মুমিনুলে অভিভূত তামিম
>
- সেঞ্চুরির সময় মুমিনুলের স্ট্রাইক রেট ছিল ১০৩!
- তামিমের মতে, মুমিনুল নিজ উইকেটের গুরুত্ব জানে।

চট্টগ্রাম টেস্টে আজ মুমিনুল হকের ব্যাটিং দেখে অনেকে অবাক। তামিম ইকবাল অভিভূত। একই ঢংয়ে খেলে গেছেন উইকেটে নামার পর থেকে দিনের শেষ পর্যন্ত! সেঞ্চুরির সময় মুমিনুলের স্ট্রাইক রেট ছিল এক শর ওপরে! দিন শেষে নিজ ঝুলিতে অপরাজিত ১৭৫ পুরে মাঠ ছাড়ার সময় স্ট্রাইক রেট কিছুটা কমলেও সেটা পঁচাশির ওপরে। এই মুমিনুলকে দেখে অভিভূত না হয়ে উপায় আছে!
সংবাদ সম্মেলনে এসে তামিম তাই মুমিনুলের ইনিংসকে ব্যাখ্যা করলেন এভাবে, ‘আমার কাছে মনে হয়, মুমিনুলের ইনিংসটা ছিল অভিভূত হওয়ার মতো। প্রথমেই সে আক্রমণাত্মক ছিল এবং সেভাবেই পুরো ইনিংস খেলে গেছে। যখন সে এক শ করে, তখন তার স্ট্রাইকরেট ছিল ১০৩! যে জিনিসটা আমাদের জন্য এই উইকেটে গুরুত্বপূর্ণ ছিল; আমরা জানতাম, এখানে ব্যাটিং করা সহজ হবে, বিশেষ করে প্রথম দিনে। ও ওর উইকেটটা নষ্ট করেনি।’
ব্যাটিং সহায়ক উইকেট পেলে বড়মাপের ব্যাটসম্যানরাও অনেক সময় ঝুঁকিপূর্ণ শট খেলে উইকেট বিসর্জন দেন। মুমিনুল তা না করায় তামিম তাঁর সতীর্থের প্রশংসায় পঞ্চমুখ, ‘অনেক সময় দেখা যায়, ব্যাটিং উইকেটে বেশি উত্তেজিত হয়ে ঝুঁকিপূর্ণ শট খেলে অনেকে আউট হয়ে যায়। ও সেটা করেনি। জানত, ওর উইকেটটা খুব গুরুত্বপূর্ণ।’
টেস্টে প্রথম দিনেই ব্যাটিংয়ে নেমে দলের জন্য শক্ত ভিত গড়তে বড় জুটি গড়তে হয়। তৃতীয় উইকেটে মুমিনুল-মুশফিকের ২৩৬ রানের জুটি ঠিক এ কাজটিই করে দিয়েছে। সেটা যে ইতিবাচক মানসিকতার জন্য, সেটাও বললেন তামিম, ‘একটা বড় জুটি গড়া আমাদের জন্য খুব দরকার ছিল। আমার মনে হয় মুশফিক ও মুমিনুল খুব ইতিবাচক ছিল। মারার মতো বল হলে তারা মেরেছে। তাদের খেলাটা কমপ্লিট ছিল। মুমিনুল যদিও নট আউট; আশা করি সে আরও অনেক দূর যাবে।’