মুশতাকও প্রশংসায় ভেজালেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার সময় তাঁর ক্যারিয়ারে গোধূলিলগ্ন। সাদাপোশাকে তাই কখনো বাংলাদেশের বিপক্ষে খেলা হয়নি মুশতাক আহমেদের। ওয়ানডে খেললেও সংখ্যাটা মাত্র এক। ১৯৯৮ ইনডিপেনডেন্স কাপের সেই ম্যাচে বাংলাদেশ দাঁড়াতেই পারেনি পাকিস্তানের সামনে। বল হাতে যথেষ্ট ভুগিয়েছেন মুশতাকও।
সেই বাংলাদেশই এবার এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানের বিপক্ষে সিরিজ পকেটে পুরেছে। চোখ রাঙানি দিচ্ছে হোয়াইটওয়াশও। যা দেখে মুশতাকও মানছেন, তাঁর দেখা সেই বাংলাদেশ আর এই বাংলাদেশের অনেক পার্থক্য। অনেকের মতো তাই বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ সাবেক এই স্পিনারও।
প্রায় ১৭ বছর আগে ঢাকায় খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে। এবার এসেছেন পাকিস্তানের স্পিন কোচ হিসেবে। সময়ের স্রোতে পাকিস্তান দলে তাঁর ভূমিকা বদলেছে। বাংলাদেশকেও দেখছেন ভিন্ন চেহারায়। মিরপুরে কাল সংবাদ সম্মেলনে সেটিই বললেন, ‘অবশ্যই অনেক বদলেছে বাংলাদেশ। শুধু আমি নই, আমরা সবাই বাংলাদেশকে কৃতিত্ব দিতে চাই। যদি ভুল না করে থাকি, ওরা নিউজিল্যান্ডকে নিজেদের মাঠে ৪-০ ব্যবধানে সিরিজ হারিয়েছে। সুতরাং মানতেই হবে, ওরা এখন খুব ভালো দল।’
ইনডিপেনডেন্স কাপের ওই মাচে ৮ ওভারে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন মুশতাক। দলের সবচেয়ে মিতব্যয়ী বোলারও ছিলেন সে ম্যাচে। দুই স্পিন সঙ্গী সাকলায়েন মুশতাক ও শহীদ আফ্রিদি মিলে ধসিয়ে দিয়েছিলেন বাংলাদেশকে। অথচ এবার পাকিস্তানি স্পিনারদের খুব স্বছন্দেই খেলছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। আজহার আলী, সাদ নাসিমরা দুই ম্যাচে কোনো উইকেটই পাননি, রান বিলিয়েছেন বন্যার পানির মতো। এমনকি সময়ের সেরা স্পিনারদের একজন সাঈদ আজমলও কিনা ম্যাচ দুটি পার করেছেন দুঃস্বপ্নের মতো!
প্রথম ম্যাচে ১০ ওভারে ৭৪ রানে উইকেটশূন্য। ওয়ানডেতে এটিই আজমলের সবচেয়ে বাজে বোলিং। দ্বিতীয় ম্যাচে ৯.১ ওভারে ৪৯ রানে উইকেট মাত্র একটি। এমন দুঃসময়ে আজমলকে একটু ছায়াই দিতে চাইলেন মুশতাক। উত্তরসূরির বদলে যাওয়া বোলিং অ্যাকশনকে ব্যর্থতার একটা কারণ হিসেবে দেখালেন। তবে সামগ্রিকভাবে বাংলাদেশি ব্যাটসম্যানদের কৃতিত্বই বড় করে দেখছেন, ‘স্বীকার করতেই হবে, বাংলাদেশের ব্যাটসম্যানরা এখন স্পিন অনেক ভালো খেলে।’
স্বাগতিক দল ভালো খেলছে, কিন্তু তাই বলে দুই ম্যাচ হেরে হাল ছেড়ে দিতে রাজি নন মুশতাক। বরং তৃতীয় ম্যাচটা জিতে হোয়াইটওয়াশ এড়াতে আত্মবিশ্বাসী তিনি, ‘আমাদের বিশ্বাস রাখতে হবে, আমরা ঘুরে দাঁড়াতে পারব। আমাদের সেই বিশ্বাস আছে। হ্যাঁ, আমাদের দলটা তরুণ, অনেক নতুন খেলোয়াড়। কিন্তু আমি মনে করি একটা ভালো ইনিংস কিংবা একটা খুব ভালো স্পেল সবকিছু বদলে দিতে পারে। সুতরাং আমরা খুবই ইতিবাচক এবং কাল (আজ) প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটই খেলব।’