মুমিনুলের নেতৃত্বে খেলবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমার্জিং টিমস এশিয়া কাপের প্রস্তুতি বাংলাদেশ শুরু করেছে গত সপ্তাহে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সপ্তাহখানেকের প্রস্তুতি শেষে কাল সকালে কক্সবাজারে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানেই শুরু তাদের আসল প্রস্তুতি। তার আগে মুমিনুল হককে অধিনায়ক করে বিসিবি ঘোষণা করেছে ১৫ সদস্যের দল। জাতীয় দলের বাইরে থাকা নাসির হোসেন থাকছেন মুমিনুলের ডেপুটি হিসেবে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আয়োজনে আট দলের এই টুর্নামেন্টে এশিয়ার চার টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা খেলবে তাদের অনূর্ধ্ব-২৩ দল নিয়ে। তবে আফগানিস্তান, হংকং, নেপাল ও মালয়েশিয়ার জাতীয় দলই খেলবে।
বয়সভিত্তিক দল হলেও স্কোয়াডে জাতীয় দলের চার খেলোয়াড়কে রাখতে পারবে টেস্ট খেলুড়ে চারটি দেশ। বাংলাদেশ দলে যে মুমিনুল, নাসির, মোহাম্মদ মিঠুন ও আবুল হাসান থাকছেন, সেটি জানা গেছে আগেই। ২৩ বছরের কম বয়স বলে খেলবেন ৭ টেস্ট খেলা মেহেদী হাসান মিরাজও। দলে আছেন আন্তর্জাতিক ক্রিকেট খেলা আরও দুই খেলোয়াড়—নাজমুল হোসেন ও আবু হায়দার। আবুল হাসান ও সাইফ উদ্দিন অবশ্য দলের সঙ্গে যোগ দেবেন শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচ খেলে। দলের ম্যানেজার নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার আর প্রধান কোচ মিজানুর রহমান।
বাংলাদেশ দলের খেলোয়াড়েরা লাল ও সবুজ দুই দলে ভাগ হয়ে আজ ও কাল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। ২৭ মার্চ কক্সবাজারে হংকংয়ের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। একই ভেন্যুতে বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে পরের দিন। গ্রুপের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গে মুমিনুলরা খেলবেন ৩০ মার্চ।
১ এপ্রিল প্রথম সেমিফাইনাল হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একই সময়ে শুরু হওয়া দ্বিতীয় সেমিফাইনালটি এম এ আজিজে। ৩ এপ্রিল জহুর আহমেদ স্টেডিয়ামে দিবারাত্রির ফাইনাল। টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য সাতটি দল বাংলাদেশে পা রাখবে ২৫ মার্চ থেকে।
ইমার্জিং কাপে বাংলাদেশ দল:
মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, আবুল হাসান, আবু হায়দার, আজমীর আহমেদ, রাহাতুল ফেরদৌস, আফিফ হোসেন, সালমান হোসেন, নাসুম আহমেদ।