেলা জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে মুজিব প্রসঙ্গে প্রশ্ন করতেই নুরুল মুখে হাসি টেনে বললেন, ‘অবশ্যই চাইব যে তাঁকে যেন নেটে বেশি বেশি খেলতে পারি। তাহলে হয়তো আমাদের ব্যাটসম্যান যাঁরা আছেন, তাঁদের জন্য অনেকটা সহজ হবে। তাঁর বোলিংটা সম্পর্কে সবার একটা ধারণা থাকবে।’

বিদেশি ক্রিকেটারদের উপস্থিতিকে গুরুত্বপূর্ণ মানছেন নুরুল
ছবি: প্রথম আলো

এ ছাড়া বিপিএলে খেলার কারণে সামগ্রিকভাবেই ক্রিকেটারদের পারফরম্যান্সে উন্নতি আসবে। নুরুল বলছিলেন, ‘বিপিএল হলে বাইরের অনেক ক্রিকেটার এসে খেলেন। আমরা একসঙ্গে খেলতে পারছি। আন্তর্জাতিক ক্রিকেটের যে প্রতিযোগিতা থাকে, সেটা বিপিএলে পাওয়া যায়। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই মৌসুমে আমাদের সাদা বলে, লাল বলে অনেক খেলা আছে। আর যেহেতু বিপিএলের পরেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আছে, এখান থেকে আমরা যতটা আত্মবিশ্বাস নেওয়ার নিতে পারব। যদি সেটা করতে পারি, তাহলে আফগানিস্তান সিরিজ আমাদের অনেক ভালো হবে।’

বিপিএলের ঠিক আগেই করোনা পজিটিভ হয়েছিলেন নুরুল। প্রথম ম্যাচ করোনার কারণে খেলতে পারেননি। অসুস্থতা থেকে ফিরে এখনো পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি। চট্টগ্রামের ভালো উইকেটে সেই ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান, ‘কোভিড হওয়ার পর মনে হচ্ছে আমার ছন্দে ফেরাটা গুরুত্বপূর্ণ। সে চেষ্টাই করছি। আমাদের দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ। যেহেতু লেট মিডল অর্ডারে আমি ব্যাটিং করি, আমার জন্য ছন্দটা বেশি গুরুত্বপূর্ণ।’