'মুরলিধরনের ভাগ্য ভালো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুরালির অ্যাকশন নিয়ে প্রশ্ন আছে ইউসুফের মনে। ফাইল ছবি
মুরালির অ্যাকশন নিয়ে প্রশ্ন আছে ইউসুফের মনে। ফাইল ছবি

খেলোয়াড়ি জীবনের মুত্তিয়া মুরলিধরনের বোলিং অ্যাকশন নিয়ে কম বিতর্ক হয়নি। নব্বইয়ের দশকে তাঁর বোলিংকে ‘অবৈধ’ ঘোষণাই করে দিয়েছিলেন অস্ট্রেলীয় আম্পায়ার ড্যারেল হেয়ার। এ নিয়ে জলঘোলা কম হয়নি। বায়োমেকানিকস পরীক্ষার সম্মুখীনও হতে হয়েছিল তাঁকে। কিন্তু কোনো পরীক্ষাই মুরলির ‘গ্রেট’ হওয়ার পথে বাধার সৃষ্টি করতে পারেনি। টেস্ট-ওয়ানডে উভয় ফরম্যাটেই উইকেট নেওয়ার রেকর্ড ভেঙেই শেষ হয়েছে তাঁর ক্যারিয়ার। তবে খেলা ছাড়ার পরেও তিনি যে অনেকের মন থেকেই সন্দেহ দূর করতে পারেনি তার সবচেয়ে আরেকটি প্রমাণ মোহাম্মদ ইউসুফ, পাকিস্তানের সাবেক অধিনায়ক।
ইউসুফের মতে, আইসিসির বোলিং-সংক্রান্ত বর্তমান আইন অতীতে কার্যকর হলে মুরলির ক্যারিয়ার শেষ হয়ে যেত অনেক আগেই। শ্রীলঙ্কান এই অফ স্পিনারের বিপক্ষে খেলার অভিজ্ঞতা থেকে ইউসুফের উপলব্ধি, ‘মুরলিধরন নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন যে তাঁর সময়ে আইসিসির বর্তমান আইনটি ছিল না। তিনি বোলিংয়ের সময় তাঁর কনুই এখনকার ১৫ ডিগ্রির চেয়ে অনেক বেশি বেঁকে ফেলতেন। আমি অনেকবার তাঁর বিপক্ষে খেলেছি। তাঁর বলগুলো খেললেই মনে হতো, “এই ক্রিকেটার কীভাবে আন্তর্জাতিক ক্রিকেটে বুক চিতিয়ে খেলে যাচ্ছে”।’
পাকিস্তানের জিও নেটওয়ার্কের সঙ্গে এক সাক্ষাৎকারে ইউসুফ বলেছেন, মুরলিকে সবচেয়ে ভালো খেলতেন পাকিস্তানি ব্যাটসম্যান সাঈদ আনোয়ার। সাঈদ আনোয়ারের বিপক্ষে মুরলি বহুবার ১৫ ডিগ্রির বাধা পেরিয়ে গেছেন। ইউসুফ মনে করেন, ওই সময় মুরলিধরন এক ধরনের সুবিধাই পেয়েছেন, হালের সাঈদ আজমল বা অন্য বোলারদের কপাল খারাপ, তাঁরা সেই সুবিধা পাচ্ছেন না। বরং আইসিসি বোলিং আইনের ব্যাপারে বেশ কঠোর অবস্থানই নিয়ে ফেলেছে। সূত্র: পিটিআই।