মুরসের জায়গায় গিলেস্পি?

পালাবদলের হাওয়া বইছে ইংলিশ ক্রিকেটে। সে হাওয়ায় প্রথমেই ছিটকে গেছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আগের ব্যবস্থাপনা পরিচালক পল ডাউনটন। সেই জায়গায় ‘ডিরেক্টর অব ইংল্যান্ড ক্রিকেট’ নামে সৃষ্ট নতুন পদে বসানো হয়েছে সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসকে। স্ট্রাউস শুরুটাও করেছেন একেবারে ‘ফায়ার অ্যান্ড হায়ার’ নীতি নিয়ে। এরই মধ্যে ‘ফায়ার’ হয়ে গেছেন ইংল্যান্ড কোচ পিটার মুরস। যদিও তাঁকে বরখাস্ত করার প্রক্রিয়া কতটা সম্মানজনক হয়েছে—ব্রিটিশ সংবাদমাধ্যমে সেসব প্রশ্নও উঠছে। তবে সেসব ছাপিয়ে এখন আলোচনা হচ্ছে, মুরসের জায়গায় কে? এখন পর্যন্ত ব্রিটিশ সংবাদমাধ্যমে যা গুঞ্জন, তাতে সাবেক অস্ট্রেলিয়ান পেসার ও ইয়র্কশায়ার কোচ জেসন গিলেস্পিই হতে পারেন পরবর্তী ইংল্যান্ড কোচ। শোনা যাচ্ছে গিলেস্পিরই সাবেক সতীর্থ জাস্টিন ল্যাঙ্গারের কথাও।
৪০ বছর বয়সী গিলেস্পিকে সবচেয়ে বড় দাবিদার ধরা হচ্ছে মূলত ইয়র্কশায়ারের কোচ হিসেবে গত তিন বছরে তাঁর দুর্দান্ত সাফল্যের কারণে। ২০১১ সালে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় বিভাগ থেকে দলটিকে তিনি শুধু প্রথম বিভাগেই টেনে তোলেননি, ২০১৪ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপও জিতিয়েছেন। কিছুদিন আগে সাউথ অস্ট্রেলিয়ার কোচ হওয়ার প্রস্তাবও পেয়েছিলেন গিলেস্পি। কিন্তু তাতে সাড়া না দিয়ে ইয়র্কশায়ারের কোচ হিসেবেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার। গুঞ্জনটা ডালপালা মেলেছে এ কারণেও। ইংল্যান্ডের কোচ হিসেবে তিনি দারুণ হবেন বলেই মনে করেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন, ‘সত্যি বলতে আমার তো তাকে খুবই পছন্দ। তার অধীনে ইয়র্কশায়ার যেভাবে পারফর্ম করেছে, তাদের একাডেমিটা যেভাবে গুছিয়ে উঠেছে, সেটা আসলেই দারুণ।’ জো রুট, গ্যারি ব্যালান্স ও টিম ব্রেসনানের মতো ইয়র্কশায়ার খেলোয়াড়েরা এখন ইংল্যান্ড দলের অবিচ্ছেদ্য অংশ। হুসেইনের চোখে এটিও গিলেস্পির বড় কৃতিত্ব, ‘দেখুন ইংল্যান্ড দলে এখন ইয়র্কশায়ার থেকে কত দারুণ সব খেলোয়াড় আসছে। এর অনেকটা কৃতিত্ব গিলেস্পিকেই দিতে হবে।’
যাঁকে নিয়ে নাসের হুসেইন এত উচ্ছ্বসিত সেই গিলেস্পি অবশ্য এখনই এ নিয়ে খুব বেশি কিছু বলতে চান না। তবে ইংল্যান্ডের কোচ হতে যে তাঁর আপত্তি নেই সেটা বুঝিয়ে দিয়েছেন অল্প কথাতেই, ‘যদি সুযোগ আসে সেটা নিয়ে তো ভাববই। আমার নাম উঠে আসাটা খুবই তৃপ্তিদায়ক। তবে এখনো আমার হাতে একটা কাজ আছে এবং সেটাই করছি।’
এদিকে যখন মুরসের উত্তরসূরি খোঁজার চেষ্টা চলছে, মুরসকে বরখাস্ত করার প্রক্রিয়াটা নিয়েও সমালোচনায় মুখর হয়েছেন অনেক সাবেক ইংলিশ ক্রিকেটার। মুরসকে বরখাস্ত করার আগেই সংবাদমাধ্যমে খবরটা চাউর হওয়ার সমালোচনা করে সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন বলেছেন, ‘তাকে বরখাস্ত করতে গিয়ে যে প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে, সেটা অসম্মানজনক। এটা কিন্তু প্রথমবার হলো না। ওয়ানডে অধিনায়কের পদ থেকে অ্যালিস্টার কুককে সরিয়ে দেওয়ার সময়ও আগেই সংবাদমাধ্যম জেনেছে, অথচ কুক কিছুই জানত না।’ আরেক সাবেক অধিনায়ক অ্যালেক স্টুয়ার্ট বলেছেন, ‘এই প্রক্রিয়াটা ইসিবির জন্য লজ্জাজনক।’ ছাঁটাইটা আরও ‘সম্মানজনক’ হতে পারত বলে মনে করেন সাবেক ইংলিশ অলরাউন্ডার অ্যান্ডু ফ্লিনটফও। এএফপি, রয়টার্স।