মুমিনুলের দশম সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় এখন টি-টোয়েন্টির রঙিন ক্রিকেটে বুঁদ হয়ে থাকার। এশিয়া কাপ টি-টোয়েন্টি চলছে। এরপর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই উপলক্ষে বাংলাদেশ জাতীয় দলও অনেক দিন ধরে শুধু টি-টোয়েন্টিই খেলছে। তাই সতীর্থরা যখন এশিয়া কাপ-বিশ্বকাপ নিয়ে ব্যস্ত, ‘টেস্ট ব্যাটসম্যান’ মুমিনুল হক তখন ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট লিগে।
সেখানেই কাল আবার নিজেকে মেলে ধরলেন মুমিনুল। নিজের শহর কক্সবাজারে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের অধিনায়ক। ৪১ বলেই ফিফটি ছোঁয়া মুমিনুল ১৫ চার ও ১ ছয়ে ১১৮ বলে ১১২ রান করেছেন। প্রথম শ্রেণিতে মুমিনুল দশম সেঞ্চুরি পেলেও ১৩ রানের জন্য দশম সেঞ্চুরি পাননি সতীর্থ তাসামুল হক। কাল দ্বিতীয় দিন শেষে সেঞ্চুরির সুবাস পাচ্ছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা জাকির হাসানও (৯২*)। এই ত্রয়ীর ব্যাটে চড়েই প্রথম ইনিংসে ৫ উইকেটে ৩৪৫ রান তুলে দক্ষিণাঞ্চলের চেয়ে ৮৩ রানে এগিয়ে পূর্বাঞ্চল।
একই শহরের একাডেমি মাঠে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে ৯ উইকেট হাতে নিয়ে ১১৫ রানে এগিয়ে ওয়ালটন মধ্যাঞ্চল। দিনের শুরুতে প্রথম ইনিংসে ২৬০ রানে অলআউট দলটি দ্বিতীয় ইনিংসে দিন শেষে ১ উইকেটে ২৩ রান তুলেছে। এর মাঝে ৬৫.১ ওভার ব্যাট করে ১৬৮ রানে অলআউট উত্তরাঞ্চল। সর্বোচ্চ ৬১ রান অধিনায়ক নাঈম ইসলামের। প্রথম ইনিংসে মধ্যাঞ্চলের সর্বোচ্চ স্কোরার মোহাম্মদ শরীফ (৪৮) বল হাতেও দলের সেরা পারফরমার (৪/৫৯)।
সংক্ষিপ্ত স্কোর
মধ্যাঞ্চল: ৮৫.৪ ওভারে ২৬০ ও ১৫ ওভারে ২৩/১ (মার্শাল ১২*; তাইজুল ১/২)। উত্তরাঞ্চল: ৬৫.১ ওভারে ১৬৮ (নাঈম ৬১, জুনায়েদ ২৮; শরীফ ৪/৫৯, মোশাররফ ৩/৫৫)। দক্ষিণাঞ্চল: ৭৮.১ ওভারে ২৬২। পূর্বাঞ্চল: ৯৬ ওভারে ৩৪৫/৫ (মুমিনুল ১১২, জাকির ৯২*, তাসামুল ৮৭; রাজ্জাক ২/১৪১)।