মুরালি-হরভজনদের ক্লাবে লায়নও

দিনটা কুশল মেন্ডিসেরই ছিল। কত কত রেকর্ডে নাম লিখিয়েছেন এই তরুণ লঙ্কান ব্যাটসম্যান। তবে এরই মধ্যে যেন অলক্ষ্যে এমন একটা ক্লাবে ঢুকে গেলেন নাথান লায়ন, এ নিয়ে গর্ব তিনি করতেই পারেন। টেস্ট ইতিহাসে ২০০ উইকেটের মাইলফলক পেরিয়েছিলেন মাত্র পাঁচজন অফ স্পিনার। সেই তালিকাটা আধ ডজন করে ফেললেন লায়ন। ছয়জন সংখ্যাটা এমনিতেই কম। লায়ন আরও গর্ব করতে পারেন। প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে এমন কীর্তি হলো শুধুই তাঁর।
৫৫ টেস্টে ঠিক ২০০ উইকেট পেয়েছেন লায়ন। আর এই টেস্টে তাঁর ৫ উইকেট নিয়ে গেছে সেই তালিকায়। যে তালিকায় মুত্তিয়া মুরালিধরন বাকি সবাইকেই ছাড়িয়ে এভারেস্ট চূড়ায় বসে আছেন ৮০০ উইকেট নিয়ে। হরভজন সিংয়ের আছে ৪১৭ টেস্ট উইকেট। টেস্ট ইতিহাসে আর কোনো অফ স্পিনারের ৪০০ উইকেট নেওয়ার কীর্তি নেই। ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ল্যান্স গিবস সেই সত্তরের দশকে যে কীর্তিটা ৩০০ উইকেটের মাইলফলকে নিয়ে গিয়েছিলেন। গিবস থেমেছিলেন ৩০৯ টেস্ট উইকেটে।
মুরালি-হরভজন তাঁকে পেরিয়ে গেলেও ২৪৪ উইকেটে আগে গেছেন ইংল্যান্ডের গ্রায়েম সোয়ান। সাকলায়েন মুশতাকও থেমেছেন ২০৮টি টেস্ট উইকেটে ঝুলিতে পুরে। লায়ন আরও এগিয়ে যাবেন সন্দেহ নেই। ২৮ বছর বয়স বলছে, ফর্মটা ধরে রাখতে পারলে অন্তত গিবসকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন তিনি দেখতেই পারেন। তাঁর আগে অস্ট্রেলীয় অফ স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট ছিল হিউ ট্রাম্বলের, ১৪১টি।
লায়নের ২০০ উইকেট ছোঁয়ার ম্যাচে অবশ্য এখন চাপে আছে তাঁর দল। জয়ের জন্য ২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩ রান তুলতেই হারিয়ে ফেলেছে দুই উইকেট।