মুমিনুলও নেই ক্রাইস্টচার্চ টেস্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নিউজিল্যান্ড সফরে যেন শনি ভর করেছে বাংলাদেশ দলে। ওয়েলিংটন টেস্টে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস। ক্রাইস্টচার্চের শেষ টেস্টে এই দুজনের পাশাপাশি পাঁজরের আঘাত ছিটকে দিচ্ছে মুমিনুল হককে।
ওয়েলিংটন টেস্টেই ব্যাটিংয়ের সময় পাঁজরে আঘাত পেয়েছিলেন বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটসম্যান। বাংলাদেশ দলের ফিজিও ডিন কনওয়ে জানিয়েছেন, ‘মুমিনুলের পাঁজরের এক্স-রে তে তেমন কিছু পাওয়া না গেলেও অনুশীলনের সময় নড়াচড়ায় সমস্যা হচ্ছে তাঁর। ক্রাইস্টচার্চ টেস্টে খেলার জন্য ফিট নয় সে।’
বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামও ক্রাইস্টচার্চ টেস্টে মুমিনুলের না খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন।
তিন খেলোয়াড়ের চোটজনিত কারণে বাংলাদেশ দলের স্কোয়াডে ঢুকেছেন পেসার মুস্তাফিজুর রহমান ও ব্যাটসম্যান নাজমুল হোসেন।