মুমিনুলের সেঞ্চুরির আশায় ছিলাম

দিন শেষে ৪ উইকেটে ২৩৬ খারাপ বলব না। শেষ বলের আগে বলে মুমিনুল আউট না হলে খুবই ভালো বলতে পারতাম। আশা ছিল মুমিনুল সেঞ্চুরি করবে। সেটি দেখতে আগ্রহ নিয়ে বসে ছিলাম। তবে ও সেঞ্চুরি না পেলেও সব মিলিয়ে বাংলাদেশের দিনটা ভালোই কেটেছে। ২৬০-২৭০ হলে হয়তো আরেকটু ভালো হতো। কিন্তু যা হয়েছে, বেশ ভালোই।
এই জায়গায় পাকিস্তানি বোলারদের কৃতিত্ব দেব। ওরা খুবই ভালো জায়গায় বল ফেলেছে। খুব বেশি শট খেলতে দেয়নি। বোলিং একরকম আঁটসাঁটই হয়েছে। তবে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ খারাপ নয়। আরেকটু তাড়াহুড়ো করে রান তুলতে গেলে আরও বেশি উইকেট চলে যেতে পারত। সেটা ভালো হতো না। মনে রাখা উচিত, আমরা বেশ কিছুদিন পর টেস্ট খেলছি। টানা কিছুদিন একধরনের ক্রিকেট খেলে অন্য একধরনের ক্রিকেটে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকেই।
সাকিব ক্রিজে আছে, দুর্দান্ত ফর্মের মুশফিক ব্যাট করবে। সৌম্য, শুভাগত হোমের ব্যাটিং ক্ষমতা ভালোই। কাল (আজ) সকালে শুরুটা ভালো হলে অনেক বড় স্কোর সম্ভব। চা-বিরতি পর্যন্ত বাংলাদেশ ব্যাট করতে পারলে ৪৫০-৫০০ স্কোর হয়ে যেতে পারে।
এই উইকেটে সেটি অনেক ভালো স্কোরই হবে। সাকিব-মুশফিক বা সৌম্য বড় ইনিংস খেলতে পারলে আরও বেশি রান আসবে। তবে ছেলেরা রান তুলতে গিয়ে তাড়াহুড়ো করে উইকেট হারিয়ে আসুক এটা চাই না। প্রথম দিন যেভাবে ব্যাটিং করেছে, সেভাবে করলেই হবে।
একাদশে আটজন ব্যাটসম্যান, অনেকে হয়তো ভাবছেন একটু রক্ষণাত্মক মানসিকতা নিয়েই নেমেছে বাংলাদেশ। আমার মতামত একটু ভিন্ন। যাঁরা একাদশ ঠিক করেছেন, নিশ্চয়ই উইকেট দেখে ইতিবাচক ভাবনা থেকেই সিদ্ধান্তটা নিয়েছেন। কারণ, বাংলাদেশ দল ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এখন দারুণ আত্মবিশ্বাসী। এ অবস্থায় নেতিবাচক ভাবনা থেকে কেউ কোনো সিদ্ধান্ত নেবেন বলে মনে হয় না।
টেস্ট অভিষিক্ত সৌম্য আর শহীদ নিজেদের সামর্থ্য দিয়েই দলে এসেছে। আশা করি ওরা সেটির প্রমাণও দেবে। দলের সবাই নিশ্চয়ই এ দুজনকে অনেক সমর্থন ও সাহস দেবে। ভালো পারফরম্যান্সের জন্য সতীর্থদের এ সমর্থনটা খুবই জরুরি।