
প্রসঙ্গ ব্যাটিং অর্ডারের চার নম্বর জায়গা। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে এ নিয়ে ওঠা প্রশ্নসংখ্যাও চার—
১. মুমিনুলকে কেন চার নম্বরে নামানো হলো না?
২. চারে তো মুশফিকও নামতে পারতেন?
৩. চারে কেন নাসির?
৪. মুমিনুলকে সাব্বিরের পরে নামানো হলো কেন?
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এই চার ‘কেন’র প্রতিধ্বনি কাল ছড়িয়ে পড়েছে বাংলাদেশের ক্রিকেটেই। কারও কাছেই স্পষ্ট উত্তর নেই। দলে ওপেনার তিনজন বলে এক থেকে তিন নম্বর জায়গা দখল। তিনের বিশেষজ্ঞ মুমিনুল তাই প্রথম ইনিংসে খেললেন চারে। ৩১ রানের ছোট ইনিংসে স্বচ্ছন্দ থাকলেও কাল আবারও তাঁর জায়গা বদল। এবার আটে। ক্রিকেটের গৌরবময় অনিশ্চয়তার চেয়েও যেন অনিশ্চিত বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার!
‘কেন’র উত্তর শুধু টিম ম্যানেজমেন্টেরই জানা। ম্যাচ শেষে ম্যানেজমেন্টেরই প্রতিনিধি অধিনায়ক মুশফিকুর রহিম সংবাদ সম্মেলনে এলে তাঁকে মৌমাছির মতো ঘিরে ধরল ওইসব ‘কেন’। মুশফিকের প্রতিটি উত্তরেই অবকাশ ছিল পাল্টা প্রশ্ন এবং যুক্তি-তর্কের।
মুমিনুল হকের মতো টেস্ট ব্যাটসম্যানকে আট নম্বরে নামানো যে গ্রহণযোগ্য নয়, অধিনায়কও তা মানেন। তারপরও দলীয় সিদ্ধান্তকে বলছেন ‘কৌশলগত পদক্ষেপ’। পক্ষে দেখানো তাঁর যাবতীয় যুক্তির সারমর্ম—চারে মুমিনুলকে নামালে ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচ ব্যাটসম্যানই হয়ে যান বাঁহাতি। অস্ট্রেলিয়ার বোলিং পরিকল্পনাকে সেটা সহজ করে দেয়, ‘আমরা চিন্তা করেছিলাম মাঝখানে যদি একজন ডানহাতি ব্যাটসম্যান যায় তাহলে ওদের একটু সমস্যায় ফেলা সম্ভব হবে।’ সে জন্যই চারে নাসিরকে ঢুকিয়ে দেওয়া।
প্রথম ইনিংসে চারে মুমিনুল সাবলীল ব্যাটিং করার পরও এমন অদলবদল দলের ভালোর জন্যই নেওয়া হয়েছে বলে দাবি অধিনায়কের। কিন্তু সেই ভালোটা কি স্কোরকার্ডে প্রতিফলিত হলো? ডানহাতি ব্যাটসম্যান হিসেবে তো তিনি নিজেও যেতে পারতেন চারে! তাহলেও ইনিংসের গুরুত্বপূর্ণ ওই জায়গাটিতে একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যানের অভাব অনুভব করত না দল। মুশফিক নিজের না নামার পক্ষে যুক্তি, ‘১২০ ওভার কিপিং করার পর যদি আবার চার নম্বরে ব্যাটিং করতে হয় তাহলে আমি বলব, এটা আমার একার দায়িত্ব নয়। প্রতিটি খেলোয়াড়েরই খেলার একেকটা ধরন থাকে। টেস্টে এটা হতে পারে না যে, দল আগে ব্যাটিং পেলে আপনি চারে খেলবেন আর পরে ব্যাটিং পেলে ছয়ে খেলবেন। বিশ্ব ক্রিকেটে এ রকম খুব কমই আছে।’
বাঁহাতি বলে মুমিনুলকে চারে নামানো হবে না। ১২০ ওভার কিপিং করেছেন বলে মুশফিক নিজেও চারে নামবেন না। এরপর ডানহাতি ব্যাটসম্যান থাকেন শুধু নাসির আর সাব্বির। দ্বিতীয় ইনিংসের ব্যাটিং অর্ডার ঠিক করতে প্রথম ইনিংসের সাবলীল ব্যাটিং মুমিনুলের ক্ষেত্রে কাজে না লাগলেও সাব্বিরের ক্ষেত্রে লেগেছে। সে জন্য কালও তাঁর সাতেই নামা। মুশফিকের যুক্তি, ‘অনেক সময় আপনারা চিন্তা করতে পারেন, সাব্বির তিনে আছে কিন্তু এখন সাতে কেন। কিন্তু সাতে থেকেই ও ভালো করেছে। আসলে এটাই ওর খেলা। আমরা চেষ্টা করি, আমাদের যে রকম ব্যাটসম্যান আছে সে রকম গেমপ্ল্যান করতে। শেষ ইনিংসে সাব্বির সাত নম্বরে ভালো রান করেছে। ভেবেছিলাম ও অন্তত যেখানে আছে সেখানে থাকুক।’
তাতে মুমিনুল আরও এক ধাপ পিছিয়ে নেমেছেন আটে। আর চারে নাসির এবং সেটার কারণটাও নিশ্চয়ই এতক্ষণে পরিষ্কার। আর যে কোনো পথই ছিল না! কী দুর্ভাগ্য দলের, ব্যাটিং অর্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটিতেই উপযুক্ত কোনো ব্যাটসম্যান নেই!
সাত নম্বরকে নাড়ানো যাবে না, ছয় নম্বর নড়বেন না, সাকিব আল হাসানও সব সময় পাঁচে খেলেন। বাকি থাকেন শুধু আগের ইনিংসে আটে ব্যাট করা নাসির। দাবা বোর্ডের কিস্তির মতো তাই এক টানে তাঁকেই নিয়ে আসা হলো চারে। দলে জায়গা ধরে রাখার লড়াইয়ে থাকা নাসিরের জন্য এটা অবশ্য সুবর্ণ সুযোগই ছিল। কিন্তু টেস্ট ক্রিকেট কবে এতটা সহজ হয়ে গেল যে রাতারাতি আট নম্বর ব্যাটসম্যান হয়ে যাবেন চার নম্বর ব্যাটসম্যান!
মুশফিকের কথা দিয়েই বলতে হয়, দল আগে ব্যাটিং করলে চার আর পরে ব্যাটিং করলে ছয়ে খেলা যেমন কঠিন, প্রথম ইনিংসে আটে খেলা ব্যাটসম্যানের পক্ষে দ্বিতীয় ইনিংসে চার নম্বরে ব্যাট করা তার চেয়েও কঠিন।