মুমিনুলের 'ঘুষি'টা নিজেকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর মুমিনুলের ব্যতিক্রমী উদ্‌যাপন। ছবি: এএফপি
সেঞ্চুরির পর মুমিনুলের ব্যতিক্রমী উদ্‌যাপন। ছবি: এএফপি
>* ২০১৪ সালের নভেম্বরের পর টেস্টে সেঞ্চুরি পেয়েছেন মুমিনুল হক।
* সেঞ্চুরির পর তাঁর উদ্‌যাপনটা নিয়ে হয়েছে অনেক আলোচনা।
* মুমিনুল আজ শুনিয়েছেন তাঁর উদ্‌যাপনের গল্প।

ডান হাতে ব্যাটটা ধরে ধনুকের মতো শরীরটা বাঁকিয়ে বাঁ হাতে শূন্যে ঘুষি! পরে ড্রেসিংরুমের দিকে একহাতে হেলমেট, আরেক হাতে ব্যাট উঁচিয়ে ড্রেসিংরুমে সতীর্থদের অভিনন্দনের জবাব—মুমিনুল হকের উদ্‌যাপন নিয়ে কাল অনেক আলোচনাই হয়েছে। সেঞ্চুরি উদ্‌যাপনে মুমিনুলের এমন আবেগের বিস্ফোরণ আগে যে দেখা যায়নি!

উদ্‌যাপনের পেছনের কথা, সেঞ্চুরির পর বাতাসে অদৃশ্য ঘুষির কথা কাল কিছুই শোনা হয়নি মুমিনুলের কাছে। অপরাজিত থাকায় কাল তাঁর মুখ থেকে শোনা হয়নি অনিন্দ্যসুন্দর দিনটার গল্পও। আজ হলো। সংবাদ সম্মেলনে আসার পথেই ঘুষিটার কথা জানতে চাওয়া হলো।

‘ঘুষিটা নিজেকেই মেরেছি!’ নিজেকে! কেন নিজেকেই ‘মেরেছেন’, সংবাদ সম্মেলনকক্ষে সেটির আরেকটু বিশদ ব্যাখ্যা দিলেন মুমিনুল, ‘আপনারা যেটা মনে করছেন, ও রকম কোনো কারণ ছিল না। চ্যালেঞ্জটা নিজের সঙ্গেই ছিল। অনেক দিন সেঞ্চুরি করতে পারছিলাম না। ৬০-৭০-৮০ করে আউট হচ্ছিলাম বারবার। নিজের কাছে ভালো লেগেছে, (সেঞ্চুরি) করতে পেরেছি।’

অদৃশ্য ঘুষির লক্ষ্যবস্তু যে চন্ডিকা হাথুরুসিংহে নন, মুমিনুল নিশ্চয়ই সেটি প্রকাশ্যে বলতে যাবেন না। তবে এ-ও ঠিক, তাঁর নিজের সঙ্গে নিজেরও একটা চ্যালেঞ্জ ছিল। গত তিন বছরে তাঁর সঙ্গে মাঠের বাইরে যা হয়েছে সেটি নয়, মুমিনুল তাই বড় করে দেখছেন এ সময়টাতে তীব্র হয়ে ওঠা রান-ক্ষুধাটা, ‘এ ধরনের চিন্তাভাবনা ছিল না (জবাব দেওয়া)। ৬০-৭০ করে বারবার আউট হচ্ছিলাম। নিজের কাজে নিজেরই চ্যালেঞ্জ ছিল। দলের সবার সাপোর্ট ছিল। আপনারাও আমাকে সমর্থন করেছেন। দেশের সবাই সমর্থন করেছে। ৭০-৮০ রানে বারবার আউট হওয়ার কারণে বড় ইনিংস খেলার তাগিদ ছিল।’

দুই দলের একই টিম হোটেল হলেও হাথুরুসিংহের সঙ্গে এখনো তেমন কথাবার্তা হয়নি মুমিনুলের। শুধু ঢাকা থেকে চট্টগ্রামে একই ফ্লাইটে আসার সময় একবার দেখা হয়েছিল। ‘মিনি’কে দেখে নাকি তখন মজা করে হালকা ‘কনুই’ মেরেছিলেন হাথুরু! মুমিনুল পাল্টা কনুই-টনুই আর মারেননি (মারা যায় নাকি!) ২২ গজে দুর্দান্ত খেলে একেবারে ‘ঘুষি’ই মেরেছেন। না, মুমিনুল বলছেন, হাথুরুকে নন, ওটা আসলে তাঁর ‘দুঃসময়’কে!