মুমিনুল যেন সেই হাবিবুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাবিবুল বাশার
হাবিবুল বাশার

ধারণা করা হচ্ছিল, সেই দিন আর আসবে না। বলা হচ্ছিল, কর্তৃত্বপরায়ণ প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রবল উপস্থিতিতে দিন একেবারেই বদলে গেছে। সিদ্ধান্ত আর বদলাবে না। মুমিনুল হককে সেই যে বাদ দেওয়া হলো অস্ট্রেলিয়া সিরিজের টেস্ট স্কোয়াড থেকে, তাঁকে ফেরানোর আর সুযোগ নেই। যেভাবে হাতের নিক্ষিপ্ত তির আর ফিরিয়ে আনা যায় না। কিন্তু সেটি অলৌকিকভাবে ফিরে এল। দল থেকে বাদ দেওয়ার ২৪ ঘণ্টা পর টেস্ট দলে ফিরিয়ে আনা হলো মুমিনুলকে।

আর এই সুবাদে বাংলাদেশের ক্রিকেট যেন ফিরে গেল ১৭ বছর আগের এক দুপুরে। দেখল ইতিহাসের এক পুনরাবৃত্তি। ২০০০ সালের নভেম্বরে সবাইকে স্তম্ভিত করে দিয়ে নির্বাচকেরা বাংলাদেশের অভিষেক টেস্টের দলে রাখেননি হাবিবুল বাশারকে। অন্যায্য দল নির্বাচন নিয়ে এ দেশের ক্রিকেট জনতা প্রকাশ্যে বিক্ষোভ করে না কখনোই। তাঁরা ক্ষোভটা পুষে রাখেন মনে, হৃদয়ে তাঁদের রক্তক্ষরণ হয়। আর সেগুলো উঠে আসে সাংবাদিকের কলমে। সেদিনও সাংবাদিকদের কলম থেকে বেরিয়েছিল ক্ষোভ আর সমালোচনার আগুন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির হস্তক্ষেপে অবশেষে নির্বাচকেরা দলে যোগ করেন হাবিবুলকে। সঙ্গে বাঁহাতি অলরাউন্ডার এনামুল হককেও।

সেই হাবিবুল দলে ঢুকলেন, একাদশে এলেন, ভারতের বিপক্ষে তিন নম্বরে ব্যাটিং করে রাঙিয়ে দিলেন অভিষেক টেস্ট। শ্রীনাথ, জহির খান, আগারকারদের বোলিংয়ের বিপক্ষে খেলে দেন স্ট্রোক-ঝলমলে ৭১ রানের ইনিংস। সেই হাবিবুল এই হাবিবুল, মুমিনুলের নামটি সেদিন কেটে বাদ দিতে অন্য দুই নির্বাচকের সঙ্গে যাঁর কলমের ছোঁয়ারও বড় ভূমিকা আছে। আর প্রধান নির্বাচক বলে যাঁর প্রধানতম ভূমিকার দায় দেখবেন সবাই, সেই মিনহাজুল আবেদীনও তো মুমিনুলের সঙ্গে ১৮ বছর আগে নিজের অতীতটাকে মিলিয়ে দেখতে পারেন। ১৯৯৯ বিশ্বকাপের দলে জায়গা পেলেন না মিনহাজুল। বাংলাদেশের ক্রিকেটের যুগন্ধর এই ব্যাটসম্যান কীভাবে দলে জায়গা পান না, সেটি বিস্ময়ে হতবাক করে দিয়েছিল মানুষকে। ক্ষোভে আর সমালোচনায় উত্তাল হলো সংবাদমাধ্যম। অবশেষে ইংল্যান্ড-যাত্রার কিছু আগে আইসিসির আইনি শৈথিল্যের সুযোগে ঢুকলেন মিনহাজুল। আর তারপর বিশ্বকাপে গিয়ে মিনহাজুল যেমনটা খেললেন, সেটি ইতিহাস।

বিসিবি সভাপতি নাজমুল হাসানের হস্তক্ষেপে এবার দলে এলেন মুমিনুল। এলেন আগের টেস্টেই (যেটি তাঁর অভিষেক টেস্ট) ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংসে দলের জয়ে অবদান রাখা মোসাদ্দেক হোসেনের জায়গায়। বিসিবির ভাষ্য, চোখে সংক্রমণ থেকে সেরে উঠলেও চিকিৎসক তাঁকে অন্তত ১৫ দিন রোদে যেতে নিষেধ করেছেন। তাহলে মোসাদ্দেকের মেডিকেল রিপোর্ট হাতে নিয়ে নির্বাচকেরা কেন ১৪ জনের দল নির্বাচন করেননি, সেই প্রশ্নটা উঠে যায়। সে যাই হোক, মোসাদ্দেক বাদ পড়েছেন বলেই ক্রিকেটীয় যুক্তি বলে, মুমিনুল শুধু দলেই ঢোকেননি, ঢুকবেন হয়তো একাদশেই। তা-ই যদি হয়, মিরপুরে কিংবা চট্টগ্রামে মুমিনুল যখন হ্যাজলউড, কামিন্স ও লায়নদের বলের মুখোমুখি হবেন, তাঁকে ঘিরে ধরবে অনন্ত চাপ।

মুমিনুল যেভাবে ফিরলেন, তাঁকে বলা যায় ‘২০১৭ সালের হাবিবুল’। আরেকটি মিলও কি খুঁজে পাওয়া যাবে কদিন পর! হাবিবুল যেভাবে জয় করেছিলেন অনন্ত চাপ, মুমিনুলও তা পারবেন?