মুমিনুল ও ভিক্টোরিয়ার আক্ষেপের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগ্রহটাকে বড় করতে পারলেন না মুমিনুল। ছবি: প্রথম আলো।
সংগ্রহটাকে বড় করতে পারলেন না মুমিনুল। ছবি: প্রথম আলো।

পরপর দুই বল, দুবার ছত্রখান উইকেট। ভিক্টোরিয়ার ইনিংসের শেষ দুটি বলই প্রতীকী হয়ে রইল। রূপগঞ্জের পেসার আবু হায়দারের করা শেষ ওভারটায় ২ উইকেট হারিয়ে ভিক্টোরিয়া রান তুলল মাত্র ৩। বড় রানের আশা জাগিয়েও ভিক্টোরিয়া অলআউট ২৫৮ রানে। অথচ ফতুল্লার এই মাঠেই ঠিক আগের ম্যাচে ৪০ ওভারেই ২৭২ রান তুলেছিল ভিক্টোরিয়ানরা।

সকালে টস ঢাকা প্রিমিয়ার লিগের শীর্ষ দলটিকে ব্যাটিংয়ে পাঠায় রূপগঞ্জ। আবদুল মজিদ ও ফজলে রাব্বী উদ্বোধনী জুটি ৯.৪ ওভারেই এনে দেন ৪৩ রান। লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক মজিদ আজ ফিরেছেন আগেভাগেই ২৬ রান করে। এরপর উইকেটে এলেন মুমিনুল হক। মুখোমুখি হওয়া প্রথম বলেই ছক্কা। আউট হওয়ার আগে মুমিনুল কোনো বোলারকেই পাত্তা দেননি। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে দলকে ১৭০ রানে রেখে ফিরেছেন এই বাঁহাতি। তাঁর ৭২ বলে করা ৮২ রানের ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কা। ৪১ বলেই ফিফটি ছোঁয়া মুমিনুল আউট হয়েছেন মিডউইকেটে ক্যাচ তুলে। ডান দিকে অনেকটা দৌড়ে ক্যাচটি নিয়েছেন সাজ্জাদুল হক।

মুমিনুলের বিদায়ের পর রান যা করার একাই করেছেন আল আমিন। ফর্মে থাকা এই ব্যাটসম্যান ৬৮ বলে ২ চার ও ২ ছক্কায় করেছেন ৬৩ রান। বাকিরা আসা–যাওয়ার মিছিলে থাকায় ৩০০ রানের আশা জাগিয়েও ভিক্টোরিয়া থেমেছে ২৫৮ রানে।