মুরসকে রুটের কৃতজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ টেস্টে ৯৫ গড়ে ১ হাজার ১৩৫ রান, সঙ্গে ওয়ানডেতেও তিনটি সেঞ্চুরি—ইংল্যান্ডের ২০১৪-১৫ মৌসুমের সেরা ক্রিকেটারের দৌড়ে জো রুট বাকিদের চেয়ে এগিয়ে ছিলেন অনেকটাই। পরশু ইংলিশ সংবাদমাধ্যমের ভোটে রুটের এই পুরস্কার পাওয়া তাই একদমই বিস্ময় হয়ে এল না। অথচ অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের পর এই রুটই বাদ পড়েছিলেন দল থেকে, সেটাও মাত্র বছর দেড়েক আগের কথা। এরপর রুট কোন জাদুমন্ত্রবলে নিজেকে বদলে ফেললেন? তিনি কৃতিত্বটা দিচ্ছেন ইংল্যান্ডের বরখাস্ত হওয়া কোচ পিটার মুরসকে।
চাইলে রুট ব্যাপারটা এড়িয়েও যেতে পারতেন। কিন্তু তিনি গুরুদক্ষিণা দেওয়াটাকে কর্তব্য বলেই মনে করলেন। এ কারণেই বলেছেন, ‘আমার মনে হয় আমার ব্যাটিংয়ে অনেক উন্নতি হয়েছে। কৃতিত্বটা পিটার মুরসকে দিতেই হবে। গত এক বছরে কোচিং বিভাগের বাকিদের নিয়ে তিনি আমার কাছ থেকে সেরাটা বের করে এনেছেন।’
২০১৩ সালের শেষে দুঃস্বপ্নের অ্যাশেজ সফরে ৪ টেস্টে ২৭ গড়ে করেছিলেন ১৯২ রান। এরপরই দলে জায়গা হারিয়ে ফেলেন। মুরস দায়িত্ব পাওয়ার পর আবার ডাক পান। রুট অতীতের আয়নায় তাকিয়ে দেখছেন সেই সময়টা, ‘অস্ট্রেলিয়া থেকে ফেরার পর বুঝতে পারলাম, আমি নিজের দুর্বলতাগুলোর পেছনে একটু বেশি সময় দিয়ে ফেলছি। সব শক্তি এখানেই খরচ করে ফেলছি। আর আমার শক্তিশালী দিকগুলো একটু উপেক্ষাই করে ফেলছি। পিটার এই ব্যাপারটা খেয়াল করেছিলেন। আমার জন্য ব্যাপারটা সহজ করে দিয়েছিলেন।’
মুরসের জন্য শুভকামনাও জানিয়েছেন, ‘তাঁর সঙ্গে কাজ করে দারুণ লেগেছিল। অসাধারণ একজন কোচ। আমার কাছ থেকে কীভাবে সেরাটা বের করতে হয়, সেটা জানতেন। আশা করি, এই খেলাটায় তিনি আরও অনেক অবদান রাখতে পারবেন।’ কদিন আগেই ইংল্যান্ডের টেস্ট দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। যাতে রোমাঞ্চিত রুট, ‘আমি দারুণ খুশি হয়েছিলাম। তখনই রাজি হয়ে যাই। আমি কুকির (অ্যালিস্টার কুক) সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছি।’ এএফপি।