মুম্বাইয়ের অভিনব শাস্তি 'সং' সাজিয়ে

> কতভাবেই না শাস্তি পেতে হয়। কিন্তু জিমে দেরি করে যাওয়ার শাস্তি যদি ‘সং সাজা’ হয়, তাহলে কেমন হয়!
ক্রিকেট দলে শৃঙ্খলা ধরে রাখাটা খুবই জরুরি। সেটা মাঠের খেলাতেই হোক, কিংবা মাঠের বাইরে। মাঠের খেলার শৃঙ্খলা বজায় রাখতে অনেক পদক্ষেপই নেওয়া যায়। কিন্তু মাঠের বাইরের শৃঙ্খলা? সেটি ধরে রাখতে অভিনব একটা উপায়ই বেছে নিয়েছে আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ানস। অনুশীলনে বা জিমে আসতে দেরি করলে বা অন্য কোনো কারণে শৃঙ্খলা বজায় রাখতে খেলোয়াড়দের ‘সং’ সাজিয়ে শাস্তি দিচ্ছে তারা।
এই পদক্ষেপের প্রথম শিকার তিন ভারতীয় ক্রিকেটার—ইশান কিষান, অনুকূল রায় ও রাহুল চাহার। জিম সেশন মিস করায় তাঁদের বিচিত্র রঙের পোশাক পরতে বাধ্য করা হয়েছে।
কেমন সেই বিচিত্র পোশাক। আসলেই বিচিত্র—নকশায়, রঙে। যা পরলে যে কাউকে ‘সং’ই মনে হবে। মুম্বাই ইন্ডিয়ানসের খেলোয়াড়দের নিয়ে তৈরি ‘ইমোজি’তে ভরা সেই পোশাক পরে ইশান, অনুকূল আর রাহুলদের অবস্থা কেমন দাঁড়িয়েছিল, সেটা সহজেই বোঝা যায়।
পুরো দলের সঙ্গে বিমানভ্রমণের সময় এই বিচিত্র পোশাক দৃষ্টি এড়ায়নি সাধারণ মানুষের। ব্যাপারটা নিয়ে বলেছেন ইশান, ‘পোশাকটা পরে কেমন যেন লাগছিল। বিমানবন্দরে গিয়ে আমি সানগ্লাস পরে ফেলি। কেউ যেন আমাকে চিনতে না পারে। আমার যেন কারও চোখে চোখ না পড়ে। খুব লজ্জা লাগছিল। আমি জিম সেশন মিস করেছি। আমাকে এক দিন আগেই বলা হয়েছিল কিন্তু কীভাবে যেন ভুলে গেছি।’