মুরালি এমন খরুচে, ওয়ার্ন এমন বিধ্বংসী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিজ শেষে প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে রইলেন ওয়ার্ন। ছবি: রয়টার্স
সিরিজ শেষে প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে রইলেন ওয়ার্ন। ছবি: রয়টার্স

যখন ‘নিয়মিত’ ক্রিকেট খেলতেন, ব্যাটসম্যানদের কাছে ছিলেন মূর্তিমান আতঙ্ক। মুড়ি মুড়কির মতো উইকেট তো নিয়েছেনই, ‘কিপ্টে’ মুত্তিয়া মুরালিধরন ব্যাটসম্যানদের বঞ্চিত করেছেন একটু হাত খুলে রান নেওয়ার আনন্দ থেকেও। সেই মুরালি কিনা প্রতি উইকেটের জন্য খরচ করলেন ৯৯ রান!
পরিসংখ্যান বলছে, অল স্টারস ক্রিকেট সিরিজে মুরালিধরনের বোলিং গড় ৯৯! আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ১৩৪৭ উইকেট যাঁর, তিনিই কি না সিরিজে ৩ ম্যাচে ১২ ওভার বল করে পেয়েছেন মাত্র ১ উইকেট! সেই উইকেটটি পেতে শ্রীলঙ্কান অফ স্পিনারকে খসাতে হয়েছে ৯৯ রান! দুই দলের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি। অস্ত্র আর ট্রেনিং দুটোই দেখি জমা দিয়ে রেখেছেন মুরালি!
বোলিং গড়ের দিক দিয়ে ‘মুরালির চেয়ে একটু ভালো’ তালিকার পরের নাম দুটিও বিস্ময়কর—কার্টলি অ্যামব্রোস ও গ্লেন ম্যাকগ্রা! ওয়াকার পিচে অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে এক রানে সাত উইকেট নেওয়ার কীর্তি আছে যাঁর, সেই অ্যামব্রোস এই সিরিজে উইকেট নিয়েছেন ১টি, গড় ৮১! আর একই লাইন-লেংথে ক্রমাগত বল করে ব্যাটসম্যানদের বিরক্ত করার জন্য সুখ্যাত ম্যাকগ্রা এই সিরিজে হাত ঘোরাতে ঘোরাতে নিজেই সম্ভবত ‘বিরক্ত’ হয়েছেন। মাত্র ১টি উইকেটই পেয়েছেন, এর জন্য কি না খরচ করতে হলো ৭৫ রান!

তবে এখনো এতটুকু মরচে ধরেনি একজনের হাতের আঙুলে। এখনো আগের মতোই স্পিনের মায়াজালে ব্যাটসম্যানদের বেঁধে রাখতে জানেন। আগের মতোই কিপ্টে, আগের মতোই খুনে। তিনি সাকলায়েন মুশতাক। সিরিজে একটা ম্যাচই খেলেছেন। তাতে ৩ ওভার বল করে ২ উইকেট নিয়েছেন, মাত্র ১২ রান খরচ করে। সিরিজে বোলিং গড় আর ইকোনমি রেট—দুই হিসেবেই সবার সেরা এই সাবেক পাকিস্তানি স্পিনার।
বোলিং-এর এই পরিসংখ্যান দেখেই আশ্চর্য হওয়ার ক্ষমতার পুরোটুকু শেষ করে দেবেন না যেন। ব্যাটিং পরিসংখ্যানও যে নিয়ে আসছে চোখ কপালে তোলার হিসাব। যেহেতু টি-টোয়েন্টি ক্রিকেট, শুরুটা করা যাক স্ট্রাইক রেট দিয়ে। এই সিরিজে বল প্রতি সবচেয়ে বেশি রান তুলেছেন কে বলুন তো?
শেন ওয়ার্ন! তাঁর স্ট্রাইক রেট ৬০০! বীরেন্দর শেবাগই কেবল তিনে এসে ‘ঝামেলা’টি পাকিয়েছেন। না হলে দুই আর চারে আছেন যারা, তাঁদের নামটা শুনুন— গ্রায়েম সোয়ান (২৭৫) ও মুরালিধরন (২০০)। এবার চোখটা কপালে তুলতেই পারেন।
একটু ফাঁক-ফোকর আছে পরিসংখ্যানে। ওয়ার্নের এমন এভারেস্ট ছোঁয়া স্ট্রাইক রেট দেখে ভড়কে যাওয়ার আগে শুনে নিন, তিনি রানই করেছেন ৬। তৃতীয় ম্যাচে শেষ ওভারে শেবাগের বলে ছক্কা মেরে দলকে জিতিয়েছেন ওয়ার্ন। পুরো সিরিজে ব্যাট হাতে তাঁর অবদানই এতটুকু।
অবশ্য সিরিজের মূল উপজীব্যই ছিল ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া, ব্যাট-বলের লড়াই ছাপিয়ে এখানে সিরিজের নায়ক নস্টালজিয়া। যে সিরিজ দিয়ে গেছে নব্বই দশকের ক্রিকেট-উত্তেজনার ছোঁয়া, তাতে পরিসংখ্যান নিয়ে মাতামাতি করে কোন মুখপোড়া! এ তো ছিল শুধুই ক্রিকেটানন্দে ভেসে যাওয়ার উৎসব! তথ্যসূত্র: ক্রিকইনফো।