মুমিনুলের বিশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুমিনুল হক
মুমিনুল হক

এবারের বিপিএলে মুমিনুল হকের প্রাপ্তি কী? এক শব্দে বললে ‘বিশ্বাস’। বাংলাদেশ দলের এই বাঁহাতি ব্যাটসম্যানের বিশ্বাস জন্মেছে, টি-টোয়েন্টিতেও তিনি দীপ্তি ছড়াতে পারেন।
জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে দুই দিন আগেই মুমিনুল চলে গেছেন সিডনিতে। অস্ট্রেলিয়ায় রওনা হওয়ার আগে মূল্যায়ন করেছে বিপিএলে নিজের পারফরম্যান্স। টুর্নামেন্টে তাঁর শুরুটা হয়েছে অসাধারণ। খুলনা টাইটানসের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচে ৫৭ বলে করেন ৬৪ রান। প্রথম ছয় ম্যাচে তাঁর রান ২১৬। এর মধ্যে হাফ সেঞ্চুরি তিনটি। তবে শুরুর ছন্দটা পরে ঠিক ধরে রাখতে পারেননি। পরের ৯ ম্যাচে রান ১১৫। হাফ সেঞ্চুরি নেই একটিও। ১৫ ম্যাচে মুমিনুলের রান ৩৩১। পরিসংখ্যান আগের তুলনায় ভালো হলেও আফসোস ঠিকই থেকে গেছে মুমিনুলের, ‘শেষ কটা ম্যাচে রান করতে পারিনি। শেষ দিকে ভালো করতে পারলে আরও ভালো লাগত। তবু যা হয়েছে খারাপ না।’
মুমিনুল ভালো করেছেন গত ঢাকা প্রিমিয়ার লিগেও। ১৬ ম্যাচে ১ সেঞ্চুরি, ৭ ফিফটিতে ৪১.৯৩ গড়ে ৬৭১ রান করে ছিলেন শীর্ষ পাঁচে। প্রিমিয়ার লিগের পর বিপিএলের পারফরম্যান্স মুমিনুলকে আত্মবিশ্বাসী করছে, ‘নিজের ভেতর একটা বিশ্বাস এসেছে, না আমি এই সংস্করণেও পারব। তবে উন্নতি করার এখনো অনেক কিছু বাকি আছে। খেলতে খেলতে আরও অভ্যস্ত হয়ে যাবে।’
এখনো ওয়ানডে কিংবা টি-টোয়েন্টির ব্যাটসম্যান হিসেবে স্বীকৃতি না পাওয়া মুমিনুলের জন্য সীমিত ওভারে বাংলাদেশ দলের দরজাটা খুলবে কি না সময়ই বলে দেবে। তবে নিউজিল্যান্ডে তিনি নিয়ে যাচ্ছেন বিপিএল-উদ্ভূত আত্মবিশ্বাস। মুমিনুলকে প্রেরণা দেবে আগের পরিসংখ্যানও। ২০১৩ সালের অক্টোবরে দেশের মাটিতে কিউইদের বিপক্ষে টেস্ট দিয়েই তাঁর ঝলমলে আবির্ভাব, দুই টেস্টে ১৮৮ গড়ে রান ৩৭৬। দুটিতেই সেঞ্চুরি করেন। তবে মুমিনুল জানেন, কিউইদের সঙ্গে ভালো করেছেন দেশের চেনা পরিবেশে। এবার সামনে ভিন্ন চ্যালেঞ্জ। তবে এই পরীক্ষাতেও উতরে যেতে চান তিনি, ‘আমাদের কন্ডিশন আর ওদেরটা এক নয়। তবে ভালো করতে হলে ওই কন্ডিশনে মানিয়ে নিতে হবে। নিউজিল্যান্ডে যাওয়ার আগে প্রস্তুতি ক্যাম্প আছে। আশা করি, ওখানেই তৈরি হয়ে যাবে।’
মুমিনুলের জন্য নিউজিল্যান্ডের কন্ডিশন একেবারে অচেনা নয়। ২০১০ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে তাঁর। বিপিএলে নিজেকে চেনানো, কিউইদের সঙ্গে উজ্জ্বল পারফরম্যান্স আর বয়সভিত্তিক ক্রিকেটে সেখানে খেলার অভিজ্ঞতা—নিউজিল্যান্ড সফরটা স্মরণীয় করে রাখার সব উপকরণই মুমিনুলের সামনে! এবার নিজেকে মেলে ধরার অপেক্ষা।