মুজিবের ঘূর্ণির রহস্য ভেদ করতে পারবেন বাবররা?
মোহাম্মদ নবী, সামিউল্লাহ সিনওয়ারি, রশিদ খান...আফগান ক্রিকেটে স্পিন তারকাদের তালিকাটা ধীরে ধীরে লম্বা হচ্ছে। নবী–সিনওয়ারিদের হাতে জ্বলা ঘূর্ণি–মশালটাকে সবচেয়ে বেশি উজ্জ্বলতা দিয়েছেন রশিদই। আফগানিস্তানের স্পিন–রাজা এখনো লেগ স্পিনার রশিদই। তবে রশিদ আফগান স্পিনের রাজা হলে, আফগানদের স্পিন–যুবরাজ নিঃসন্দেহে মুজিব উর রেহমান।
২০১৭ সালে ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব মুজিবের। আয়ারল্যান্ডের বিপক্ষে সেই ওয়ানডে ম্যাচে আন্তর্জাতিক অভিষেকেই নিজের জাতটা ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছিলেন মুজিব। শারজার সেই ম্যাচে ১০ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে পিঠের ওপর ‘উঠতি তারকা’ তকমাটা লিখিয়ে নিয়েছিলেন। আইরিশদের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কারও।
২০১৮ থেকে ২০২১—তিন বছরের ক্যারিয়ারে একটি টেস্টের পাশাপাশি ৪৩টি ওয়ানডে ও ২০টি টি–টোয়েন্টি খেলেছেন মুজিব। উইকেট নিয়েছেন ১০১টি। এর মধ্যে ওয়ানডেতে ২২.০৪ গড়ে ৭০টি, টি–টোয়েন্টিতে ১৫.৪৩ গড়ে নিয়েছেন ৩০টি উইকেট। একই ম্যাচে কখনো তিনি অফ স্পিন, কখনো লেগ স্পিন, গুগলি—সব ধরনের বোলিংই করেন। সব মিলিয়ে তাঁর বল বুঝতে একটু কষ্টই হয় প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। এ কারণে পেয়ে গেছেন ‘রহস্য স্পিনার’ তকমাও।
মুজিব রহস্য হয়ে থাকলেন এবারের টি–টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানের প্রথম ম্যাচেও। শারজায় সুপার টুয়েলভ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুজিবের ঘূর্ণির রহস্য ভেদ করতে পারেননি স্কটল্যান্ডের ব্যাটসম্যানরা। ২০ বছর বয়সী মুজিব তাঁর ঘূর্ণির মূর্ছনায় মাতিয়েছেন শারজার দর্শকদের! অফ স্পিন, লেগ স্পিন, গুগলিতে স্কটল্যান্ডের ব্যাটসম্যানদের দিশেহারা করে ২০ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। তাঁর দুর্দান্ত বোলিংয়েই ১৩০ রানের বড় জয় পেয়েছে আফগানিস্তান। ম্যাচসেরার পুরস্কারও গেছে মুজিবের হাতে।
আফগানদের স্পিন–রাজা রশিদ স্কটল্যান্ডের ইনিংসের সপ্তম ওভারে যখন আক্রমণে আসেন, মুজিব তাঁর ৩ ওভারের স্পেলে ১৪ রানে ৪ উইকেট নিয়ে ফেলেছেন। তাঁর ঘূর্ণি–জালে জড়িয়ে স্কটিশদের স্কোর ৫.৩ ওভারেই হয়ে যায় ৫ উইকেটে ৩৬ রান। তাঁর তিনটি গুগলির ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তিন ডানহাতি ব্যাটসম্যান কাইল কোয়েটজার, ক্যালাম ম্যাকলাউড ও রিচি বেরিংটনকে। আফগানিস্তানের সাবেক কোচ অ্যান্ডি মোলস মুজিবকে বলতেন ‘পূর্ণ এক প্যাকেজ’! মোলসের সেই কথাকে আজ দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষেও কি সত্যি প্রমাণ করতে পারবেন মুজিব?
পাকিস্তান আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় জয়ের লক্ষ্য নিয়ে। সেই লক্ষ্য পূরণে তাদের পেরোতে হবে আফগানদের স্পিন–বাধা। সময়ের অন্যতম সেরা লেগ স্পিনার রশিদ খানকেও মোকাবিলা করতে হবে। রশিদকে না হয় কমবেশি খেলার অভিজ্ঞতা আছে পাকিস্তানের ব্যাটসম্যানদের। কিন্তু তাঁর দোসর অফ স্পিনার মুজিবকে খেলার কোনো অভিজ্ঞতা তাদের নেই। পাকিস্তান কি পারবে মুজিবের ঘূর্ণির রহস্য ভেদ করে ম্যাচ জিততে?
২০১৮ সালে হ্যাম্পশায়ারের হয়ে টি–টোয়েন্টি ব্লাস্টে খেলেছেন মুজিব। সেই সময়ে তাঁকে দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন তাঁর হ্যাম্পশায়ারের সতীর্থেরা, একজন তো অবলীলায় বলে ফেলেছিলেন, ‘মুজিব, সে আসলে একজন জাদুকর। স্পিন বোলিংয়ের সব কৌশলই জানে। তার প্রতিটি বলই ব্যাটসম্যানকে আউট করার মতো।’