মুমিনুলদের গ্রুপসেরা হওয়ার ম্যাচ
ইমার্জিং টিমস এশিয়া কাপের কক্সবাজার পর্ব শেষ হচ্ছে আজ। প্রথম দুই দিনে ‘বি’ গ্রুপের সব ম্যাচই হয়েছে একপেশে। বাংলাদেশ-পাকিস্তানের সামনে হংকং আর নেপাল কি আর বাধা! তবে গ্রুপে কে সবচেয়ে শক্তিশালী, সেটির প্রমাণ হয়ে যাবে আজ।
বাংলাদেশ-পাকিস্তান দুই দলের খেলোয়াড়েরাই কাল রোমাঞ্চকর এক ম্যাচেরই প্রতিশ্রুতি দিলেন। দুই দলের লক্ষ্যও অভিন্ন—গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রাখা। তবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক মুমিনুল হকের দৃষ্টি আরও দূরে, ‘আমাদের প্রধান লক্ষ্য শিরোপা জেতা। আপনারা কী প্রত্যাশা করেন জানি না, আমি এটাই প্রত্যাশা করি। হয়তো মনে হতে পারে বেশি আশা করছি। কখনো কখনো বেশি আশা করা ভালো। সবাই ভালো করলে আশা করি শিরোপা জিততে পারব।’
গত দুই ম্যাচে বাংলাদেশের সবাই একসঙ্গে জ্বলে উঠতে পারেননি। দলের ত্রাতা ঘুরেফিরে ওই দুজন—মুমিনুল আর নাসির হোসেন। পরশু নেপাল তো আত্মাই কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশের! শেষ পর্যন্ত নাসির-মুমিনুলে রক্ষা হয়েছে। তবে নেপালের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের একটি ইতিবাচক দিকও দেখছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক, ‘এটা হওয়া উচিত ছিল। এখন ওই জায়গায় সবাই আরও সিরিয়াস থাকবে। কাল (আজ) গ্রুপ চ্যাম্পিয়ন হলে আত্মবিশ্বাস বাড়বে। আমরা সেই চেষ্টা করব।’
তবে মুমিনুল-নাসিরদের সব চেষ্টা বৃথা করে দিতে তৈরি পাকিস্তানও, সেটা বোঝা গেল ইমাম-উল-হকের কথায়। ইনজামাম-উল-হকের ভাতিজা দুরন্ত গতিতে ছুটছেন এই টুর্নামেন্টে। নিজেদের প্রথম দুই ম্যাচেই সেঞ্চুরি পেয়েছেন। রসিকতার ছলে জানিয়ে দিলেন, বাংলাদেশের বিপক্ষেও ধরে রাখতে চান সে ছন্দ, ‘বাংলাদেশের সঙ্গেও সেঞ্চুরি করতে চাই! মজা করলাম। তবে টুর্নামেন্টটা আমার ভালো যাচ্ছে। পরের ম্যাচগুলোতেও এটা ধরে রাখতে চাইব।’
বাংলাদেশের পরিকল্পনার বড় অংশজুড়ে থাকবেন উসামা মিরও। পাকিস্তানের ২১ বছর বয়সী এই লেগ স্পিনার পরশু ১৪ রানে ৭ উইকেট নিয়ে একাই ধসিয়ে দেন হংকংকে। অবশ্য ট্রফি জয়ের স্বপ্ন ভর করেছে যাঁদের চোখে, কোনো বাধাই যে বাধা মনে হওয়ার কথা নয় তাঁদের কাছে!