মুমিনুলে রঙিন দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯৬ বলে সেঞ্চুরি, দিন শেষে অপরাজিত ১৭৫ রানে। মুমিনুল হকের ব্যাট রাঙিয়ে দিয়েছে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন  ছবি: শামসুল হক
৯৬ বলে সেঞ্চুরি, দিন শেষে অপরাজিত ১৭৫ রানে। মুমিনুল হকের ব্যাট রাঙিয়ে দিয়েছে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ছবি: শামসুল হক

কাভারের ওপর দিয়ে তুলে মারা বলটা দুরন্ত গতি নিয়ে ছুটে গেল বাউন্ডারির দিকে। মুমিনুল হক যেন তার চেয়েও বেগবান। অপর প্রান্ত থেকে আলিঙ্গন বাড়িয়ে ছুটে আসা মুশফিকুর রহিমকে অতিক্রম করে শূন্যে উড়ে ঘুষি ছুড়লেন। ব্যাট উঁচিয়ে ধরা ড্রেসিংরুমে সতীর্থদের দিকে। কিন্তু ওদিকে ছুটে যাওয়ার সময় তাঁর দৃষ্টি কি কাউকে খুঁজে বেড়াল শ্রীলঙ্কার ড্রেসিংরুমেও? নাকি লক্ষ্য স্থির করে রেখেছিলেন আগেই! সেঞ্চুরির উৎসবের ডামাডোলে যেন অগ্নিদৃষ্টি ছুড়ে দিতে ভুল না হয়।

মুমিনুল হকের মধ্যে আগুন দেখেন অনেকেই। তাঁর প্রতিভা এবং নান্দনিক ব্যাটিংয়ে সেটির অনুবাদ দেখে রোমাঞ্চিত হওয়া মানুষেরও অভাব নেই। শুধু একজন, শুধু একজনের চোখে পড়েছিল তাঁর সব সীমাবদ্ধতা। মুমিনুল শর্ট বল খেলতে পারেন না। অফ স্পিনের সামনে অস্বস্তিতে ভোগেন। শ্রীলঙ্কার ড্রেসিংরুমে বসে কাল সেই চন্ডিকা হাথুরুসিংহে দেখলেন ৫ ফুট ৩ ইঞ্চি উচ্চতার বালকসুলভ ক্রিকেটারটি আসলে কী পারেন, আর কী পারেন না।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে দলকে ৩৭৪ রানে তুলে দিয়ে নিজে অপরাজিত ১৭৫ রানে। ক্রিকেটের ব্যাকরণসম্মত নিখুঁত ইনিংসটি এখন ডাবল সেঞ্চুরির হাতছানি দিচ্ছে। মুমিনুল যেন সাবেক কোচকে আহ্বান জানাচ্ছেন আরও অনেক কিছু দেখার।

চট্টগ্রাম টেস্ট প্রথম দিনেই পরিসংখ্যানের খাতা ভরিয়ে তুলেছে। এই স্টেডিয়ামে প্রথম ব্যাটসম্যান হিসেবে কাল এক হাজার রান পূর্ণ করলেন মুশফিকুর। টেস্টে মুমিনুল ঢুকেছেন দুই হাজারি ক্লাবে। তাঁর ৯৬ বলে সেঞ্চুরি টেস্টে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় দ্রুততম। টেস্টে পাঁচ সেঞ্চুরির মধ্যে এ নিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই করলেন চারটি। দিন শেষে দলের মোট রানটা টেস্টের প্রথম দিনে বাংলাদেশের সর্বোচ্চ, এক দিনে তৃতীয় সর্বোচ্চ। মুমিনুল আর মুশফিকুরের ২৩৬ রানের জুটি তৃতীয় উইকেটে বাংলাদেশের নতুন রেকর্ড। কিন্তু আজ যেটি রেকর্ড, কাল সেটি সংখ্যানামক জঞ্জাল! স্মৃতির কোষে রয়ে যায় শুধু টুকরো টুকরো রঙিন ছবি। উফ্! কী দারুণ ছিল ওই শটটা! কী অসাধারণ ইনিংসই না খেলেছিলেন! আহা, কী দারুণ উদ্‌যাপন ছিল মুমিনুলের!

উইকেট-রহস্যের অবগুণ্ঠন খসে যায় দিনের প্রথম ভাগে। আক্রমণের মন্ত্র জপে তামিম ইকবাল আর ইমরুল কায়েস যে রকম শুরু থেকে সফল হচ্ছিলেন, বোঝাই যাচ্ছিল প্রথমবার দলকে নেতৃত্ব দিতে নেমে টসে জেতা মাহমুদউল্লাহ আগে ব্যাটিং নিয়ে ভুল করেননি। লাহিরু কুমারাকে ইনিংসের দ্বিতীয় ওভারে পরপর তিন বাউন্ডারি মেরে ব্যাটের ধার বাড়িয়ে নেন তামিম। ষষ্ঠ ওভারে ইমরুলও একই বোলারকে বাউন্ডারির বাইরে পাঠান পরপর দুই বলে। অতি আক্রমণাত্মক হতে গিয়ে তাঁরা যে মাঝেমধ্যে ঝুঁকিতে পড়েননি, তা নয়। কিন্তু ভাগ্য শ্রীলঙ্কার পক্ষে ছিল না।

যে রকম শুরু করেছিলেন তাতে তামিম, ইমরুল দুজনের জন্যই সহজ ছিল এই উইকেটে বড় রান করা। ঘরের মাঠ বলে তামিমের কাছেই প্রত্যাশা বেশি ছিল। ৪৬ বলে ফিফটি করে তামিমও আশার ভেলায় ভাসিয়েছিলেন নিজেকে। কিন্তু প্রথম ঘণ্টায় ৬৭ রান তুলেও ৭২ রানের মাথায় জুটিটা ভেঙে গেল তামিমকে হারিয়েই। দিলরুয়ান পেরেরার দারুণ এক কুইকার ব্যাট-প্যাডের ফাঁক গলে ভেঙে দেয় স্টাম্প। মধ্যাহ্নবিরতির আগের ওভারে ইমরুলের আউটটাকে দুর্ভাগ্যজনকই বলতে হবে। চায়নাম্যান লক্ষ্মণ সান্দাকানের এলবিডব্লুর আপিলে আম্পায়ার আঙুল তুলে দিলে বিনা দ্বিধায় মাঠ ছাড়েন ইমরুল। অন্য প্রান্তে থাকা মুমিনুলও রিভিউ নেওয়ার ইঙ্গিত করেননি। কিন্তু পরে দেখা গেছে রিভিউ নিলে সিদ্ধান্তটা এড়াতেও পারতেন ইমরুল।

দিনের বাকি গল্পের নায়ক মুমিনুল, পার্শ্বচরিত্রে ছিলেন মুশফিক। ১২০ রানের মাথায় জুটি বেঁধে দুজন দেয়াল হয়ে দাঁড়ালেন শ্রীলঙ্কান বোলারদের সামনে। নিখুঁত ব্যাটিংয়ে কে কাকে ছাড়িয়ে যাবেন, সেই প্রতিযোগিতা দেখল গ্যালারির হাতে গোনা দর্শক।

মুমিনুল বাউন্সারের সামনে অসহায়? ২৩তম ওভারের প্রথম যে বলটাতে গ্লাইড করে বাউন্ডারি মারলেন, সেটি কী ছিল! শর্ট বল এ রকম আরও কিছুও ছিল যেগুলো মুমিনুলকে কোনো সমস্যায়ই ফেলতে পারেনি। তিনি অফ স্পিনের সামনে দুর্বল? ১৬ বাউন্ডারির পাঁচটাই যে মেরেছেন দিলরুয়ান পেরেরাকে! যে রঙ্গনা হেরাথ শ্রীলঙ্কার বোলিংকে সমীহ জাগাতে বাধ্য করেন, সেই বাঁহাতিকে নিজের একমাত্র ছক্কাটি মেরেছেন লং অফের ওপর দিয়ে। সান্দাকানকে পরপর দুই বাউন্ডারি মেরে সেঞ্চুরিতে পৌঁছানো, হেরাথকে বাউন্ডারি মেরে ফিফটি—প্রতিটি মাইলফলকেই ঠিকরে বের হয়েছে আত্মবিশ্বাস। ব্যাটিং তো নয়, যেন মুক্ত বাতাসে নিশ্বাস নিচ্ছিলেন মুমিনুল!

মুমিনুলের নির্ভার ব্যাটিংয়ের একটি কারণ যদি হয় বাংলাদেশ দলের ড্রেসিংরুমে হাথুরুসিংহের না-থাকা, আরেকটি কারণ অবশ্যই মুশফিকের ধৈর্যশীল সঙ্গ। সঙ্গী ব্যাটসম্যানকে উৎসাহ দিতে জুড়ি নেই মুশফিকের। সঙ্গীর সাফল্যেও অনেক সময় তাঁকেই বেশি উল্লসিত মনে হয়। কালও যেমন পরম আলিঙ্গনে বেঁধে নিয়েছিলেন রাজার মতো সেঞ্চুরি করা মুমিনুলকে।

আফসোস একটাই—নিজের ইনিংসটাকে রাঙাতে পারলেন না একই রঙে। মুমিনুল আক্রমণাত্মক ছিলেন, মুশফিক তাই ধীরস্থির। চা-বিরতির আগেই আর কোনো উইকেট না হারিয়ে ২৫০ রানে পৌঁছে যাওয়া বাংলাদেশ আশায় ছিল তাঁরাই শেষ করে আসবেন দিনের খেলা। কিন্তু নড়বড়ে নব্বইয়ে থাকা মুশফিককে ফাঁদে ফেললেন লাকমল। বারবার অফ স্টাম্পের বাইরে গুড লেংথে বল করে মুশফিককে সামনের দিকে টেনে আনছিলেন তিনি। শেষ পর্যন্ত বল খুঁজে পেল ব্যাটের কাঙ্ক্ষিত স্পর্শ। উইকেটকিপারের হাতে বল দিয়ে মুশফিক আউট হওয়ার পরের বলেই লিটনের অবিমৃশ্যকারিতা। ব্যাট উঁচিয়ে বল ছেড়ে দিয়ে বোল্ড।

২ উইকেটে ৩৫৬ থেকে মুহূর্তেই ৪ উইকেটে ৩৫৬ হয়ে গেলেও চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের। আজ দ্বিতীয় দিনেও তাই হবে যদি মুমিনুলের সঙ্গে মাহমুদউল্লাহর জুটিতেও ফুটে ওঠে মহাকাব্যিক কিছু। মুমিনুলও নিশ্চয়ই সেটাই চাইবেন। সাড়ে তিন বছরের বঞ্চনা ঘোচাবে তাঁর সোনালি ব্যাট।