মুমিনুল যেভাবে কথা রেখেছেন, ভাগ্য বদলেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি পেয়েছেন মুমিনুল। ছবি: শামসুল হক
মিরপুর টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি পেয়েছেন মুমিনুল। ছবি: শামসুল হক

মুমিনুল হক কথা রেখেছেন। 

মিরপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে যখন তাঁকে জিজ্ঞেস করা হলো, গত পাঁচ টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের কাছ থেকে আসেনি সেঞ্চুরি, এই সেঞ্চুরিখরা ঘুঁচবে কবে? ‘খুব শিগগির…কথা দিচ্ছি, কথাই দিয়ে দিলাম আপনাদের’—জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করে আজ তাঁর কথাটা রাখলেন মুমিনুল।

কথা রাখতে গিয়ে পরিসংখ্যান—রেকর্ডও বেশ উজ্জ্বল হলো মুমিনুলের। টেস্টে নবম সেঞ্চুরি করে তামিম ইকবালের পাশে নাম লিখেয়েছেন। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৯ টেস্ট সেঞ্চুরি এই দুই ব্যাটসম্যানের। পার্থক্য, তামিম খেলছেন ৬০ টেস্ট, মুমিনুল ৪০টি। অধিনায়ক হিসেবে মুমিনুলের এটি প্রথম টেস্ট সেঞ্চুরি। শেরেবাংলা স্টেডিয়ামের মুমিনুলের আগে বাংলাদেশের অধিনায়ক হিসেবে টেস্টে সেঞ্চুরি পেয়েছেন শুধু মাহমুদউল্লাহ আর মোহাম্মদ আশরাফুল।

ভালো খেললে রেকর্ড–পরিসংখ্যান এমনি উজ্জ্বল হবে। তবে ছন্দে ফেরা মোটেও সহজ ছিল না মুমিনুলের। ২০১৯ সালটা গেছে তাঁর খুব বাজে। ১০ ইনিংসে ১৪.৪ গড়ে করেছেন ১৪৪ রান। ৭ বছরের ক্যারিয়ারে এত বাজে গড় আর কোনো বছরে হয়নি তাঁর। ২০১৮ সালে যেখানে ৪টি সেঞ্চুরি পেয়েছিলেন, গত বছর একবারও ছোঁয়া হয়নি তিন অঙ্ক। কঠিন সময়ে আবার তাঁর ছোট্ট কাঁধে উঠেছে বড় দায়িত্ব। সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ায় পেলেন বাংলাদেশ টেস্ট অধিনায়কত্ব। নেতৃত্বের ভারেই কিনা গত নভেম্বরে ভারত সফরটা গেছে খুব বাজে! দুই টেস্টে করলেন ৪৪ রান। কলকাতা টেস্টে পেলেন ‘পেয়ার’।

কদিন আগে রাওয়ালপিন্ডি টেস্টের আগে বলছিলেন, ‘দলকে ভালো জায়গায় নিয়ে যেতে আমাকে সবার আগে ভালো খেলতে হবে।’ রাওয়ালপিন্ডিতে ৩০ ও ৪১ রানের দুটি ইনিংস খেলে সে ইঙ্গিত দিলেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন আসলে এই মিরপুর টেস্টে। কাল ৭৯ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করা মুমিনুল তিন অঙ্কের দেখা পেয়ে গেলেন আজ সকালেই। সেঞ্চুরিটা এল ১৬ মাস পর। তাঁর সর্বশেষ টেস্ট সেঞ্চুরি ২০১৮ সালের নভেম্বরে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেঞ্চুরি করার পথে যে ১২টি চার মেরেছেন, ৮টিই অন সাইডে। জিম্বাবুইয়ান বোলারদের লেগ স্টাম্পে করা গুড লেংথের বল কখনো ফ্লিক, কখনো গ্লান্স করে বাউন্ডারি মেরেছেন। শর্ট বলগুলোকে পুল শটে চার মেরে প্রাপ্য শাস্তি দিয়েছেন। বাকি ৪টি চার এসেছেন দৃষ্টিনন্দন সব কাভার ড্রাইভে।

মুমিনুল কথা দিয়েছিলেন শুধু ব্যাটসম্যান হিসেবে নয়, অধিনায়ক হিসেবেও। নিজে কথা রেখেছেন। তাঁর কথা মনে রেখে সেঞ্চুরির পথে এগিয়ে চলেছেন সঙ্গী ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। তবে নিজেকে ফিরে পেতে মুমিনুল হেঁটেছেন এবার অন্য এক পথে। সংস্কার থেকেই আগের জার্সি নাম্বার ‘৬৮’ বদলে এবার খেলছেন ‘০৭’ পরে। ৭ সংখ্যাটা সব সময়ই সৌভাগ্যের প্রতীক। ৭ নম্বর পরে ধারাবাহিক সাফল্য পাবেন কিনা, সেটি পরে। ‘লাকি সেভেন’ পরে শুরুটা তো হলো দুর্দান্ত!