মুমিনুলদের শুভসূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের মাঠে বল হাতে জ্বলে উঠলেন মুমিনুল l বিসিবি
নিজের মাঠে বল হাতে জ্বলে উঠলেন মুমিনুল l বিসিবি

‘ঘোরার জন্য লাঞ্চের আগে খেলা শেষ করে দিলেন তাহলে!’ পুরস্কার বিতরণী শেষে ড্রেসিংরুমে ফেরার পথে কথাটা শুনে হাসলেন মুমিনুল হক ও নাসির হোসেন। হাসবেনই তো! বাংলাদেশকে ১২৬ রানের লক্ষ্য দিয়েছিল হংকং। সেটি তাড়া করতে মুমিনুলদের লেগেছে ১৬.১ ওভার। ২ ঘণ্টা ২০ মিনিটেই ম্যাচ শেষ! ৮ উইকেটের বড় জয় দিয়ে ইমার্জিং টিমস এশিয়া কাপ শুরু বাংলাদেশের।
সাইফ-আজমীর আহমেদের উদ্বোধনী জুটি সহজ লক্ষ্যটাকে আরও সহজ বানিয়ে দিয়েছিল। এহসান খানকে ফ্লিক করতে গিয়ে আজমীর (১৫) সিলি মিড অনে ক্যাচ দেওয়ায় দুই ওপেনার বিচ্ছিন্ন হন ৪৬ রানে। আজমীর আউট হতেই গ্যালারিতে তুমুল করতালি! ঘটনা কী? বাংলাদেশের ড্রেসিংরুমের দিকে তাকাতেই বোঝা গেল বিষয়টা।
ব্যাট বগলদাবা করে হাতে গ্লাভস পরতে পরতে ড্রেসিংরুমের সিঁড়ি ভেঙে নামছেন তিনি। যাঁর নাম ধ্বনিত-প্রতিধ্বনিত হচ্ছে গ্যালারিতে—‘মুমিনুল! মুমিনুল!’ দর্শকদের উত্সাহ পেয়েই কি না বাংলাদেশ অধিনায়ক উইকেটে গিয়েই হংকংয়ের বোলারদের ধুমধাম পেটাতে শুরু করলেন। ভুল বলা হলো, শুধু এহসানকেই। একটা ছক্কার সঙ্গে যে তিনটি চার মেরেছেন, প্রতিটিই হংকংয়ের এই অফ স্পিনারের বলে। কিন্তু বেশি দূর এগোতে পারেননি ‘লোকাল বয়’। এহসানের বলেই আউট হয়েছেন ১৪ বলে ২১ রান করে। ড্রেসিংরুমে ফেরার সময় ঘটল আরেক ঘটনা—মুমিনুলের সঙ্গে লেগে গেল এহসানের। পরে জানা গেল, এহসান নাকি অকথ্য ভাষায় গালি দিয়েছেন মুমিনুলকে!
এ ঘটনাটাই একপেশে ম্যাচটায় যা একটু রং চড়াল। তবে সাইফ-নাজমুল হোসেনের ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশের ইনিংসে আর ফাটল ধরাতে পারেননি হংকংয়ের বোলাররা। তৃতীয় উইকেটে এ দুজনের অবিচ্ছিন্ন ৪১ রানের জুটি বাংলাদেশকে এনে দেয় দুর্দান্ত জয়। ৪৭ বল খেলে সাইফ শেষ পর্যন্ত অপরাজিত ৫৭ রানে।
বাংলাদেশের সামনে লক্ষ্যটা ‘মামুলি’ হয়ে যায় মুমিনুল ও নাসিরের সৌজন্যে। উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন বাবর হায়াত। তবে ৩৭ রানের বেশি করতে পারেননি। ২৭তম ওভারে মুমিনুলের বলে বাবর এলবিডব্লু হতেই হংকং পড়ে যায় বিপদে। ২৭ রানে হারায় শেষ ৫ উইকেট। বাঁহাতি স্পিনে মুমিনুল পেয়েছেন ১১ রানে ৩ উইকেট। নাসিরও নিয়েছেন ৩ উইকেট, তিনি দিয়েছেন ১৮ রান।
যে বোলিংটা করলেন, অলরাউন্ডার হওয়ার লক্ষ্যেই কি এগোচ্ছেন মুমিনুল? ‘আরে না, হয়ে গেছে আর কী!’—টিম হোটেলে ফেরার পথে নিজের বোলিং সত্তাকে বড় করে দেখতে চাইলেন না মুমিনুল। দল জিতলেও একটা অতৃপ্তি তাঁর চোখেমুখে। ব্যাটিংটা মনমতো হয়নি। কিন্তু অমন তাড়াহুড়া কেন উইকেটে গিয়ে, সেটির ব্যাখ্যা দিলেন মুমিনুল, ‘রানরেট বাড়িয়ে নিতে চেয়েছি, যাতে পরে এটা কোনো সমস্যা না হয়ে দাঁড়ায়।’
পাশের একাডেমি মাঠেই চলছিল পাকিস্তান-নেপালের ম্যাচ। সেটা দেখতে দাঁড়িয়ে গেলেন মুমিনুল। প্রতিপক্ষকে একটু চিনে রাখা আর কী! আজ এই মাঠেই তো নেপালের সঙ্গে ম্যাচ!
সংক্ষিপ্ত স্কোর
হংকং: ৩৫.১ ওভারে ১২৫ (বাবর ৩৭, নিজাকাত ২৭; মুমিনুল ৩/১১, নাসির ৩/১৮, রাহাতুল ২/২৬, আবুল হাসান ১/২৯, সাইফউদ্দিন ০/১৬, নাসুম ০/২১)।
বাংলাদেশ: ১৬.১ ওভারে ১২৬/২ (সাইফ ৫৭*, নাজমুল ২৪*, মুমিনুল ২১, আজমীর ১৫; এহসান ২/৪৮, তানভীর ০/১৭)।
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: সাইফ হাসান (বাংলাদেশ)।