মুমিনুল জানিয়ে দিলেন, তিনি 'রঙিন'ও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিক্টোরিয়ার হয়ে প্রিমিয়ার লিগে অসাধারণ খেলেছেন মুমিনুল। ছবি: প্রথম আলো
ভিক্টোরিয়ার হয়ে প্রিমিয়ার লিগে অসাধারণ খেলেছেন মুমিনুল। ছবি: প্রথম আলো

মাস দু-এক আগের কথাটা মনে আছে? প্রশ্নটা শুনে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন মুমিনুল হক। বিসিবি একাডেমি মাঠ থেকে মাত্রই রানিং শেষ করে ফিরেছেন। ঘাম ঝরানো শরীর। পাল্টা প্রশ্ন করলেন, ‘কোন কথা?’

ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর আগে জানিয়েছিলেন, লিগে ভালো করতে চান। ৫০ ওভারের ক্রিকেটে নিজেকে মেলে ধরতে চান। বার্তা দিতে চান, তিনি শুধু সাদা পোশাকের খেলোয়াড় নন। সেটাই প্রমাণ করে দিয়েছেন। মুমিনুলের পারফরম্যান্স ছিল রঙিন।

১৬ ম্যাচে ১ সেঞ্চুরি, ৭ ফিফটিতে ৪১.৯৩ গড়ে রান ৬৭১। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন পাঁচে। শুধু শীর্ষ পাঁচে থাকাই নয়, পরিসংখ্যানটি মুমিনুলকে তৃপ্তি দিচ্ছে অন্য কারণে।

১৭ টেস্টে ৫৬ গড়ে যাঁর রান ১৪৫৬, অল্পের জন্য ভাঙতে পারেননি এবি ডি ভিলিয়ার্সের সবচেয়ে বেশি টানা ১২ টেস্টে পঞ্চাশ বা পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার রেকর্ড, সেই মুমিনুলের ওয়ানডে পরিসংখ্যান বেশ অনুজ্জ্বল। ২৬ ওয়ানডেতে ২৩.৬০ গড়ে ৫৪৩ রান। টেস্ট হচ্ছে একজন ক্রিকেটারের সর্বোচ্চ পরীক্ষা। সেই কঠিন পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ মুমিনুল কেন যেন সীমিত ওভারের ক্রিকেটে ছিলেন অনুজ্জ্বল। যথেষ্ট সুযোগ পেয়েছেন কি না, পেলেও সেগুলো ঠিক সময়ে ছিল কি না—এ নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে নির্বাচকেরা মুমিনুলকে যেন শুধু টেস্ট ক্রিকেটার হিসেবেই ধরে নিয়েছেন। বাংলাদেশের সাম্প্রতিক ওয়ানডে সাফল্যে তিনি হয়ে ছিলেন দর্শক।

নিজের রঙিন দিকটা দেখাতে যেন বেছে নিয়েছিলেন এবারের প্রিমিয়ার লিগ। চ্যালেঞ্জটা কি উতরে যেতে পেরেছেন মুমিনুল?

মুমিনুল অবশ্য দাবি করলেন, প্রিমিয়ার লিগকে মোটেও চ্যালেঞ্জ হিসেবে নেননি। তবে ৫০ ওভারের ক্রিকেটকে যে ভালোভাবে বোঝার সুযোগ হয়েছে, তা মানলেন, ‘অনেক দিন ৫০ ওভারের ক্রিকেট খেলিনি। ম্যাচ খেললেই না বুঝতে পারব এই সংস্করণে কীভাবে খেলতে হবে। এবার সংস্করণটা বেশ বুঝতে পেরেছি। লিগের আগে যে কাজগুলো করেছিলাম, অধিকাংশই কাজে লাগাতে পেরেছি।’ 

মুমিনুল যে ৬৭১ রান করেছেন, এর মধ্যে বাউন্ডারি থেকেই এসেছে ৩৭২। ৫৫ শতাংশ রানই তুলেছেন বাউন্ডারি থেকে। স্ট্রাইকরেট ৯৫.৯৯। পরিসংখ্যান বলে দিচ্ছে, ডট বল না দেওয়া আর শট খেলায় কতটা মনোযোগী ছিলেন তিনি। মুমিনুলের আগ্রাসী ব্যাটিংয়ের উদাহরণ সর্বশেষ কয়েকটি ম্যাচ। ৬ ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন ৫টি, স্ট্রাইকরেট ১০০-এর ওপরে। তবে কি গায়ে সেঁটে যাওয়া টেস্ট খেলোয়াড়ের তকমা থেকে বেরিয়ে আসতে চাইছেন মুমিনুল?

তাঁর উত্তরে তেমনই মনে হলো, ‘সবাই আমাকে টেস্ট ব্যাটসম্যান হিসেবে চিন্তা করে। কিন্তু আমি নিজেকে তিন সংস্করণের জন্যই নিজেকে তৈরি করতে চাই।’ এরপরই জানালেন নিজের বদলে যাওয়ার কথা, ‘আগে ডট বলটা বেশি হতো। রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতাম বলে হয়তো এটা হতো। এখন চিন্তা করি, বাউন্ডারি না পাই, ডট বল দেওয়া যাবে না। আমার ব্যাটিং দেখে যে যা-ই মনে করুক, উন্নতি নিজেকেই করতে হবে।’

লিগে ৭ ফিফটির বিপরীতে ১ সেঞ্চুরি বলে দিচ্ছে, নিয়মিত রান পেলেও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি লম্বা ইনিংস। হাফ সেঞ্চুরিকে তিন অঙ্কে রূপ দিতে না পারায় উইকেট ও নিজের ভুল সিদ্ধান্তকেই বড় করে দেখলেন মুমিনুল, ‘যে কবার ফিফটি করে আউট হয়েছি, প্রতিটিতেই সেঞ্চুরি করার সুযোগ ছিল। তবে খুব একটা বাজে শট খেলিনি। ৬০, ৭০, ৮০ রানে আউট হওয়ার পেছনে উইকেট ও আমার সিদ্ধান্তে ভুল থাকতে পারে।’

সীমিত ওভারের ক্রিকেটে মুমিনুলের ব্যর্থতার বিশ্লেষণে আরেকটি প্রশ্ন উঠতে পারে, যথেষ্ট সুযোগ তিনি পেয়েছেন কি না। ২০১৫ বিশ্বকাপে দুটি ম্যাচ খেলার পরই রঙিন পোশাকে বাংলাদেশ দলের দরজাটা তাঁর জন্য বন্ধ হয়ে গেল। প্রিমিয়ার লিগের এই পারফরম্যান্স কতটা সহায়তা করবে বন্ধ দরজা খুলতে? উত্তরটা সময়ের হাতে তোলা থাকলেও মুমিনুল বললেন ভিন্ন কথা, ‘ওয়ানডে দলে সুযোগ পাওয়া নয়, খেলেছি নিজের উন্নতির জন্যই। চেষ্টা করেছি এই সংস্করণ আরও ভালো বুঝতে।’