মুদ্রার অন্য পিঠও দেখছেন হাথুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফিটনেস ট্রেনিংয়ের পর্ব পেরিয়ে কাল থেকে ফিল্ডিং অনুশীলন শুরু হয়েছে ক্যাম্পে। ২০ আগস্ট থেকে শুরু হবে বোলিং-ব্যাটিং অনুশীলনও। এরপর ঈদের আগে কিছু প্রস্তুতি ম্যাচ। হাথুরুসিংহে চান ইংল্যান্ড দল ঢাকায় আসার আগে খেলোয়াড়েরা চার দিনের ম্যাচের আসর বিসিএলের কিছু ম্যাচ খেলুন। দীর্ঘ পরিসরের ম্যাচ খেলার অনভ্যস্ততা তাতে যদি কিছুটা হলেও কাটে।

সঙ্গে আর একটা প্রত্যাশা—ইংল্যান্ড সিরিজের আগেই বোলিং নিষেধাজ্ঞার শৃঙ্খলমুক্ত হতে পারবেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি। একাডেমি মাঠে কাল বাঁহাতি স্পিনার সানির বোলিং ভিডিও করেছে বোলিং অ্যাকশন রিভিউ কমিটি। ভিডিও ফুটেজ বিশ্লেষণে অ্যাকশনের আশাব্যঞ্জক উন্নতি দেখা গেলে আইসিসির চূড়ান্ত পরীক্ষায় পাঠানো হবে তাঁকে। বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটি অবশ্য নিজেদের নেওয়া তাসকিনের অ্যাকশন পরীক্ষার ফলাফলে এর মধ্যেই বেশ সন্তোষ প্রকাশ করেছে। এ মাসের শেষে বা আগামী মাসের শুরুতে তাসকিন, সানি দুজনকেই আইসিসি অনুমোদিত গবেষণাগারে চূড়ান্ত পরীক্ষার জন্য পাঠানো যাবে বলে বিশ্বাস হাথুরুসিংহেরও।

খেলোয়াড়দের এত অনুশীলন, তাসকিন-সানিকে ফেরাতে কোচদের এত চেষ্টা, সবকিছুতে পানি ঢেলে দিতে যথেষ্ট ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) একটা সিদ্ধান্তই—নিরাপত্তার অজুহাতে যদি তারা শেষ পর্যন্ত বাংলাদেশ সফরে না আসে। বাংলাদেশ কোচ এই জায়গায় নিজেদের সামান্যই করণীয় দেখছেন, ‘সফরে আসা বা না আসা পুরোপুরি তাদের (ইংল্যান্ড) হাতে। আমরা শুধু সব রকম নিশ্চয়তা দিতে পারি, কিন্তু সিদ্ধান্তটা নিতে হবে তাদেরই।’

এসব নিয়ে না ভেবে খেলোয়াড়দের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখাটাকে তাই একমাত্র কাজ মনে করছেন হাথুরুসিংহে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় যে দেখছেন না তিনি, ‘এ রকম পরিস্থিতিতে ক্রিকেটের ওপর মনোযোগ ধরে রাখা কঠিন। তবু আমি ছেলেদের বলেছি, ওরা যেন সাধ্যের সেরা প্রস্তুতিটা নিয়ে রাখে।’