মুলতান! মনে পড়ে বাংলাদেশ?

>মাত্র ১ উইকেটের কারণে টেস্টটা জিততে পারল না অস্ট্রেলিয়া। জিতেই যাওয়া টেস্টটা হেরে গেল বেন স্টোকসের বীরত্বের কারণে। টেস্টে এর আগে ১ উইকেট জয়-পরাজয় নির্ধারিত হয়েছে মাত্র ১৩ বার। বাংলাদেশও আছে এই তালিকায়
২০০৩ সালের ৬ সেপ্টেম্বর ছিল শনিবার। রৌদ্রকরোজ্জ্বল দিনটি শুরু হয়েছিল বিশাল এক উত্সবের অপেক্ষায়। কিন্তু দিনের অর্ধেক সময় পেরোতে না পেরোতেই সেই উত্সবের অপেক্ষা পরিণত হয়েছিল আশাভঙ্গের নিদারুণ এক যন্ত্রণায়। বাংলাদেশের ক্রিকেট সেদিন নীল হয়েছিল তীরে এসে তরি ডোবার বেদনায়। পাকিস্তানের বিপক্ষে মুলতানের মাটিতে প্রথম টেস্ট জয়ের উন্মাতাল আনন্দ থেকে বঞ্চিত হয়েছিল বাংলাদেশ।
ইনজামাম-উল হক নামের এক অসাধারণ ব্যাটসম্যান সেদিন বাংলাদেশের গ্রাস থেকে কেড়ে নিয়েছিলেন নিশ্চিত এক জয়। টেস্ট মর্যাদা পাওয়ার আড়াই বছরের মাথায় পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের সম্ভাবনায় উত্সব-প্রস্তুতি সেদিন বাংলাদেশের জন্য বিষণ্ন কান্নায় পরিণত হয়েছিল। মুলতানের এই পরাজয়ের দেড় বছরের মাথায় ২০০৫ সালের জানুয়ারিতে জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাদেশের ক্রিকেট পেয়েছিল প্রথম টেস্ট জয়ের স্বাদ। কিন্তু মুলতানের ওই পরাজয় এ দেশের ক্রিকেটের শরীরে যে চিরস্থায়ী ক্ষতচিহ্ন এঁকে দিয়েছিল, তার দাগ বয়ে বেড়াতে হবে বহুকাল।
টসে জিতে মুলতান টেস্টে প্রথমে ব্যাট করেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে দলগত পারফরম্যান্সের মিশেলে বাংলাদেশ স্কোরবোর্ডে তোলে ২৮১ রান। হাবিবুল বাশারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭২ রান। জাভেদ ওমর করেছিলেন ৩৮, আর রাজিন সালেহ ৪৯ রান করে রান আউট হয়েছিলেন। এই তিনটি মাঝারি ইনিংসের বাইরে আরও বেশ কটি ছোট ইনিংসে বাংলাদেশ মোটামুটি লড়াকু একটা স্কোর দাঁড় করায়। খেলা জমে যায় পাকিস্তানের প্রথম ইনিংসেই। মোহাম্মদ রফিকের অসাধারণ বোলিংয়ে পাকিস্তান অল আউট হয়ে যায় ১৭৫ রানে। রফিকের ৫ উইকেটের পাশাপাশি অধিনায়ক খালেদ মাহমুদ ৩৭ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে এনে দিয়েছিলেন শতাধিক রানের লিড।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থ হয়েছিল। মাত্র ১৫৪ রানেই শেষ হয়েছিল বাংলাদেশের ইনিংস। তবে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ছিল শ্রীলঙ্কান আম্পায়ার অশোকা ডি সিলভার বাজে আম্পায়ারিংয়ে কলঙ্কিত। তিনি অলক কাপালিকে ব্যক্তিগত ২২ রানে কট বিহাইন্ড ঘোষণা করেছিলেন। অথচ পাকিস্তানের পক্ষে অভিষিক্ত পেসার ইয়াসির আলীর বল কাপালির ব্যাট ছুঁয়ে পড়েছিল উইকেটরক্ষক রশিদ লতিফের সামনে। লতিফ প্রতারণা করে বলটি মাটি থেকে তুলে আউটের আপিল করেছিলেন। লতিফের এই প্রতারণা সেদিন টেলিভিশনের মাধ্যমে একরাশ লজ্জা নিয়ে অবলোকন করেছিল লক্ষ-কোটি মানুষ।
অলক কাপালির বিরুদ্ধে অশোকার ওই সিদ্ধান্তটি শেষ পর্যন্ত মুলতান টেস্টের জয়-পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছিল। দারুণ ব্যাট করতে থাকা কাপালি ওই সময় ২২ রানে আউট না হলে হয়তো বাংলাদেশের সংগ্রহ আরও বাড়তে পারত। পাকিস্তানের সামনেও বাংলাদেশ ছুড়ে দিতে পারত আরও বড় লক্ষ্য।
জয়ের জন্য ২৬০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুটা ভালোই করে। সালমান বাট ও মোহাম্মদ হাফিজের ৪৫ রানের উদ্বোধনী জুটির পর প্রথম আঘাত হানেন বাংলাদেশের বাঁহাতি পেসার মঞ্জুরুল ইসলাম। মঞ্জুর বলে ব্যক্তিগত ৩৭ রানে অতিরিক্ত ফিল্ডার মাশরাফি বিন মুর্তজার হাতে ধরা পড়েন বাট। মোহাম্মদ হাফিজও ১৮ রান করে মঞ্জুরুলের বলেই মাশরাফির হাতে ধরা পড়েন। ইয়াসির হামিদ ফেরেন খালেদ মাহমুদের বলে।
ঠিক এই সময় ব্যাট করতে মাঠে নামেন ইনজামাম-উল হক। ইনজামাম তখন একেবারেই ফর্মের বাইরে। পুরো সিরিজেই তাঁর ব্যাট বাংলাদেশের জন্য কোনোমতেই হুমকি হয়ে দেখা দেয়নি। তিনি উইকেটে এসে শুরু করলেন ইনিংস মেরামত। ৭৮ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর ২৬০ কে তখন অনেক দূরের বিষয় মনে হচ্ছে পাকিস্তানের। আর মুলতানসহ গোটা বাংলাদেশ তখন এক অনন্য অঘটনের জন্য অধীর আগ্রহে অপেক্ষায়। বাংলাদেশের মানুষের প্রত্যাশার পারদ আরও ওপরে তুলে শূন্য রানে ফিরে যান ইউনুস খান। পাকিস্তানের সংগ্রহ তখন ৮১।
ইনজামামের সঙ্গে ভুল-বোঝাবুঝিতে ইউনুস পড়েন রান আউটের খড়্গে। দলীয় ৯৯ রানে ফারহান আদিলকে ফিরিয়ে দেন মোহাম্মদ রফিক, হাবিবুল বাশারের ক্যাচে। ব্যাট করতে নামেন অধিনায়ক রশিদ লতিফ। কিন্তু বাংলাদেশের অধিনায়ক খালেদ মাহমুদের বলে রশিদ লতিফ এলবিডব্লুর ফাঁদে পড়েন ব্যক্তিগত ৫ রানে। ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে পাকিস্তান তখন গাড্ডায়। অতি আশ্চর্যকর কিছু না ঘটলে মুলতান টেস্ট তখন বাংলাদেশের হাতের মুঠোয়। পাকিস্তানের পরাজয়ের শঙ্কা, আর বাংলাদেশের উত্সবের অপেক্ষা নিয়ে শেষ হয় টেস্টের তৃতীয় দিন।
জয়ের জন্য প্রয়োজন ১২৮ রান, হাতে ৪ উইকেট। একই সঙ্গে আছে গোটা দুটি দিন। এমন একটা সমীকরণ মাথায় রেখে চতুর্থ দিনের খেলা শুরু করে পাকিস্তান। উইকেটে তখন স্বীকৃত ব্যাটসম্যান বলতে ইনজামামই। ইনজামাম ধীরলয়ে শুরু করলেন খোলস পাল্টানো। অসাধারণ সব শটে পাল্টা লড়াইটা চালিয়ে গেলেন। সাকলাইন, সাব্বির আহমেদ, ইয়াসির আলী ও উমর গুলের মতো টেল-এন্ডারদের আড়াল করে নিজের অভিজ্ঞতার সর্বোচ্চটা দিয়ে তখন বাংলাদেশের বোলারদের বিপক্ষে লড়ছেন ইনজামাম।
বাংলাদেশের বোলারদের লক্ষ্য তখন বাকি চার ব্যাটসম্যান। চতুর্থ দিনের শুরুতেই ব্যক্তিগত ১১ রানে আউট হয়ে গেলেন সাকলাইন মুশতাক। খালেদ মাহমুদের বলে উইকেটরক্ষক খালেদ মাসুদের হাতে ধরা পড়েন তিনি। উইকেটে এসে সাব্বির আহমেদ কিছুক্ষণ সঙ্গ দেন ইনজামামকে। তিনিও যথাসাধ্য চেষ্টা করে ব্যক্তিগত ১৩ রানে ফিরে যান। পাকিস্তানের ৮ উইকেটের পতন। জয় থেকে বাংলাদেশ মাত্র ২ উইকেট দূরে! জয় থেকে পাকিস্তান তখনো ৫৫ রান দূরে, প্রতিটা রানকেই মনে হচ্ছে একেক মাইলের পথ।
এবার উমর গুল কম্পমান হস্তে এসে হাল ধরেন পাকিস্তানের স্বপ্নের। এদিকে, টেলিভিশনের সামনে গোটা বাংলাদেশ তখন অধীর অপেক্ষায়। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তখন অনেকেই শুরু করে দিয়েছে উত্সবের প্রস্তুতি। মুলতানের মাঠেও তখন বাংলাদেশের জয় ভিন্ন অন্য কিছু ভাবার মতো লোকের সংখ্যা খুব বেশি নেই। কিন্তু ক্রিজে ইনজামাম তখন ভাবছেন অন্য কিছু। ভাবছেন জীবনের সেরা ইনিংসটি খেলার। টেল-এন্ডারদের লক্ষ্য বানালেও ইনজামাম তখন অতিক্রম করে ফেলেছেন পঞ্চাশ।
ঠিক এমন একটি সময়ে মুলতানে মঞ্চস্থ হয় আরও এক নাটক। বল হাতে ওই মুহূর্তে তখন মোহাম্মদ রফিক। একটি দ্রুত রান নিতে গিয়ে ক্রিজ ছেড়ে অনেক দূর বেরিয়ে গিয়েছিলেন উমর গুল। রফিক চাইলেই বল স্টাম্পে লাগিয়ে আউট করে দিতে পারতেন গুলকে। পাকিস্তান হারাত নবম উইকেট। যে টেস্টে রশিদ লতিফ ক্রিকেটীয় চৌর্যবৃত্তির লজ্জাজনক এক উদাহরণ জন্ম দিয়েছেন, সেই টেস্টেই রফিক জন্ম দিলেন উদারতার! গুলকে আউট না করে কেবল সতর্ক করে ফিরে আসতে বললেন ক্রিজে!
নতুন জীবন পেয়ে গুল ইনজামামকে দিলেন দারুণ সঙ্গ। খেললেন ৯৯টি বল। মাত্র ৫ রান করলেও গুলের ওই ইনিংসটি ঠিক ওই মুহূর্তে দারুণ গুরুত্বপূর্ণ বিবেচিত হয়েছিল। সেই গুল যখন রান আউট হন, তখন পাকিস্তান জয় থেকে মাত্র ৩ রান দূরে।
শেষ পর্যন্ত ইনজামাম পুল করে বল বাউন্ডারির বাইরে আছড়ে ফেলে বাংলাদেশের হাত থেকে কেড়ে নেন জয়। স্থিতধী ইনজামাম তাঁর জীবনের সেরা ইনিংসটি খেলে যখন ভাবলেশহীন মুখে প্যাভিলিয়নে ফিরছেন, তখন পাকিস্তানি সমর্থকেরা আনন্দের আতিশয্যে উদ্বেল। গ্যালারি থেকে তখন ইনজামামের প্রতি বর্ষিত হচ্ছে ফুলেল শুভেচ্ছা। নিশ্চিত জয় হাতছাড়া করে বাংলাদেশ দল তখন হতবিহ্বল। অশ্রুসিক্ত। টেলিভিশনের সামনে গোটা বাংলাদেশ তখন স্তব্ধ, বিষণ্ন। ফুঁপিয়ে কাঁদছে তখন গোটা বাংলাদেশ। ২০০৩ সালের ৬ সেপ্টেম্বরের মতো অমন বিষণ্ন দুপুর খুব বেশি দেখেনি বাংলাদেশের মানুষ।
কাল স্টোকসের ইনিংসটা মনে করিয়ে দিল ইনজামামের ইনিংসটি। আর অস্ট্রেলিয়া যেন ১৬ বছর আগের সেই বাংলাদেশ!
টেস্টে ১ উইকেটের জয়-পরাজয়
জয়ী | প্রতিপক্ষ | ভেন্যু | সাল |
ইংল্যান্ড | অস্ট্রেলিয়া | ওভাল | ১৯০২ |
ইংল্যান্ড | অস্ট্রেলিয়া | মেলবোর্ন | ১৯০৪ |
দ. আফ্রিকা | ইংল্যান্ড | জো.বার্গ | ১৯০৬ |
ইংল্যান্ড | দ. আফ্রিকা | কেপ টাউন | ১৯২৩ |
অস্ট্রেলিয়া | উইন্ডিজ | মেলবোর্ন | ১৯৫১ |
নিউজিল্যান্ড | উইন্ডিজ | ডানেডিন | ১৯৮০ |
পাকিস্তান | অস্ট্রেলিয়া | করাচি | ১৯৯৪ |
উইন্ডিজ | অস্ট্রেলিয়া | বারবাডোজ | ১৯৯৯ |
উইন্ডিজ | পাকিস্তান | অ্যান্টিগা | ২০০০ |
পাকিস্তান | বাংলাদেশ | মুলতান | ২০০৩ |
শ্রীলঙ্কা | দ. আফ্রিকা | কলম্বো | ২০০৬ |
ভারত | অস্ট্রেলিয়া | মোহালি | ২০১০ |
শ্রীলঙ্কা | দ. আফ্রিকা | ডারবান | ২০১৯ |
ইংল্যান্ড | অস্ট্রেলিয়া | হেডিংলি | ২০১৯ |