মুমিনুলের কাছে ব্যাটিং যেন তপস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রাজ্জাক
আবদুর রাজ্জাক

তিনি দলে নেই, তবে দলের সঙ্গেই আছেন। যে দলের অপরিহার্য অংশ হয়ে ছিলেন এত দিন, সেই সম্পর্ক তো এখনই শেষ হওয়ার নয়! জাতীয় দল আর ঘরোয়া ক্রিকেট মিলিয়ে বিশ্বকাপ দলের সবাইকে দেখেছেন খুব কাছ থেকে। বাংলাদেশের বিশ্বকাপ দলের ১৫ ক্রিকেটারকে নিয়ে আবদুর রাজ্জাকের ধারাবাহিক লেখা
মুমিনুল হককে প্রথম দেখার ঘটনা আমার স্পষ্ট মনে পড়ে। দেখলাম ক্রিকেট পোশাকে কেউ একজন এগিয়ে আসছে ব্যাট হাতে। কিন্তু লম্বা লম্বা প্যাড, থাই প্যাড, এলবো গার্ড, হেলমেটের মাঝে মানুষটিকেই দেখা যাচ্ছে না। এত ছোট্ট ছেলে! প্রথমবার ওকে সামনাসামনি দেখলে সবারই যেটি মনে আসে, আমারও তাই মনে হয়েছিল—এই পিচ্চি ক্রিকেট খেলবে কী করে!
কী করে খেলে, জানি না। তবে কেমন খেলে, টের পেলাম শিগগিরই। প্রথম বিপিএলে আমাদের খুলনা দলকে দুটি ম্যাচেই তুলাধোনা করে ছাড়ল (এক ম্যাচে ২৪ বলে ৪২, আরেক ম্যাচে ৪ ছক্কায় ২৮ বলে ৫৩)। মনে আছে আমি গিয়ে ওকে বলেছিলাম, ‘এত বড় বড় ছক্কা মারিস, তোর হাতে এত জোর আসে কোত্থেকে!’ এরপর দেখলাম ওর তরতর করে ওপরে ওঠা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওর ১৮১ রানের ইনিংসটি তো ড্রেসিংরুমে বসেই দেখলাম। অসাধারণ ইনিংস, মন্থর উইকেটে কী দুর্দান্ত সব ড্রাইভ!
ওর যে দারুণ কিছু করার সামর্থ্য আছে, সেটা জানতাম। তবে টেস্ট ক্রিকেটে এত ভালো শুরু করবে, এতটা ভাবতে পারিনি। টেস্ট ক্রিকেট তো শুধু ভালো ব্যাটিং সামর্থ্যের ব্যাপার নয়। প্রতিপক্ষ, চাপ, আরও অনেক ব্যাপার আছে। অসাধারণ শুরু করে মুমিনুল চমকে দিয়েছে সবাইকেই। আমার মনে হয়, শুরুটা এমন দুর্দান্ত হওয়া ওর জন্য খুব দরকার ছিল। কারণ ব্যর্থ হলেও ব্যাটিংয়ের চেয়ে বেশি প্রশ্ন উঠত ওর শরীর নিয়ে। ওর আত্মবিশ্বাসের জন্য সেটা খুব খারাপ হতো। এখন প্রশ্ন তো নেই-ই, আছে বিস্ময়। সত্যি বলতে, আমি এখনো বুঝি না, এই শরীরে এত শক্তির উৎস কী!

অঙ্কন: মাসুক হেলাল
অঙ্কন: মাসুক হেলাল

আত্মবিশ্বাসটাই ওর সবচেয়ে বড় সম্পদ। সহজাত স্ট্রোকমেকার। টেস্টেও শট খেলে যায় নিজের মতো। স্ট্রোকমেকার বলেই প্রশ্ন ওঠে, টেস্টের মতো ওয়ানডেতে কেন সফল হয়নি। অনেক কারণ আছে। টেস্ট আর ওয়ানডের চাপ আলাদা। ওয়ানডের বোলিং অনেক রক্ষণাত্মক, ফিল্ডিং থাকে ছড়ানো। আর ওয়ানডেতে টেস্টের মতো শুরুটা ভালো হয়নি। ওয়ানডে খেলার সামর্থ্য নিয়ে তাই প্রশ্ন উঠেছে। এই চাপটা প্রতিবার ব্যাটিং করতে নামার সময় ওর সঙ্গী হয়েছে। কিন্তু ব্যাটিং নিয়ে ও যতটা পরিশ্রম করে, আমি নিশ্চিত ওয়ানডেতেও সফল হবে। এখানে মুমিনুল অনেকটাই তামিমের মতো। একটা একটা লক্ষ্য ঠিক করে, একেকটা শট বেছে নিয়ে সেটা নিয়ে কাজ করে অনুশীলনে। ম্যাচে কোনো ভুল শট খেললে সেটা ঠিক করতে ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরায়। ব্যাটিং কিংবা কোনো শট, সব সময়ই ওর মাথায় ঘুরতে থাকে। ব্যাটিংয়ে তপস্যা করে ও। এমন একজন সফল না হয়ে পারেই না। ওয়ানডেতেও দলে একটু থিতু হলেই নিয়মিত রান পাবে।
কদিন আগে একবার ছড়িয়ে যেতে শুনলাম মুমিনুল শর্ট বল খেলতে পারে না। এ ধরনের কথা ছড়িয়ে পড়া একজন ব্যাটসম্যানের জন্য সুখকর কিছু নয়। আত্মবিশ্বাসে চোট লাগে। ব্যাপারটি হলো হুক ও পুল শট মুমিনুলের সহজাত। শর্ট বল হলে বেশির ভাগ সময়ই ও চালিয়ে দেবে। অনেক সময় টাইমিং ঠিক হয় না, খারাপ সময়ে দেখা যায় বল বারবারই ফিল্ডারের কাছে যায়। কিন্তু এমনিতে পুল-কাট মুমিনুল ভালো খেলে।
এ জন্যই বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই ওকে আমি একাদশে দেখতে চাই। অবশ্যই টপ অর্ডারে। সুযোগ যদি পায়, আমি চাইব টেস্টের মানসিকতা নিয়ে ব্যাট করুক, লম্বা সময় উইকেটে থাকুক। নেতিবাচক কোনো কিছুই ভাবার দরকার নেই। খোলা মন ও মাথায় নামলে বড় ইনিংস খেলতে পারবেই। আর পরে নামালেও রানের চাকা সচল রাখার সামর্থ্য ওর আছে। উচ্চতার কারণে অস্ট্রেলিয়ার উইকেটে অন্যদের চেয়ে হয়তো মানিয়ে নেওয়াটা একটু কঠিন হবে ওর জন্য। তবে খাটো ব্যাটসম্যানরা বেশির ভাগই প্রকৃতিগতভাবেই পুল ও কাট ভালো খেলে। মুমিনুলও ব্যতিক্রম নয়।
মাঠে যেমন দেখা যায়, মাঠের বাইরেও ঠিক তেমনি। চুপচাপ, শান্ত। নিজের মতো থাকে। আড্ডা-টাড্ডায় সবাই পাঁচটা কথা বললে ও বলে একটা। এটা নিয়ে অনেক মজাও হতো আগে। এখন হয় না, সবাই বুঝে গেছে ওর ধরনটাই এমন। সবাই এটাও জানে, মুমিনুল শুধু বাংলাদেশ ব্যাটিংয়ের ভবিষ্যৎ নয়, বর্তমানও। এই বর্তমানের ছবিটা আরও উজ্জ্বল করতে পারে বিশ্বকাপ। পর্যাপ্ত সুযোগ পেলে অবশ্যই পারবে মুমিনুল।