যেখানে মুরালি সবাইকে ছাপিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

সবচেয়ে কম টেস্টে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড ​জর্জ লোহম্যানের। দ্রুততম ২০০ উইকেট ক্ল্যারি গ্রিমেটের, ৩০০ ডেনিস লিলির। এরপর শুধুই মুত্তিয়া মুরালিধরন

.
.

১২০ বছরের পুরোনো রেকর্ড। সেটিই কিনা ভেঙে ফেলার ‘হুমকি’ দিচ্ছেন ইয়াসির শাহ! ১৩ টেস্টে পাকিস্তানি লেগ স্পিনারের এখন ৮৬ উইকেট। রেকর্ড হিসেবে গণ্য হবে না, তবে তথ্য হিসেবে তো অবশ্যই গুরুত্বপূর্ণ যে, ক্যারিয়ারের প্রথম ১৩ টেস্টে এত বেশি উইকেট নিতে পারেননি আর কোনো বোলার। যে রেকর্ডটিকে তুমুল আলোচনার বিষয় করে তুলেছেন ইয়াসির, সেটি সেই ঊনবিংশ শতাব্দীর। ইংল্যান্ডের পেসার জর্জ লোহম্যান নিজের ১৬তম টেস্টে পেয়েছিলেন শততম উইকেট। লোহম্যানের রেকর্ড ভেঙে দিতে পরের দুই টেস্টে ইয়াসিরের চাই ১৪ উইকেট। তিন টেস্টে তা পেলেও ছুঁয়ে ফেলবেন লোহম্যানকে। সেটি পারবেন কি পারবেন না, তা নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে সবচেয়ে কম টেস্টে উইকেটের মাইলফলক ছোঁয়ার রেকর্ডগুলো মনে করিয়ে দিচ্ছেন উৎপলশুভ্র

জর্জ লোহম্যান
জর্জ লোহম্যান

১০০
১৬ টেস্ট
জর্জ লোহম্যান
মাত্র ১৮ টেস্টের ক্যারিয়ার। তাতেই ১১২ উইকেট। সেটিও উইকেটপ্রতি মাত্র ১০.৭৫ রান খরচে। কমপক্ষে ২০০০ বল করাটাকে মানদণ্ড ধরে নিলে যা টেস্ট ক্রিকেটে কোনো বোলারের সেরা বোলিং গড়। ও হ্যাঁ, সেরা স্ট্রাইক রেটও (৩৪.১) লোহম্যানেরই। ১৮৮৬ সালে ২১ বছর বয়সে অভিষেক। প্রথম দুই টেস্টে উইকেট নিতে পেরেছিলেন মাত্র ১টি। তার মানে পরের ১৬ টেস্টে ১১১ উইকেট, মনে মনে হয়তো হিসাব করে ফেলেছেন এরই মধ্যে। মিডিয়াম পেসের চেয়ে একটু বেশি গতিতে বোলিং করতেন। তবে সেটিতে এমনই বৈচিত্র্য ছিল যে, ব্যাটসম্যানদের নাভিশ্বাস উঠে যেত। সবচেয়ে কম টেস্টে ১০০ উইকেটের মাইলফলক ছোঁয়ায় লোহম্যান ভেঙেছিলেন অস্ট্রেলিয়ার চার্লি টার্নারের রেকর্ড। ১৮৯৫ সালে ফেব্রুয়ারিতে টেস্ট ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট নিয়েছিলেন টার্নার, যাঁর ডাকনাম ছিল ‘দ্য টেরর’। ১৭তম টেস্টে টার্নারের ‘১০০’। যে রেকর্ড ১৩ মাস পরই ভেঙে দেন লোহম্যান। সবচেয়ে কম টেস্টে ৫০ উইকেট নেওয়ার রেকর্ডটা অবশ্য এখনো টার্নারেরই। সেটি মাত্র ৬ টেস্টে, যা নিতে লোহম্যানের লেগেছিল ১০ টেস্ট। লোহম্যান আবার পরের ৫০ উইকেট নিয়ে নেন ৬ টেস্টে, টার্নারের লাগে ১১ টেস্ট। লোহম্যানের ক্যারিয়ার দীর্ঘায়িত হয়নি মূলত অসুস্থতার কারণে। ১৮৯২ সালে যক্ষ্মায় আক্রান্ত হন। ইংল্যান্ডের তীব্র ঠান্ডা থেকে বাঁচতে প্রতি শীতে চলে যেতেন দক্ষিণ আফ্রিকায়। শেষে সেখানেই স্থায়ী হয়ে যান। ১৯০১ সালে ইংল্যান্ড সফরে আসেন দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার হয়েও। সে বছরই মাত্র ৩৬ বছর বয়সে চলে যান পৃথিবী থেকে। রেকর্ড বইয়ে অবশ্য এখনো অমর।

ক্ল্যারি গ্রিমেট
ক্ল্যারি গ্রিমেট

২০০
৩৬ টেস্ট
ক্ল্যারি গ্রিমেট
অস্ট্রেলিয়াকে দেওয়া নিউজিল্যান্ডের সেরা ক্রিকেট উপহার কী? উত্তরটা সন্দেহাতীতভাবে ক্ল্যারি গ্রিমেট। বেড়ে উঠেছেন ওয়েলিংটনে। ক্রিকেটার হিসেবে কোনো ভবিষ্যৎ দেখতে না পেয়ে পাড়ি জমান সিডনিতে। সেখানেও রাতারাতি কিছু হয়নি। সিডনি থেকে ভাগ্যান্বেষণে মেলবোর্নে। ক্লাব ক্রিকেট খেলেই যখন জীবন পার করে দিতে হবে বলে মনে হচ্ছিল, তখন অস্ট্রেলিয়ার পক্ষে টেস্ট অভিষেক। তত দিনে বয়স ৩৪ ছুঁই-ছুঁই। প্রথম টেস্টেই ১১ উইকেট। এরপর আর পিছু ফিরে তাকানো নয়। আর্থার মেইলির সঙ্গে তাঁর বিখ্যাত লেগ স্পিন জুটিতে জন্ম অস্ট্রেলিয়ান ক্রিকেটের এক রোমান্টিক আখ্যানের। ১০০ উইকেট পেতে খেলতে হয়েছিল ১৭ টেস্ট। ২৮তম টেস্টে ১৫০, সেখান থেকে টেস্ট ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক ছুঁতে লাগল মাত্র ৮ টেস্ট! ওই মাইলফলক ছোঁয়ার সময় গ্রিমেট ফর্মের তুঙ্গে। দক্ষিণ আফ্রিকায় ওই ১৯৩৫–৩৬ সিরিজে ব্যাটসম্যানরা হাবুডুবু খাচ্ছেন তাঁর লেগ ব্রেক আর ফ্লিপারে। সিডনি বার্নসের ১৮৯ উইকেট টপকে গিয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড নিজের করে নিয়েছেন। ৫ টেস্টের ওই সিরিজে উইকেট ৪৪টি। অথচ সেটিই হয়ে রইল গ্রিমেটের শেষ সিরিজ! ফিটনেসের কোনো সমস্যা ছিল না, বলের ধারও বিন্দুমাত্র কমেনি। তারপরও কেন বাদ পড়লেন, এখনো তা রহস্য হয়েই আছে। অধিনায়ক স্যার ডন ব্র্যাডম্যানকেই আমৃত্যু দায়ী করে গেছেন গ্রিমেট।

ডেনিস লিলি
ডেনিস লিলি

৩০০
৫৬ টেস্ট
ডেনিস লিলি
দুই টেস্ট বেশি লাগায় ক্ল্যারি গ্রিমেটের সবচেয়ে কম টেস্ট খেলে ২০০ উইকেট নেওয়ার রেকর্ডটি ভাঙতে পারেননি। তবে গ্রিমেট ২১৬ উইকেটেই থেমে যাওয়ায় ডেনিস লিলি অনায়াসেই মালিক হয়ে যান পরের দুটি রেকর্ডের। সবচেয়ে কম টেস্ট খেলে ২৫০ উইকেট অস্ট্রেলীয় ফাস্ট বোলারের, সবচেয়ে কম টেস্টে ৩০০ উইকেটও। টেস্টে প্রথম ৩০০ উইকেট নেওয়ার কীর্তি ইংল্যান্ডের ফ্রেড ট্রুম্যানের। লিলি থ্রি হানড্রেড ক্লাবে ঢোকার আগেই ওয়েস্ট ইন্ডিয়ান অফ স্পিনার ল্যান্স গিবস ভেঙে দিয়েছেন সেই রেকর্ড। গিবসের ৩০৯ উইকেটের রেকর্ড ভেঙে সেটিকে ৩৫৫-তে নিয়ে যাওয়ার পর খেলা ছাড়েন লিলি। মাঝখানে ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি হয়ে দাঁড়ানো পিঠের চোট মাঠের বাইরে সরিয়ে না রাখলে উইকেটসংখ্যাটা নিশ্চিতভাবেই আরও বাড়ত। ১৯৮৪ সালে লিলি অবসর নেওয়ার পরও বছর আড়াইয়ের মতো টিকে ছিল তাঁর রেকর্ড। সবচেয়ে কম টেস্টে ৩০০ উইকেট নেওয়ার রেকর্ডটি হয়তো টিকে থাকবে আরও অনেক দিনই। এই রেকর্ড ভাঙার সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন মুত্তিয়া মুরালিধরন। ৩০০ উইকেট পেতে যাঁকে লিলির চেয়ে ২টি টেস্ট বেশি খেলতে হয়েছে।

মুত্তিয়া মুরালিধরন
মুত্তিয়া মুরালিধরন

৪০০
৭২ টেস্ট
৫০০
৮৭ টেস্ট
৬০০
১০১ টেস্ট
৭০০
১১৩ টেস্ট
৮০০
১৩৩ টেস্ট
মুত্তিয়া মুরালিধরন
টেস্টে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডটি নিয়ে কিছুদিন শেন ওয়ার্নের সঙ্গে মিউজিক্যাল চেয়ারের খেলা চলেছিল। ২০০৪ সালজুড়ে চলেছে এই খেলা। কোর্টনি ওয়ালশের ৫১৯ উইকেটের রেকর্ড ভেঙেছিলেন মুরালিধরন, মুরালির রেকর্ড আবার ভেঙে দেন ওয়ার্ন। মুরালি আবারও তা ফিরে পাওয়ার পর মাস দুয়েকই ধরে রাখতে পেরেছিলেন। শেন ওয়ার্ন আবারও তা কেড়ে নিয়ে অবসর নেওয়ার আগ পর্যন্ত নিজের অধিকারেই রাখেন বোলিংয়ের সবচেয়ে গৌরবের রেকর্ডটা। টেস্টে প্রথম ৬০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন, ৭০০ উইকেটও ওয়ার্নেরই প্রথম। অবসরও নেন টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের (৭০৮) রেকর্ডটি সঙ্গে নিয়েই। মুরালির তখন ৬৭৪ উইকেট। ওয়ার্ন চলে যাওয়ার পর তো মুরালির জন্য খালি মাঠ। ওয়ার্নের রেকর্ড ভেঙে এগিয়ে গেলেন আরও বহুদূর। শেষ পর্যন্ত থামলেন গিয়ে ঠিক ‘৮০০’-তে! ক্রিকেটীয় রূপকথা বলে যদি কিছু থাকে, সেটি জীবনের শেষ টেস্টে ম্যাচের শেষ উইকেটটি নিয়ে মুরালির ‘৮০০’ করে ফেলা। মাইলফলক ছোঁয়ার তুলনায় যদি যাই, ওয়ার্নের চেয়ে এক টেস্ট কম খেলে ৫০ উইকেট পেয়েছিলেন মুরালি। ১০০ উইকেট পাওয়ার ক্ষেত্রে ওয়ার্ন আবার চার টেস্টে জয়ী। ২০০ উইকেট পেতে দুজনকেই খেলতে হয়েছে ৪২ টেস্ট। এর পর থেকে মুরালির জয়জয়কার। সেটি শুধু ওয়ার্নের বিপক্ষেই নয়, ৫০ উইকেট ধরে ধরে হিসাব করলে শ্রীলঙ্কান অফ স্পিনার ৩৫০ থেকে ৮০০ পর্যন্ত সব কটি মাইলফলকই ছুঁয়েছেন সবচেয়ে কম টেস্ট খেলে।

৮০০ উইকেটের কথাটা বলা অবশ্য একটু বাহুল্য বলেই বিবেচিত হতে পারে, আর কেউ যে তা পানইনি!