মুমিনুলের ছোট কাঁধে বড় ভার

উইকেট এমনিতে মন্থর। সকালের বৃষ্টি আর আচ্ছাদনের নিচে থাকায় সেটা পেল ভিন্ন এক মাত্রা। দুই প্রান্ত থেকে মাশরাফি-তাসকিন বোলিংও করছিলেন ভালো। সব মিলিয়ে কালকের প্রস্তুতি ম্যাচে সকালের দিকে উইকেট বেশ কঠিনই ছিল ব্যাটসম্যানদের জন্য। ৩৫ মিনিট উইকেটে থেকে ২ রান করে ওপেনার এনামুল হক ফিরলেন তাসকিনের বলে। কিন্তু মুমিনুল হক নামতেই বদলে গেল চিত্র। তাসকিনের দুরন্ত পেসে হুক করে বাউন্ডারি, খানিক পর স্পিনেও স্বচ্ছন্দ, দারুণ পায়ের কাজ। মনে হচ্ছিল ব্যাটিংয়ের চেয়ে সহজ কাজ আর বুঝি নেই!
মুমিনুলের ধরনটাই এমন। কখনো কখনো তাঁর হাতের ব্যাটটিকে মনে হয় শরীরের তুলনায় খানিকটা বড়। মাঠের ভেতরে-বাইরে শরীরী ভাষায় জগতের যত অনাগ্রহ। কথার ফুল ফোটাতে পারেন না খুব একটা কখনোই। কিন্তু ২২ গজে ব্যাট হাতে তাঁকে দেখার চেয়ে দৃষ্টিনন্দন কিছু এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে খুব কমই আছে। ব্যাটিংয়ে অলস সৌন্দর্য। তার চেয়েও বড় কথা, ‘প্রস্ফুটিত’ এই সৌন্দর্য। ৭ টেস্টে ৩ সেঞ্চুরি, ৩ ফিফটি। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন টানা দুই সেঞ্চুরি। দুটিই অসাধারণ। প্রথমটি চট্টগ্রামে, ৮ রানে ২ উইকেট পড়ার পর নেমে ১৮১ রান। রানসংখ্যার চেয়েও বড়, যেভাবে করেছিলেন রানগুলো। ভীষণ মন্থর উইকেটে খেলেছিলেন চোখধাঁধানো সব ড্রাইভ। পরের টেস্টে দলের দ্বিতীয় ইনিংসে ম্যাচ বাঁচানো এক সেঞ্চুরি করলেন প্রচণ্ড জ্বর আর দুর্বল শরীর নিয়ে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ইনিংসে আরেকটি ম্যাচ বাঁচানো অপরাজিত সেঞ্চুরি। ব্যাটিং-গড় এখন ৭৫.৭০। এই পর্যায়ে বাংলাদেশের সেরা তো বটেই, কমপক্ষে ৭০০ রান করাদের মধ্যে টেস্ট ইতিহাসেই মুমিনুলের চেয়ে বেশি ব্যাটিং-গড় আছে কেবল স্যার ডন ব্র্যাডম্যানের (৯৯.৯৪)।
পরিসংখ্যান সাক্ষ্য দিচ্ছে তাঁর টেস্ট ক্যারিয়ারের দুর্দান্ত শুরুর। কিন্তু ক্রিকেট মানেই তো শুধু পরিসংখ্যান নয়। মুমিনুলের গল্পটাও তাই ছাড়িয়ে গেছে এই পরিসংখ্যানের সীমানা। সাফল্যের হাত ধরে আসে প্রত্যাশা, ভার, দায়িত্ব। বাংলাদেশের মতো দেশে, যেখানে ধারাবাহিকতা ধরে রাখা খেলোয়াড়ের বড্ড অভাব, সেখানে তো আরও বেশি। মাত্র ৭ টেস্টের পর যখন বলা উচিত মুমিনুল বাংলাদেশের ভবিষ্যৎ, বাস্তবতা তাঁকে বানিয়ে দিয়েছে ‘বর্তমান।’ এই কয়েক ম্যাচের অভিজ্ঞতায়ই তিনি বাংলাদেশের বড় ভরসার জায়গা। ৫ ফুট ৩ ইঞ্চি লম্বা মানুষটি, ওই ছোট্ট দুটি কাঁধেই অনেক বড় ভার। বাংলাদেশের মিডল অর্ডারকে এক সুতোয় গেঁথে রাখা!
ভবিষ্যতের পথচলায় কঠিন একটা চ্যালেঞ্জ এই সামনেই। বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর! সর্বশেষ টেস্ট ইনিংসেই সেঞ্চুরি আছে মুমিনুলের। কিন্তু সেই ফেব্রুয়ারির পর এই পর্যন্ত মাঝের সময়টাকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দলের এমনই দুরবস্থা যে বাংলাদেশের ক্রিকেট থেকে হারিয়ে গেছে সুসময়ের বাতাস। একসঙ্গে অনেকেই অফ ফর্মে, সাকিবও নেই। ক্যারিবিয়ানে তাই আরও বেশি দায়িত্ব মুমিনুলের কাঁধে। মুমিনুল তৈরি তো?
এমনিতেই কথার খই ফোটানো তাঁর ধাতে নেই। নিজেকে নিয়ে এই জাতীয় প্রশ্নগুলোতে খুব একটা স্বস্তি বোধ করেন না আরও। দায়িত্ব-চাপ নিয়ে বললেন, ‘চাপ ঠিক বলব না। প্রত্যাশা। ভালো খেললে লোকের প্রত্যাশা বাড়বেই। তবে এসব আমি কখনোই ভাবি না। নিজের মতো খেলে যেতে চাই।’
সমস্যা হলো, সব সময় নিজের মতো খেলে যাওয়া মুশকিল। ক্রিকেট মানেই তো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া। মিরপুর-চট্টগ্রামে যেভাবে ব্যাটিং করে সফল হয়েছেন, ক্যারিবিয়ানে গিয়ে সেটার সঙ্গে নতুন কিছু যোগ করতে হবেই। সেটা করেছেনও মুমিনুল। গত কিছুদিন বাড়তি কাজ করেছেন শর্ট বল খেলা নিয়ে, ‘উইকেট যেমনই হোক, দেশের বাইরে গেলে সব দলই আমাদের টার্গেট করে শর্ট বল দিয়ে। বোলিং মেশিনে, কোচের সঙ্গে তাই শর্ট বল খেলা নিয়ে কাজ করেছি। দেখা যাক...।’
বরাবরের মতো সুনির্দিষ্ট লক্ষ্য নেই ক্যারিবিয়ান সফরেও। শুধু উন্নতি করে যেতে চান, প্রতিটি দিনই ভালো করতে চান আগের দিনের চেয়ে। সত্যিই সেটা করতে পারলে অপেক্ষায় অসাধারণ কিছু। উষার এই উষ্ণ, মিষ্টি আলোর ছটা নিশ্চয়ই তেজদীপ্ত হবে মধ্যগগনে!