ভারত থেকে ফেরার পর ১০ দিনের ছুটি শেষ। শ্রীলঙ্কা সফরের জন্য আজ থেকে আবারও অনুশীলনে নেমে পড়বে বাংলাদেশ দল। তবে সবাই কিন্তু ছুটি কাটাননি। কেউ কেউ ব্যস্ত ছিলেন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলতে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে থাকা মুমিনুল হক, সৌম্য সরকার, কামরুল ইসলাম, লিটন দাস, মোসাদ্দেক হোসেন ও শুভাশিস রায় খেলেছেন বিসিএলের চতুর্থ রাউন্ডে। কেমন হয়েছে তাঁদের বিসিএল-প্রস্তুতি?
বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে মুমিনুল হককে দুটি কাজ দিয়েছিলেন—স্পিনারদের ভালোভাবে সামলানো ও লম্বা সময় ব্যাটিং করা। দুটি নিয়েই অতৃপ্তি থেকে গেছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে খেলা মুমিনুলের। ফতুল্লায় ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে করেছেন ২৪ (৫৯ বল) ও ১৯ রান (৩৮ বল)। দুই ইনিংসেই তিনি স্পিনারদের শিকার। প্রস্তুতি নিয়ে তাই অসন্তুষ্ট মুমিনুল, ‘উইকেট ভালোই ছিল। তবে নিজের ব্যাটিং নিয়ে খুশি না। বেশিক্ষণ উইকেট থাকতে চেয়েছি, সেটা হয়নি। চেষ্টা করব এখানকার ভুলগুলো শুধরে সামনের সিরিজে ভালো করতে।’
শতভাগ ফিট না হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত ১৬ সদস্যের টেস্ট দলে নেই ইমরুল কায়েস। হায়দরাবাদ টেস্টের মতো গলেও উদ্বোধনী জুটিতে তামিম ইকবালের সঙ্গী সৌম্য সরকারই হয়তো হবেন। বিকেএসপির ব্যাটিং-বান্ধব উইকেটে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের এই ওপেনার রানআউট ২৬ করে। প্রথম দিনে লাঞ্চের আগেই ফেরা সৌম্য কি আর ভেবেছিলেন ম্যাচে তাঁর আর ব্যাটিংই করা হবে না!
আগেভাগে ফিরে যাওয়া আর তুষার ইমরানের দুর্দান্ত ইনিংসের সৌজন্যে প্রথম দুই দিনের বেশিটাই ড্রেসিংরুমে কেটেছে সৌম্যর। বাকি সময় কেটেছে ফিল্ডিং করে। ফলোঅনে পড়া উত্তরাঞ্চল প্রায় আড়াই দিন ব্যাটিং করে ম্যাচটা ড্র করে ফেলে। ব্যাটিংটা ভালোভাবে ঝালিয়ে নিতে না পেরে সৌম্য তাই অতৃপ্ত, ‘ব্যাটিং করার আর সুযোগ পেলাম কোথায়? তিন দিন তো শুধু ফিল্ডিংই করলাম!’
ম্যাচে কতটা ‘ওয়ার্ক লোড’ নিতে পারেন, সেটা বোঝাই ছিল কামরুলের মূল লক্ষ্য। ফতুল্লায় পূর্বাঞ্চলের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ২৪ ওভার বোলিং করেছেন ওয়ালটন মধ্যাঞ্চলের এই পেসার। উইকেট পেয়েছেন ৩টি। পাঁচ টেস্ট খেলা কামরুল সন্তুষ্ট নিজের প্রস্তুতি নিয়ে, ‘যে লক্ষ্য নিয়ে খেলেছিলাম, অনেকটাই পূরণ হয়েছে। শ্রীলঙ্কার সঙ্গে আমাদের কন্ডিশনের অনেক মিল। ম্যাচে হয়তো অসাধারণ কিছু করতে পারিনি। তবে প্রস্তুতিটা ভালোই হয়েছে।’
প্রস্তুতি ভালো হয়েছে মোসাদ্দেকেরও। উত্তরাঞ্চলের বিপক্ষে ফিফটি পেয়েছেন দক্ষিণাঞ্চলের এই ব্যাটসম্যান। তবে পূর্বাঞ্চলের হয়ে লিটন দাস খুব একটা ভালো করতে পারেননি, দুই ইনিংস মিলিয়ে করেছেন ২৮ রান। এক ইনিংসে বোলিংয়ের সুযোগ পেয়েছেন উত্তরাঞ্চলের শুভাশিস রায়, ২২ ওভারে ৭২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
ছুটি আর বিসিএল-প্রস্তুতি শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। কোচিং স্টাফদের মধ্যে সবার আগে চলে এসেছেন ট্রেনার মারিও ভিল্লাভারায়ণ। কাল রাতে আসার কথা হাথুরুসিংহে ও ব্যাটিং পরামর্শক থিলান সামারাবীরার। আজ আসবেন সহকারী কোচ রিচার্ড হ্যালসল আর কাল ফিজিও ডিন কনওয়ে। বোলিং কোচ কোর্টনি ওয়ালশ দলের সঙ্গে যোগ দেবেন শ্রীলঙ্কায়।