মুমিনুলের দলের নাটকীয় জয়

ম্যাচটি শেষ ওভার পর্যন্ত যায়নি। কিন্তু তাতেও কি নাটকীয়তা কম হলো? বিসিএলের ফাইনাল রং বদলাল পরতে পরতে। বৃষ্টি তাতে যোগ করল বাড়তি নাটকীয়তা।
তবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল রাতে সব নাটকীয়তার অবসান ঘটিয়ে দিলেন আরাফাত সানি, ফরহাদ রেজার বলে স্কয়ার লেগ দিয়ে মারা একটা বাউন্ডারিতে। রুদ্ধশ্বাস উত্তেজনার ফাইনালে বিসিবি উত্তরাঞ্চলকে ১ ওভার বাকি থাকতেই ৩ উইকেটে হারিয়ে বিসিএল ওয়ানডেতে চ্যাম্পিয়ন হয়ে গেল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল।
পূর্বাঞ্চলের সামনে ২৯১ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল উত্তরাঞ্চল। জবাবে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে পূর্বাঞ্চলের রানটা যখন ১৩১, তখনই নামে বৃষ্টি। ম্যাচ বন্ধ থাকে ১ ঘণ্টা ১৮ মিনিট। এরপর যখন ম্যাচটা আবার শুরু হলো, ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে পূর্বাঞ্চলের নতুন লক্ষ্য দাঁড়ায় ৪৬ ওভারে ২৭৮। একটা পর্যায়ে মনে হচ্ছিল কাজটা দুঃসাধ্যই। কিন্তু শেষ ৫ ওভারে যে খেলার রং এতটা বদলে যাবে, সেটা কে জানত!
জয়ের জন্য শেষ ৫ ওভারে ৪৩ রান দরকার ছিল পূর্বাঞ্চলের, উত্তরাঞ্চলের ৪ উইকেট। শেষ ৩ ওভারে পূর্বাঞ্চলের জন্য সমীকরণটা দাঁড়াল ৩ উইকেটে ৩২ রান। যদিও উত্তরাঞ্চল অধিনায়ক নাসিরের করা ইনিংসের ৪৪তম ওভারেই ম্যাচ ঘুরে যায় পূর্বাঞ্চলের দিকে। ওই ১ ওভারেই আবুল হাসান আর আরাফাত সানি মিলে নেন ১৮। শেষ ২ ওভারে প্রয়োজনীয় ১৪ রান তাঁরা করে ফেলেন ফরহাদ রেজার করা ৪৫তম ওভারেই। প্রথম বলে স্কয়ার লেগের ওপর দিয়ে আবুল হাসানের ছক্কা। পরের বলে ২ ও তৃতীয় বলে ১ রান হলে ব্যাটিং প্রান্তে চলে আসেন সানি। চতুর্থ ও শেষ বলে দুই বাউন্ডারিতে ওই ওভারেই পূর্বাঞ্চলের জয় নিশ্চিত করে দেন তিনি।
ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই তামিমের উইকেট হারানোর পরও পূর্বাঞ্চল ম্যাচে টিকে ছিল লিটন (৫০) ও মুমিনুলের (৭৮) ১০২ রানের দ্বিতীয় উইকেট জুটির সৌজন্যে। তার পরও মিডল অর্ডারের ওপর দিয়ে বয়ে গেছে একটা ঝড়। ৫৬ রানের ব্যবধানে পড়ে গিয়েছিল ৪ উইকেট। ৬ নম্বরে নামা আসিফ আহমেদের ব্যাট সে বিপর্যয় সামাল দেওয়ার পর তুলির শেষ আঁচড়টা দেয় অষ্টম উইকেটে আবুল হাসান-সানির অবিচ্ছিন্ন ৪০ রানের ওই জুটি। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও উঠেছে ৩৫ বলে অপরাজিত ৩৯ রান করা আবুল হাসানের হাতে।
আবুল হাসান-সানির ছোট অথচ ঝোড়ো ইনিংস দুটির কাছে মার খেয়ে গেছে উত্তরাঞ্চলের ওপেনার মাহমুদুল হাসানের সেঞ্চুরি (১০৭) আর নাসিরের ৮৪ বলে খেলা ৯৬ রানের ইনিংসও। অবশ্য মাহমুদুল চাইলে এই ম্যাচ থেকেও খুঁজে নিতে পারেন সান্ত্বনা। কালকের সেঞ্চুরিটা দিয়েই যে সর্বোচ্চ রান করাদের তালিকায় নাসিরকে টপকে শীর্ষে চলে গেলেন তিনি (২৪৩)!
সংক্ষিপ্ত স্কোর
উত্তরাঞ্চল: ৫০ ওভারে ২৯১/৯ (মাহমুদুল ১০৭, জুনায়েদ ৫, নাঈম ১, মুশফিক ৩১, নাসির ৯৬, সাব্বির ৩, আরিফুল ১৭, রেজা ১, দেলোয়ার ১৭, সানজামুল ০*; হাসান ১/৪০, জায়েদ ১/৪৫, আরাফাত ২/৫১, নাবিল ১/৫২, মুমিনুল ১/৩৩, অলক ০/২০, আসিফ ২/৫০)। পূর্বাঞ্চল: (লক্ষ্য ৪৬ ওভারে ২৭৮): ৪৫ ওভারে ২৮১/৭ (তামিম ৫, লিটন ৫০, মুমিনুল ৭৮, তাসামুল ১১, অলক ১৩, আসিফ ৪৬, মিলন ৮, হাসান ৩৯*, আরাফাত ১৮*; দেলোয়ার ১/৪০, রেজা ২/৫৮, মাহমুদুল ০/৪৪, তাইজুল ৩/৫৬, সানজামুল ০/২৪, নাসির ০/৫৩)।
ফল: পূর্বাঞ্চল ৩ উইকেটে জয়ী (ডি/এল)।
ম্যান অব দ্য ম্যাচ: আবুল হাসান (পূর্বাঞ্চল)।