মুমিনুলের আলো ছড়ানো ১৫২

আগের রাতে ঠিকমতো ঘুম হয়নি মুমিনুল হকের। প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে প্রায় দুই দিন বিদ্যুৎ নেই বিকেএসপিতে। ম্যাচের আগের দিন বিকেএসপিতে এসে বেশ বিপাকেই পড়েছেন! নির্ঘুম রাত কাটানো মুমিনুল কাল যে ব্যাটিং করেছেন, তাতে অবশ্য ঘুম হারাম হয়ে গেছে প্রাইম দোলেশ্বরের বোলারদের!
মুমিনুলের অসাধারণ এক সেঞ্চুরির সৌজন্যে গাজী গ্রুপ ক্রিকেটার্স পেয়েছে ৩৫ রানের জয়। বিকেএসপির আরেক মাঠে ২৭ ওভারে নেমে আসা ম্যাচে কলাবাগান ক্রীড়াচক্রকে ৩ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
দ্রুত ২ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ায় শুরুতে মুমিনুল ছিলেন শান্ত। ২১ বলে করেছিলেন ৩ রান, এরপরই বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান খোলস থেকে বেরিয়ে আসেন নবম ওভারে দেলোয়ারকে পরপর দুই বাউন্ডারি মেরে। গায়ে ‘টেস্ট বিশেষজ্ঞ’ তকমা লেগে যাওয়া মুমিনুল যতক্ষণ উইকেটে ছিলেন, স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে নাচিয়ে ছেড়েছেন দোলেশ্বরের বোলারদের!
৫৪ বলে ফিফটি, ৮৯ বলে করেছেন সেঞ্চুরি। আর শেষ ৩১ বলে ৫২ রান—ফরহাদ রেজার বলে ‘কাউ কর্নারে’ আবদুল মজিদের হাতে ক্যাচ হওয়ার আগে মুমিনুল করে গেছেন ১৫২ রান, লিস্ট ‘এ’ ম্যাচে যেটি তাঁর সর্বোচ্চ।
মুমিনুলের উইকেটে থাকা মানেই চোখে প্রশান্তি এনে দেওয়া ব্যাটিংয়ের নিশ্চয়তা! কালও ব্যতিক্রম হয়নি। স্লগ সুইপ, রিভার্স সুইপ, স্কয়ার ড্রাইভ, ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারা—চোখ-ধাঁধানো সব শটে ১৬টি চারের সঙ্গে ৬টি ছক্কা, অর্থাৎ ১০০ রানই এসেছে বাউন্ডারি থেকে। ‘টেস্ট ব্যাটসম্যানের’ স্ট্রাইক রেট—১২৬.৬৭!
এবার প্রিমিয়ার লিগে ধারাবাহিক ভালো খেলা নাসির হোসেনের ব্যাটে রান দেখা গেছে কালও। আরাফাত সানিকে সুইপ করতে গিয়ে এলবিডব্লু হওয়ার আগে করেছেন ৬৪ রান। তৃতীয় উইকেট জুটিতে মুমিনুল-নাসিরের ১৫৩ রানের জুটিই পথ দেখিয়েছে গাজীকে। নাসির ফিরে আসার পর চতুর্থ উইকেটে মুমিনুল-পারভেজ রসুলের ১০১ রানের জুটি গাজীকে রানের পাহাড় গড়ার স্বপ্ন দেখায়। কিন্তু মুমিনুল আউট হওয়ার পর স্বচ্ছন্দে এগোতে পারেনি গাজী। ৪৪ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়ে ৪৮.২ ওভারে তারা অলআউট ৩০৭ রানে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দোলেশ্বর অবশ্য সহজে হার মানেনি। সামিউল্লাহ শেনওয়ারি ও জাকির আলীর ফিফটিতে তারা ৯ উইকেটে তোলে ২৭২।
মুমিনুলের সামনে লিস্ট ‘এ’ ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ১৬১ রানের রেকর্ড ভাঙার সুযোগ ছিল। সেটি হয়নি বলে অবশ্য কোনো আফসোস নেই তাঁর, ‘উইকেটে শুরুতে মুভমেন্ট ছিল। তবে রোদ ওঠার পর এত ভালো হয়ে গেল যে যেদিকে মন চাইবে মারতে পারবেন। শেষ পর্যন্ত খেললে নিজের ও দলের জন্য ভালো হতো। কিন্তু ক্লান্ত হয়ে পড়েছিলাম। রেকর্ডটা না ভাঙতে পেরে কোনো আফসোস নেই।’ অবশ্য তুলনামূলক বেশি রোমাঞ্চ ছড়িয়েছে বিকেএসপির অন্য মাঠে কলাবাগান-রূপগঞ্জ ম্যাচটা। উইকেট ও আউটফিল্ড তৈরি হতে দেরি হওয়ায় ম্যাচ শুরু হয়েছে বেলা একটায়। স্কোরকার্ড বলছে, কলাবাগানের দেওয়া ১৭৮ রানের লক্ষ্যটা অনায়াসেই পেরিয়েছে রূপগঞ্জ। কিন্তু শেষ ১৮ বলে ১৫ রানের সমীকরণটা মেলাতে গিয়ে যেভাবে তাদের হুটহাট ৩ উইকেট পড়েছে, তাতে শঙ্কার স্রোতই বয়েছে রূপগঞ্জ-শিবিরে। তবে এই ম্যাচের সবচেয়ে উজ্জ্বল দিক—অলরাউন্ডার মাশরাফির দেখা পাওয়া, ৬ ওভারে ৩৬ রানে ২ উইকেট ও ১৮ বলে ২৩ রান নিয়ে তিনিই ম্যাচসেরা।
>সংক্ষিপ্ত স্কোর
আবাহনী-শেখ জামাল, ফতুল্লা
আবাহনী: ৫০ ওভারে ২৬৯ (লিটন ৬২, মাহমুদউল্লাহ ৬২, শুভাগত ৩২; তানভীর ৪/৪৫, রাজ্জাক ২/৪৮, শাহাদাত ২/৫৮)। শেখ জামাল: ৪৮ ওভারে ২৭০/৪ (জিয়া ৭৩*, ফজলে ৬৩, প্রশান্ত ৫৭, নুরুল ৪৬; সাকলাইন ১/৩৮, সাইফউদ্দিন ১/৩৮)।
ফল: শেখ জামাল ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জিয়াউর রহমান।
দোলেশ্বর-গাজী গ্রুপ, বিকেএসপি-৩
গাজী গ্রুপ: ৪৮.২ ওভারে ৩০৭ (মুমিনুল ১৫২, নাসির ৬৪, পারভেজ ৫৩; ফরহাদ রেজা ৪/৪১, দেলোয়ার ৩/৩৯)। দোলেশ্বর: ৫০ ওভারে ২৭২/৯ (শেনোয়ারি ৫৫, জাকের ৫২, ইমতিয়াজ ৪২, শাহরিয়ার ৩৬; নাসির ৩/৪০, শফিউল ২/৫১)।
ফল: গাজী গ্রুপ ৩৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মুমিনুল হক।
রূপগঞ্জ-কলাবাগান, বিকেএসপি-৪
কলাবাগান: ২৭ ওভারে ১৭৭/৮ (মেহরাব জু. ৭৯*, মাসাকাদজা ২৯; মোশাররফ ২/২৮, মাশরাফি ২/৩৬)। রূপগঞ্জ: ২৬.৪ ওভারে ১৭৮/৭ (মুশফিক ৪৪, জাইদি ৩৭, হাসানুজ্জামান ৩০; মুক্তার ২/২৩, সানজিত ২/৩০, আবুল হাসান ২/৪১)।
ফল: রূপগঞ্জ ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মাশরাফি বিন মুর্তজা।