মুমিনুলের চোখ ইংল্যান্ড সিরিজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুমিনুল
মুমিনুল

গত বছর জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টটি ছিল তাঁর সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। সেই টেস্টে খেলা হয়েছিল মাত্র এক দিন, বাকি চার দিনই ভেসে গিয়েছিল বৃষ্টিতে।
এরপর আর বাংলাদেশ টেস্ট খেলেনি, মুমিনুলেরও আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি। তাহলে কি টেস্ট না থাকলে মুমিনুলের জন্য দলের দরজা বন্ধ? আলোচনাটা পুরোনো। গায়ে ‘টেস্ট বিশেষজ্ঞ’ তকমা সেঁটে যাওয়াটাও এখন আর খুব একটা স্পর্শ করে না ১৭ টেস্টে ৫৬ গড়ে ১৪৫৬ রান করা মুমিনুলকে, ‘এটা আমার কাছে অতটা ভালোও লাগে না, আবার খারাপও লাগে না। সব সময় খেলার মধ্যে থাকলেই বেশি ভালো লাগে।’
মুমিনুলের চোখ তাই অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে। প্রায় দেড় বছরের বিরতিতে আবারও টেস্টে ফিরতে উন্মুখ বাংলাদেশ দলও। তবে মুমিনুলের ব্যাকুলতা যেন একটু বেশিই, ‘আমার কাছে একটু বেশিই কাঙ্ক্ষিত এটা (টেস্ট সিরিজ)। অনেক দিন হলো খেলার মধ্যে নেই। অনেকেই মনে করছেন, আমার হয়তো সমস্যা হবে। আশা করি সেটা হবে না। এর মধ্যে বিসিএল ও জাতীয় লিগ খেলেছি। চার দিনের ক্রিকেটে ব্যস্ত থাকায় খেলার (বড় দৈর্ঘ্যে) মধ্যেই ছিলাম।’
সিরিজটি কেন বেশি কাঙ্ক্ষিত, সেটিও জানালেন মুমিনুল। অনেক দিন ধরে টেস্টেই সীমাবদ্ধ তাঁর আন্তর্জাতিক ক্রিকেট। বাস্তবতা মেনে এই সংস্করণেই নিয়মিত আলো ছড়াতে চান মুমিনুল, ‘আমি বছরে তিন-চারটা (টেস্ট) খেলার সুযোগ পাই। অন্যদের আকাঙ্ক্ষা কেমন জানি না। তবে আমারটা অনেক বেশি। যতটুকু সুযোগ পাই নিজেকে উজাড় করে দেব।’
টেস্ট নিয়ে ভাবলেও মুমিনুল নিজেকে তৈরি করছেন অন্য সংস্করণের জন্যও। গত মাসে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের পারফরম্যান্স সেটিই বলছে। ১৬ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৭ ফিফটিতে ৪১.৯৩ গড়ে রান ৬৭১। সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় পাঁচে। স্ট্রাইক রেটও দৃষ্টি কাড়ার মতো, ৯৫.৯৯। সাম্প্রতিক সময়ে ৫০ ওভারের ক্রিকেটে দুর্দান্ত খেললেও মুমিনুল মনে করেন, টেস্টে ভালো করলে তবেই সুযোগ মিলবে অন্য সংস্করণে, ‘ওয়ানডেতে জায়গা পেতে হলে আমাকে আগে টেস্টে ভালো করতে হবে। টেস্ট দলে জায়গা পাকা করে আমাকে অন্য সংস্করণের চিন্তা করতে হবে। যদি টেস্টে খুব ভালো করি তাহলে হয়তো ভবিষ্যতে কোচ-নির্বাচকেরা আমাকে ওয়ানডেতেও বিবেচনা করবেন।’
সংশয়ের দোলাচল কাটিয়ে অক্টোবরে ইংল্যান্ড সিরিজটা যদি ঠিকঠাকভাবে হয়, ঘরের মাঠে নিজেদেরই এগিয়ে রাখছেন মুমিনুল, ‘নিজেদের কন্ডিশনে আমরা খুব ভালো দল। ইংল্যান্ড দল এলে ইতিবাচক ফলই আশা করব।’