মুম্বাইয়ের গলির ক্রিকেটে স্টেইন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেল স্টেইন। ছবি: এএফপি।
ডেল স্টেইন। ছবি: এএফপি।

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ডেল স্টেইনের। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই দক্ষিণ আফ্রিকার গতি তারকা কেন যেন বেশ নিষ্প্রভ। বিশ্বকাপের বাজে পারফরম্যান্সই হয়তো গুজরাট লায়নসের হয়ে আইপিএলে মাঠে নামতে দেয়নি তাঁকে এখনো। গুজরাটের প্রথম তিনটি ম্যাচের একটিতেও প্রথম একাদশে খেলার সুযোগ হয়নি স্টেইনের। কিন্তু তাতে কী! স্টেইন কিন্তু ঠিকই বের করে নিয়েছেন খেলার সুযোগ!
মুম্বাইয়ের রাস্তায় একদল ছেলেকে ক্রিকেট খেলতে দেখে বসে থাকতে পারেননি স্টেইন। নেমে পড়েন তাদের সঙ্গে। পেয়েছেন একটি উইকেটও। আইপিএলে এখনো বোলিং করার সুযোগ না পেলেও মুম্বাইয়ের গলিতে খেলে খেলাবিহীন সময়টাকে নিজের মতো করে উপভোগই করেছেন। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেটির ভিডিও।
স্টেইনের জন্য ব্যাপারটি নতুন কিছু নয়। গত বছর জুলাইয়ে বাংলাদেশ সফরে চট্টগ্রামের টিম হোটেলের পাশেই একদল ছেলের সঙ্গে ফুটবলে মেতে উঠেছিলেন। বৃষ্টিভেজা সেই বিকেলে ‘পাড়ার ফুটবল’টাও সেদিন দারুণ উপভোগ করেছিলেন। তুলে ধরেছিলেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। সূত্র : টাইমস নিউজ নেটওয়ার্ক।