মুলতানের কান্না মুছবে এবার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছেন অধিনায়ক মাহমুদ। ফাইল ছবি
কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছেন অধিনায়ক মাহমুদ। ফাইল ছবি

ছবিটা ভোলা যায়নি। ছবিটা ভোলা যায় না। সামনের দিনগুলোতে বাংলাদেশের স্মৃতির ফ্রেমে অনেক হাসির ছবি ঠাঁই পাবে। কিন্তু তার পরও থেকে যাবে সেই ছবিটা: মাঠ ছেড়ে বেরিয়ে আসছেন তিনি। মাথায় পানামা হ্যাট। হ্যাটে তাঁর প্রিয় সানগ্লাস। চোখ বেয়ে অঝোরে নামছে জল। রুমাল দিয়ে সেই জল মোছার বৃথা চেষ্টা করছেন খালেদ মাহমুদ!
বহু আরাধ্যের টেস্ট জয়ের স্বাদ বাংলাদেশ দল প্রথম পেয়েছিল ২০০৫ সালের জানুয়ারিতে, জিম্বাবুয়ের বিপক্ষে। এর আগের ৩৪ টেস্টে অর্জন বলতে ছিল তিনটি ড্র। বিপরীতে ৩১টি পরাজয়!
অথচ বাংলাদেশ দল জিততে পারত ২০০৩ সালেই। একদম মুঠো থেকে বের হয়ে গিয়েছিল সেই জয়। মুলতানের সুলতান ইনজামাম-উল হক নিজের মাঠে সেদিন অতিমানবীয় এক ইনিংস খেলেছিলেন। চারে নেমে ১৩৮ রানে অপরাজিত ছিলেন। ২৬১ রানের লক্ষ্যে চতুর্থ ইনিংসে ব্যাট করছিল পাকিস্তান। ১৬৪ রানে পড়ে গিয়েছিল ৭ উইকেট। জয় থেকে পাকিস্তান তখনো ৯৮ রানের বিশাল দূরত্বে। বাংলাদেশের চাই মাত্র তিন উইকেট।
প্রথমে সাব্বির আহমেদকে নিয়ে অষ্টম উইকেটে ৪১ রানের জুটি গড়লেন ইনজামাম। এর পর নবম উইকেটে উমর গুলের সঙ্গে ৫২ রানের জুটি। অথচ গুল আউট হতে পারতেন আগেই। মোহাম্মদ রফিকের একটি ওভারে নন স্ট্রাইকিং প্রান্তে থাকা গুল বল ডেলিভারির আগেই ক্রিজ থেকে বের হয়ে গিয়েছিলেন। রফিক চাইলে স্টাম্পে লাগিয়ে গুলকে আউট করতে পারতেন। ক্রিজ ছেড়ে বেরিয়ে আসা নন স্ট্রাইকারকে এভাবে আউট করাকে বলা হয় মানকাডিং। স্টাম্পে বল লাগাতে গিয়েও রফিক শেষ পর্যন্ত লাগাননি। ক্রিকেটীয় সৌজন্য বোধ থেকে। সুযোগ পেয়েও এভাবে আউট না করার নজির ইতিহাসে এর আগে ছিল একটিই।
যে ম্যাচে রফিক এই সৌজন্য বোধ দেখিয়েছেন, সেই ম্যাচেই ক্রিকেটীয় ধূর্ততার, প্রতারণার নজির দেখিয়েছিলেন রশিদ লতিফ। পাকিস্তা​নি উইকেটরক্ষক মাটি থেকে বল কুড়িয়েও জোরালো আবেদন করেছিলেন। অলক কাপালিকে আউট দিয়ে দিয়েছিলেন আম্পায়ার। অলক তখন ২২ রানে ব্যাট করছিলেন, উইকেটে থিতু। এভাবে আউট না হলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসটা আরও বড় হতেই পারত। আরও বড় লিডও পেত বাংলাদেশ।
এমনই বহু ঘটনার সাক্ষী হয়ে থাকা সেই ম্যাচটায় শেষ পর্যন্ত ১ উইকেটে হেরে গিয়েছিল বাংলাদেশ। অসাধারণ বোলিং করেছিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদ। গতি তাঁর অস্ত্র নয়। কিন্তু দুর্দান্ত সুইংয়ে দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে তুলে নিয়েছিলেন ৩ উইকেট। প্রথম ইনিংসে তাঁর ৩৭ রানে ৪ উইকেটের সুবাদেই ১০৬ রানের বড় লিড পেয়েছিল বাংলাদেশ।
তবুও হয়নি। আর শেষ পর্যন্ত একটুর জন্য না-পারার যন্ত্রণা নিয়ে, আবেগে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন মাহমুদ। চোখমুখ অন্ধকার ছিল বাকি সবার।
পাকিস্তান আবারও কাঁদিয়েছিল বাংলাদেশকে। ২০১২ এশিয়া কাপের ফাইনালে। সেই কান্না হাসিতে রূপান্তরিত করেছে বাংলাদেশ। তবুও সব হিসাব শেষ হয়ে যায়নি। এখনো মুলতানের যন্ত্রণা কাঁটার মতো বিঁধে আছে বাংলাদেশের বুকে। এবার কি সেই কান্না মুছে দেওয়ার পালা?

এশিয়া কাপের কান্না মুছে হাসির জোয়ারে বাংলাদেশ। ফাইল ছবি
এশিয়া কাপের কান্না মুছে হাসির জোয়ারে বাংলাদেশ। ফাইল ছবি

অনেকেই বলেন, ১০ বছর আগে মুলতানের ওই টেস্টটি জিতে গেলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাস অন্যভাবে লেখা হতো। আমাদের ক্রিকেট ওই জয়টিকে কেন্দ্র করে এগিয়ে যেতে পারত আরও অনেক দূর। একেবারে নিশ্চিত এক জয় সেদিন বাংলাদেশের হাত থেকে বেরিয়ে যাওয়া সদ্যভূমিষ্ঠ এক শিশুর জন্য কেবল বড় আঘাত হয়েই আসেনি, বাংলাদেশের ক্রিকেটকেও পিছিয়ে দিয়েছিল বেশ কিছুটা পথ। মুলতানের এই পরাজয়ের দেড় বছরের মাথায় বাংলাদেশ পেয়েছিল প্রথম টেস্ট জয়ের স্বাদ। কিন্তু মুলতানের ওই পরাজয় এ দেশের ক্রিকেটের শরীরে যে চিরস্থায়ী ক্ষতচিহ্ন এঁকে দিয়েছিল, সে ক্ষতচিহ্নের ব্যথা কিন্তু বাংলাদেশ বয়ে নিয়ে বেড়াচ্ছে, গত এক যুগ ধরেই।
খুলনার শেষ আবু নাসের স্টেডিয়ামেই সেই মুলতান ট্র্যাজেডির ইতি ঘটুক না!