মুম্বাইকে টিকে থাকতে যা করতে হবে

দুই দলের অধিনায়কই বর্তমান ভারতীয় ক্রিকেটের দুই মহিরুহ। বিরাট কোহলি ও রোহিত শর্মা। পয়েন্ট টেবিলেও মিল আছে দুটি দলের। সমানসংখ্যক ম্যাচে সমান জয়ে সমান পয়েন্ট। শুধু নেট রানরেটে এগিয়ে রোহিতের মুম্বাই টেবিলের ছয়ে, আর কোহলির বেঙ্গালুরু তার এক ধাপ নিচে। আরেকটি মিল হলো, দুই ‘হেভিওয়েট’ দলই এবার আইপিএল থেকে ছিটকে পড়ার মুখে!
৭ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে মুম্বাই (০.০৩৩) টেবিলের ছয়ে। তাঁদের সমান জয়ে সমান পয়েন্ট পেলেও বেঙ্গালুরু (-০.৪৪৭) নেট রানরেটে পিছিয়ে সাতে। দুই দলেরই হাতে রয়েছে আর ৭টি করে ম্যাচ। প্লে-অফ নিশ্চিত করতে ৬ ম্যাচ জিততেই হবে দুই দলকে।
অর্থাৎ আইপিএল মৌসুমের দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়েছে মুম্বাই-বেঙ্গালুরু। বাকি ৭ ম্যাচের প্রথমটিতে আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে দল দুটি একে-অপরের প্রতিপক্ষ। কোনো ভুলের সুযোগ নেই।
কোহলির বেঙ্গালুরু এই পথে নেমে অতীত থেকে প্রেরণা নিতে পারে। ২০১৫ আইপিএলেও এই পথ পর্যন্ত ৭ ম্যাচে ২ জয়ের মুখ দেখেছিল দলটি। কিন্তু শেষ পর্যন্ত ঠিকই প্লে-অফ খেলেছিল বেঙ্গালুরু। পরের বছরেও প্রায় একই চিত্র। প্রথম ৭ ম্যাচে ৩ জয় কিন্তু ঠিকই প্লে-অফে খেলেছে কোহলির দল।
কাকতালীয় ব্যাপার হলো, ২০১৫ আইপিএলে বেঙ্গালুরুর মতো মুম্বাইও প্রথম ৭ ম্যাচে ২ জয়ের মুখ দেখেছিল। পরের মৌসুমের প্রথমার্ধেও মুম্বাইয়ের সেই বেঙ্গালুরুর ধারাবাহিকতা—৭ ম্যাচে ৩ জয়! সেবার চ্যাম্পিয়ন হতে না পারলেও তার আগের মৌসুমে মুম্বাই কিন্তু ঠিকই শিরোপা জিতেছিল।
অর্থাৎ আইপিএলে বেশ দেরিতে ঘুম ভাঙে এই দুই ‘হেভিওয়েট’ দলের। কিন্তু টুর্নামেন্ট গড়িয়ে চলার সঙ্গে তাঁরাও আড়মোড়া ভেঙে জেগে ওঠে। কিন্তু আজ যে দল হারবে, তাঁরা প্লে-অফে খেলার পথে অনেকটাই পিছিয়ে পড়বে। কারণ, হারলে বাকি ৬ ম্যাচই জয়ের চ্যালেঞ্জ নিতে হবে। তাই আজ মোস্তাফিজুর রহমানদের যেমন কঠিন পরীক্ষা, তেমনি কোহলিদেরও।
আইপিএল পয়েন্ট টেবিল (এইচটিএমএল):
আইপিএল পয়েন্ট টেবিল | ||||
দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট |
চেন্নাই সুপার কিংস | ৮ | ৬ | ২ | ১২ |
সানরাইজার্স হায়দরাবাদ | ৮ | ৬ | ২ | ১২ |
কিংস ইলেভেন পাঞ্জাব | ৭ | ৫ | ২ | ১০ |
কলকাতা নাইট রাইডার্স | ৮ | ৪ | ৪ | ৮ |
রাজস্থান রয়্যালস | ৭ | ৩ | ৪ | ৬ |
মুম্বাই ইন্ডিয়ানস | ৭ | ২ | ৫ | ৪ |
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ৭ | ২ | ৫ | ৪ |
দিল্লি ডেয়ারডেভিলস | ৮ | ২ | ৬ | ৪ |