মুমিনুলের ঠিক পেছনেই রুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুমিনুলের টানা ১১ ফিফটির ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় রুট। ফাইল ছবি।
মুমিনুলের টানা ১১ ফিফটির ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় রুট। ফাইল ছবি।

টেস্ট ক্যারিয়ারে কী দুর্দান্ত শুরুটাই না করেছিলেন মুমিনুল হক। ২০১৩ সালের মার্চে গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টেই ফিফটি। সে বছরেরই অক্টোবর থেকে ২০১৫ সালের মাঝে টানা ১১ টেস্টে ফিফটি করে নিজের সামর্থ্যের প্রমাণটা দারুণভাবেই রেখেছিলেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। আর একটি হলেই টানা ১২ টেস্টে ফিফটি করে এবি ডি ভিলিয়ার্সের পাশে বসতে পারতেন মুমিনুল। কিন্তু সেটি আর করা হয়ে ওঠেনি।
তবে মুমিনুল যাদের সঙ্গে ব্র্যাকেটবন্দী হয়ে আছেন, সেই তালিকাটাও কম দারুণ নয়। স্যার ভিভ রিচার্ডস, বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর—মুমিনুল এই সঙ্গটাও বোধ হয় ভালোই উপভোগ করেন।
মুমিনুল ডি ভিলিয়ার্সের রেকর্ড ছুঁতে না পারলেও ইংলিশ অধিনায়ক জো রুট কিন্তু ঠিকই এগিয়ে যাচ্ছেন সেই কীর্তির দিকে—টেস্টে টানা ১২ ফিফটি। এরই মধ্যে টানা ১০ ফিফটি করে মুমিনুলের ঠিক পেছনে এসে দাঁড়িয়েছেন তিনি।
ক্রিকেট বিশ্বে চলছে ‘ফ্যান্টাস্টিক ফোর’ যুগ। ভারতে বিরাট কোহলি, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, অস্ট্রেলিয়ায় স্টিভ স্মিথ আর ইংল্যান্ডে জো রুট। এঁদের মধ্যে দেশের অধিনায়কত্বটা সবার পরেই পেয়েছেন রুট। কিন্তু টানা ১০ ফিফটি দিয়ে বাকি তিনজনকে ছাড়িয়ে গেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওল্ডট্রাফোর্ড টেস্টে ৫ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন তিনি।
টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স আন্তর্জাতিক ক্রিকেটের অন্য দুই সংস্করণে ঠিকভাবে অনুবাদ করতে পারেননি মুমিনুল। সে কারণে ‘টেস্ট ব্যাটসম্যান’ তকমাটা ভালোভাবেই লেগে গেছে তাঁর শরীরে। বাংলাদেশ টেস্ট কম খেলে বলে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে বিরতি দিয়েই আবির্ভূত হতে হয় তাঁকে। সে কারণেই কিনা পারফরম্যান্সে যেন কিছুটা ছন্দপতনের সুর। শ্রীলঙ্কার বিপক্ষে দেশের শততম টেস্টটা খেলতে পারেননি বাদ পড়ে। টানা ১১ ফিফটির স্মৃতি মুমিনুলকে ঘুরে দাঁড়াতে প্রেরণা দিক। আপাতত প্রত্যাশা এটিই।