মুমিনুলের বিদায়ে শুরু হলো দিন

মুমিনুল হক-৬ বলে ০ রান!
না, ওয়েলিংটন টেস্টে শূন্য হাতে ফিরছেন না মুমিনুল। দ্বিতীয় ইনিংসে যাই হোক, এই টেস্টের প্রাপ্তির খাতায় প্রথম ইনিংসে মুমিনুলের ঝকঝকে ইনিংসটা থাকবেই। কিন্তু প্রথম দিনের ৬৪ রানের ইনিংসটা যে আজ আর বাড়াতে পারলেন না মুমিনুল। আগের দিনের স্কোরের সঙ্গে কোনো কিছু যোগ না করেই ফিরেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
প্রথম দিনের ঘাটতি কাটাতে আধা ঘণ্টা আগেই খেলা শুরু হলো দ্বিতীয় দিনের। শুরুতেই ধাক্কা, দিনের ১৯তম বলেই আউট হয়ে গেছেন মুমিনুল হক।টিম সাউদির বলটা না খেললেও হয়তো পারতেন। কিন্তু রাউন্ড দ্য উইকেট থেকে সাউদির বোলিং তাঁকে বাধ্য করল বলটা খেলতে। কোনাকুনি অ্যাঙ্গেল থেকে করা বল পিচ করে চলে গেল অন্য দিকে। সঙ্গে বাড়তি বাউন্স তো ছিলই। দোনোমনা ভঙ্গিতে মুমিনুলের খোঁচা, বল ব্যাট ছুঁয়ে উইকেটকিপার বিজে ওয়াটলিংয়ের কাছে।
১৬০ রানে চতুর্থ উইকেট হারানোর পর বাংলাদেশের ইনিংসটা গতি হারাতে পারত। সেটা হতে দেননি সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দুজনের ইতিবাচক ব্যাটিং দৃঢ়তায় এখনো পথ হারায়নি বাংলাদেশের ইনিংস। তবে দুজনেই বেশ কিছু সুযোগ দিয়েছিলেন নিউজিল্যান্ডকে। ভাগ্যের সহায়তায় কোনো বিপদ ঘটেনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ করেছে ২১০ রান।