মুম্বাইয়ের পাও ভাজি খেয়ে মুগ্ধ কামিন্স
কলকাতা নাইট রাইডার্সের মূল একাদশে গত কয়েক ম্যাচ ধরে সুযোগ পাচ্ছেন না। সে হিসাবে মুম্বাইয়ে বেশ ভালোই অবসর সময় কাটাচ্ছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। সঙ্গে স্ত্রী-সন্তান যেহেতু আছে, সময়টা খারাপ কাটছে না মোটেও। প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের সঙ্গে ছবি দিচ্ছেন। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাশেজ সিরিজ, পাকিস্তান সিরিজে নেতৃত্ব দেওয়ার পর স্ত্রী-সন্তানকে কাছে পেয়ে বেশ সন্তুষ্ট আছেন, সেটা বোঝা যাচ্ছে।
ভারতে খেলবেন, আর ভারতের খাবার চেখে দেখবেন না, তা কি হয়? এর আগে ভারতে বহুবার এলেও কখনো নিজের গৎবাঁধা খাদ্যতালিকার বাইরে সেভাবে কিছু খেয়ে দেখেননি। খেয়ে দেখলে নিশ্চয়ই ভারতীয় খাবার নিয়ে ধারণা থাকত। ধারণা যেহেতু নেই, তাই ভারতের কোন খাবার চেখে দেখা যায়, সেটার জন্য টুইটারের বাসিন্দাদের কাছে মতামত চাইলেন। ভারতের মুখরোচক কোন এক খাবার খাওয়ার বড্ড শখ হয়েছিল যে এই পেসারের!
প্রথম টুইটে জিজ্ঞেস করলেন, ‘মুম্বাইয়ের যাঁরা আমাকে অনুসরণ করেন, তাঁদের কাছে জানতে চাচ্ছি, মুম্বাইয়ের কোন খাবারটা রাতের খাবারের জন্য খাওয়া উচিত?’ টুইটারের মানুষও সোৎসাহে নিজের মতামত দেওয়া শুরু করলেন। সবচেয়ে বেশি ভোট পড়ল বাড়া পাও, পাও ভাজি ও মিসাল পাওয়ের বক্সে। কিন্তু তিনটিই তো আর অর্ডার করা যায় না। এখন উপায়?
ভোটাভুটি আছে না! টুইটারে ভোটের আয়োজন করলেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক। সেখানে কার কপালে কত ভোট পড়ল কে জানে, তবে টিভি উপস্থাপক রাজদীপ সারদেশাইয়ের পরামর্শটা বেশ মনে ধরল এই পেসারের। রাজদীপ লিখেছিলেন, অতিরিক্ত মাখন দিয়ে পাও ভাজি হয়তো পছন্দ করতে পারেন কামিন্স। পরে দেখা গেল, সেটাই অর্ডার করেছেন। ছবিও পোস্ট করলেন পাও ভাজির।
খেয়ে এতটাই মুগ্ধ হয়েছেন, এক অনুসরণকারীর টুইটের জবাবে লিখলেন, ‘আমি ১১ বছর ধরে ভারতে আসছি, কীভাবে এই দুর্দান্ত খাবারটা এত দিনেও চেখে দেখিনি? দুর্দান্ত খেতে!’
কামিন্সের এই বদান্যতা মন জয় করে নিয়েছে ভারতের টুইটার ব্যবহারকারীদের।