মুমিনুলের জায়গায় কে?

ঢাকাগামী বিমানের টিকিট কাটার প্রক্রিয়া শুরু হয়ে গেছে মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মুমিনুল হকের। আগামী দু-তিন দিনের মধ্যেই ক্রাইস্টচার্চ ছেড়ে দেশের উদ্দেশে রওনা দেবেন চোটে পড়া এই তিন ক্রিকেটার।
খেলাধুলা ব্যাপারটাই এমন যে, যেটি একজনের জন্য অভিশাপ, সেটাই আরেকজনের জন্য আশীর্বাদ। ইমরুলের জায়গায় যেমন সৌম্য সরকারের দলে ঢোকা নিশ্চিত। বিকল্প উইকেট কিপার যেহেতু এখানে শুধু নুরুল হাসানই আছেন, মুশফিকের পরিবর্তে কিপিং গ্লাভস পরে উইকেটের পেছনে তাঁরই দাঁড়ানোর কথা।
পাঁজরের চোটে সর্বশেষ দল থেকে ছিটকে যাওয়া মুমিনুলের জায়গায় কে খেলবেন, সেটি অনুমান করে নেওয়াও কঠিন কিছু নয়। নিউজিল্যান্ডে থাকা ১৭ ক্রিকেটারের মধ্যে স্কোয়াডে আছেনই এখন ১৪ জন। এর মধ্যে পেসার মোস্তাফিজুর রহমানকে রাখা হয়েছে মূলত আপৎকালীন ফিল্ডার হিসেবে। ক্রাইস্টচার্চ টেস্টে তাঁর খেলার কোনো সম্ভাবনা নেই। হ্যাগলি ওভালের উইকেটে তাইজুল ইসলামের কাছ থেকেও নিশ্চয়ই কিছু পাওয়ার আশা করবে না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এরপর আর থাকেনই দুজনই—রুবেল হোসেন ও নাজমুল হোসেন।
প্রথম টেস্টে তিন পেসারই ভালো বোলিং করায় ক্রাইস্টচার্চে তাদের কারও বাদ পড়ার সম্ভাবনা নেই। মুমিনুলের পরিবর্তে একজন অতিরিক্ত পেসার খেলালেই কেবল এগারো জনে আসতে পারেন রুবেল। তবে ব্যাটসম্যানের পরিবর্তে বোলার নেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানা গেছে দল সূত্রে। মুমিনুলের অনুপস্থিতে আজ বরং টেস্ট অভিষেক হয়ে যেতে পারে নবীন ব্যাটসম্যান নাজমুলের।
সেটি হলে নাজমুলের আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা রূপকথার গল্পের মতোই হবে। নিউজিল্যান্ড সফরের ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট—কোনো স্কোয়াডেই ছিলেন না ১৮ বছর বয়সী এই তরুণ। তবু বিসিবির ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় অস্ট্রেলিয়ার অনুশীলন ক্যাম্প হয়ে নিউজিল্যান্ড সফরেও দলের সঙ্গে থেকে যাওয়ার সুযোগ হয়েছে তাঁর। টেস্ট অভিষেকের আগেই গায়ে তুলেছেন টেস্টের সাদা পোশাক, ওয়েলিংটনে মাঠে নেমেছেন বদলি ফিল্ডার হিসেবে। একটু একটু করে এগিয়ে ১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা সেই নাজমুলই এখন টেস্ট অভিষেকের সম্ভাবনার সামনে দাঁড়িয়ে।